× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা নিজেই অন্ধকারে

রাহাত হুসাইন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রশাসনিক জটিলতা, একের পর এক মামলা এবং নেতৃত্বের বিরোধে ব্যাহত হচ্ছে ছয় দশকের পুরনো জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার কার্যক্রম। নির্বাচন স্থগিত করে প্রশাসক নিয়োগের পর কার্যালয়ের নিয়ন্ত্রণ ও সম্পত্তি ব্যবস্থাপনা ঘিরে তৈরি হয়েছে নতুন টানাপড়েন। এতে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি সারা দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়মিত সেবা ও সহায়তামূলক কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পর হাইকোর্ট প্রশাসক নিয়োগের ওপর স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশে সেই বাধা আর বহাল নেই। এরই মধ্যে সংস্থার কার্যালয়ের তালা পরিবর্তন করা হয়েছে। তবে প্রশাসক সেখানে অফিস করেন না। সাভারের দুটি বাণিজ্যিক সম্পত্তির ভাড়া আদায়, জমি তদারকি ও ব্যাংক হিসাব পরিচালনা নিয়েও পৃথক সিদ্ধান্ত হয়েছে।

২০২৩-২৬ কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ৩ মার্চ। জাতীয় নির্বাচন ও রমজানের কারণে আগেভাগে নির্বাচন শেষ করতে ২০২৫ সালের ২৫ নভেম্বর সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার আবেদন করেন। এর ভিত্তিতে ২০২৬ সালের ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়। ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ৫ মার্চ আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকার কথা জানিয়ে নির্বাচন স্থগিত করে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন শাখা। এর দুই দিন পর, ৭ মার্চ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন। এতে গঠনতন্ত্রের ১৩(২) ধারা উল্লেখ করে বলা হয়, মামলা বিচারাধীন থাকলে বিদ্যমান কমিটিই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। এরপরও ২৯ মার্চ যুগ্ম সচিব (প্রশাসন-১) রোকেয়া বেগমকে ১৮০ দিনের জন্য প্রশাসক নিয়োগ দেয় মন্ত্রণালয়। গত ২৬ জুলাই সমাজসেবা অধিদপ্তর মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের বোর্ডকে চিঠি দিয়ে প্রশাসক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

এ বিষয়ে মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব প্রতিদিনের বাংলাদেশকে জানান, মতামত জানিয়ে মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি চিঠি দিয়েছেন। সচিব প্রশাসক নিয়োগ দিয়েছেন। জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার বিষয়ে এখন যিনি প্রশাসক আছেন, তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

আদালতে প্রশাসক নিয়োগ নিয়ে বিরোধ

প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ এপ্রিল হাইকোর্টে রিট করেন আইউব আলী হাওলাদারসহ ২০২৩-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নেতারা। ২১ এপ্রিল হাইকোর্ট প্রশাসক নিয়োