গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
গাভি নেই, দুধ নেই, আয়ও নেই। অথচ নিয়মিত দিতে হচ্ছে ঋণের কিস্তি। ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুরের খামারি সাবিনা আক্তারের বর্তমান অবস্থা এমনই। গত কোরবানির ঈদের দুই দিন আগে তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে হিটস্ট্রোকে দুই লাখ টাকা মূল্যের তার গাভিটি মারা যায়। গাভিটি প্রতিদিন ১০ লিটার দুধ দিত। সেই দুধ বিক্রির আয়েই চলত তার সংসার।
সমবায় অধিদপ্তরের ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্প (১ম পর্যায়) থেকে ঋণ নিয়ে গাভিটি কিনেছিলেন সাবিনা। গাভি কেনার জন্য পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার টাকা এবং লালন-পালনের জন্য ৪০ হাজার টাকা। গাভিটি মারা গেলেও ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে তাকে। প্রতি মাসে কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে চরম আর্থিক ও মানসিক অশান্তিতে দিন কাটছে তার।
ময়মনসিংহের শিল্পী বেগমের অবস্থাও একই। শ্বাসকষ্টে তার একটি উন্নত জাতের গাভি মারা গেছে। অন্য গাভিটি গর্ভবতী না হওয়ায় কম দামে বিক্রি করে দিতে হয়েছে। এখন খামারে কোনো গরু নেই। তবু নিয়মিত কিস্তি দিতে হচ্ছে। প্রকল্প কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েও কোনো সুরাহা পাননি তিনি।
দুগ্ধের ঘাটতি মেটানো ও খামারিদের ভাগ্য বদলের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল প্রকল্পটি। তবে নানা সীমাবদ্ধতায় খামারিদের একাংশ এখন ঋণের চাপ, গরু মারা যাওয়া ও বাজার সংকটে পড়েছেন। নথি অনুযায়ী, প্রকল্পের অনুমোদিত ডিপিপির বর্তমান ব্যয় ১৩৩ কোটি ৮১ লাখ টাকা। ২০২৬ সালের জুনের মধ্যে ১২৬ কোটি ৫৪ লাখ ৫ হাজার টাকা খরচের লক্ষ্যমাত্রা ছিল। এপ্রিল পর্যন্ত খরচ হয়েছে ১০৩ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা। আর্থিক অগ্রগতি ৭৭ দশমিক ৬৮ শতাংশ।
এত টাকা খরচ হলেও দুধ সংরক্ষণ ও বিপণনের অবকাঠামো তৈরি হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাঠপর্যায়ের পর্যালোচনায় ২৯০ জন দুধ উৎপাদনকারী খামারির তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, মাত্র একজন খামারি চিলিং সেন্টারে দুধ সংরক্ষণের সুযোগ পাচ্ছেন। বাকি ২৮৯ জনের এ সুবিধা নেই। অর্থাৎ ৯৯ দশমিক ৭ শতাংশ খামারি চিলিং সুবিধার বাইরে।
দুধ নষ্ট হওয়ার আশঙ্কায় এসব খামারি মধ্যস্বত্বভোগীদের কাছে কাঁচা দুধ বিক্রি করেন। এতে প্রতি লিটার দুধের দাম পান ৪৫ থেকে ৬০ টাকা। ৫৬ শতাংশ খামারি জানিয়েছেন, তারা ন্যায্য দাম পান না। নীলফামারীর খামারি মনোয়ার হোসেন জানান, চিলিং সেন্টার না থাকায় দূরের কেন্দ্রে দুধ নিতে অতিরিক্ত পরিবহন খরচ হয়।
২০২৫ সালের ২০ মার্চ ডিপিপির প্রথম সংশোধনী হয়। এতে ঋণ পরিশোধের সময় ৫০ মাস থেকে কমিয়ে ৩০ মাস করা হয়। আইএমইডির পর্যালোচনায় দেখা গেছে, ২২ দশমিক ৪ শতাংশ খামারি বর্তমানে কোনো আয় করছেন না। গরু মারা যাওয়া, দুধের ন্যায্য বাজার না পাওয়া এবং বেশি কিস্তিকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনায় সময়মতো প্রশিক্ষণ না পাওয়ায়ও খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকল্পের আওতায় ৭২০ ব্যাচ প্রশিক্ষণের লক্ষ্যের বিপরীতে এপ্রিল পর্যন্ত ৪৬০ ব্যাচ সম্পন্ন হয়েছে। অগ্রগতি ৬৩ দশমিক ৮৯ শতাংশ।
গরুর টিকা ও ওষুধ কেনার ৩ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার টাকার বরাদ্দের কার্যক্রম বাদ দেওয়া হয়েছে। জরিপে ৬৪ শতাংশ খামারি জানিয়েছেন, তাদের জন্য নির্ধারিত প্রকল্প চিকিৎসক নেই। ৭৩ শতাংশ খামারি চিকিৎসার জন্য অনিবন্ধিত পল্লিচিকিৎসকের ওপর নির্ভর করেন। ভুল চিকিৎসা ও সংক্রামক রোগে ২১টি গরু মারা যাওয়ার তথ্যও উঠে এসেছে।
প্রকল্পের প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (আরডিপিপি) অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ১১ কোটি ২১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৭টি ক্রয় প্যাকেজÑ পণ্য ৯টি, কাজ ৫টি ও সেবা ৩টি বাস্তবায়নের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে এপ্রিল ২০২৬ পর্যন্ত মাত্র চারটি প্যাকেজের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বাস্তবায়িত চারটি প্যাকেজের মধ্যে রয়েছে প্রকল্প দপ্তরের আসবাবপত্র, কম্পিউটার, ক্যামেরা ও চুক্তিভিত্তিক গাড়ি ব্যবহারের সুবিধা। এসবের মোট চুক্তিমূল্য ৫৮ লাখ ৩৪ হাজার টাকা। বিপরীতে খামারিদের জৈব সার তৈরির জন্য ভার্মিকম্পোস্ট ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের ৮০ লাখ টাকার পাঁচটি ‘কাজ’ প্যাকেজের একটিও বাস্তবায়ন হয়নি।
এ ছাড়া দুধ প্রক্রিয়াজাতকরণের জন্য ক্রিম সেপারেটর, মিল্ক ক্যান, বাটার চার্নারসহ ২৮৭টি আধুনিক যন্ত্রপাতি কেনা, ঘাসের বীজ বিতরণ এবং খামারিদের ডেটাবেজ সফটওয়্যার তৈরির মতো উৎপাদনমুখী কার্যক্রমও থমকে আছে। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে টিকা পাওয়ার সুযোগ থাকায় ওষুধ ও প্রতিষেধক কেনার নির্ধারিত প্যাকেজটি বাতিল করা হয়েছে। ফলে এপ্রিল পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি ব্যয় হলেও খামারিদের জন্য প্রকল্পের মূল উৎপাদনমুখী অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তার বড় অংশ বাস্তবায়নের বাইরে রয়ে গেছে। মূলধন খাতে বাস্তব ব্যয় হয়েছে মাত্র ১ দশমিক ৭৬ শতাংশ। রাজস্ব ব্যয়ের মধ্যে বেতন-ভাতা, প্রচার ও ভ্রমণ ব্যয় রয়েছে। জরিপে অংশ নেওয়া ৫০০ খামারির সবাই জানিয়েছেন, তারা আধুনিক ঘাস কাটার বা দুধ দোহনের মেশিন পাননি।
অডিটে আপত্তি, প্রকল্প পরিচালনায়ও পরিবর্তন
২০২২-২৩ অর্থবছরের অডিটে বিভিন্ন আপত্তি ওঠে। এর মধ্যে প্রশিক্ষণার্থীদের তালিকা ছাড়াই ৯ লাখ টাকার প্রশিক্ষণ বিল পরিশোধ এবং ২০২৩ সালের জুন পর্যন্ত ব্যাংকে ৩ কোটি টাকা অব্যবহৃত পড়ে থাকার বিষয় রয়েছে। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের অডিট এখনও শেষ হয়নি।
এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) তোফায়েল আহম্মদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত জুলাই থেকে ওই দুই অর্থবছরের অডিট কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহ চলছে। অডিট শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রকল্প পরিচালনায়ও ধারাবাহিকতার ঘাটতি ছিল। প্রথম প্রকল্প পরিচালক যৌথ নিবন্ধক মো. মতিউর রহমান ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর কিছু সময় পদটি শূন্য ছিল। ২০২৪ সালের ২৮ জানুয়ারি দায়িত্ব পান তোফায়েল আহম্মদ।
মিল্ক ভিটার সঙ্গে সংযোগ না থাকার বিষয়ে পিডি তোফায়েল আহম্মদ বলেন, প্রকল্পের ৫৬টি উপজেলার মধ্যে মাত্র ৫টিতে মিল্ক ভিটার প্লান্ট রয়েছে। বাকি ৫১টিতে কোনো প্লান্ট নেই। খামারিরা যাতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর না করে দুধের ন্যায্য মূল্য পান, সেজন্য ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও আরডিএ বগুড়ার মাধ্যমে দুগ্ধজাত পণ্য তৈরি ও বিপণনের বিশেষ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গাভির মৃত্যু ও চড়া কিস্তির বিষয়ে তিনি বলেন, সরকারি ঋণ মওকুফের সরাসরি কোনো সুযোগ নেই। তবে খামারিদের সঞ্চয় দিয়ে গঠিত সমিতির তহবিলে ৬ কোটি টাকার বেশি জমা হয়েছে। কোনো খামারির গরু মারা গেলে সেই তহবিল থেকে পুনরায় গাভি কিনে দেওয়ার ব্যাকআপ ব্যবস্থা করা যেতে পারে।
মেয়াদ ও ব্যয় বাড়ানোর উদ্যোগ
প্রকল্পের মেয়াদ জুন ২০২৮ পর্যন্ত বাড়াতে এবং নতুন ২০টি উপজেলা যুক্ত করতে চলতি বছরে দুটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৩ মার্চ প্রকল্পের প্রকল্প পরিচালন কমিটির (পিএসসি) সভায় খুলনা জেলার দিঘলীয়া উপজেলা বাদ দিয়ে নতুন ১২টি উপজেলা যুক্ত করা এবং মেয়াদ এক বছর বাড়িয়ে জুন ২০২৮ পর্যন্ত সম্প্রসারণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২৩ এপ্রিলের বৈঠকে আগের ১২টির সঙ্গে আরও ৮টি উপজেলা যুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে মোট ব্যয় দাঁড়াবে ১৭৩ কোটি ৩ লাখ ১৩ হাজার টাকা।
আট বিভাগের ৩৭ জেলার ৫৬টি দুগ্ধ ঘাটতি উপজেলায় প্রকল্পের কার্যক্রম চলছে। লক্ষ্য ১১২টি সমবায় ও ৫ হাজার ১৫০ খামারিকে যুক্ত করা। প্রতি উপজেলায় বছরে গড়ে ৪ লাখ ৫০ হাজার লিটার দুধ উৎপাদন বাড়ানো এবং ৫১ শতাংশ নারীকে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে। ঘূর্ণায়মান তহবিল হিসেবে রাখা হয়েছে ১০৩ কোটি টাকা।
আইএমইডি ২৫ উপজেলার ৫০টি সমবায় সমিতির ২ হাজার ৪৫২ খামারির তথ্য পর্যালোচনা করেছে। এর মধ্যে ৫০০ খামারির সাক্ষাৎকার, চারটি কেস স্টাডি ও আটটি ফোকাস গ্রুপ আলোচনা করা হয়। পর্যালোচনায় কিছু ইতিবাচক ফলও পাওয়া গেছে। উন্নত জাতের গাভি পালন ও প্রশিক্ষণের ফলে গড়ে দৈনিক দুধ উৎপাদন ২০ দশমিক ০৩ লিটারে উঠেছে। ৩২ দশমিক ৪ শতাংশ খামারি মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত লাভ করছেন। পর্যবেক্ষণ প্রতিষ্ঠান বেশকিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ ঝুঁকি বীমা, চিকিৎসা, সরাসরি দুধ বিপণন এবং অডিটে স্বচ্ছতা নিশ্চিতের ব্যবস্থা।
প্রকল্পের এসব সংকটের বিষয়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির (এনডিসি) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুধ বিপণনের সংকট দূর করতে নতুন আরডিপিপিতে প্রতিটি প্রাথমিক সমবায় সমিতিতে দুটি করে কুলিং মেশিন সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুধ নষ্ট রোধে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহায়তায় ঘি, মাখন, মিষ্টিসহ দুগ্ধজাত পণ্য তৈরির প্রশিক্ষণ ও ক্ষুদ্র সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, সদস্যপ্রতি ২ লাখ টাকা ঋণ দেওয়া হয়। গ্রেস পিরিয়ড ছয় মাস। ঋণ পরিশোধের পর অর্থ সমিতির অ্যাকাউন্টে ঘূর্ণায়মান তহবিল হিসেবে জমা থাকে এবং নতুন সদস্যদের মধ্যে পুনরায় বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে নিয়োজিত ফ্যাসিলিটেটরদের বেতন ও ব্যবস্থাপনা ব্যয়ের জন্য ৪ শতাংশ সার্ভিস চার্জ নেওয়া হয়।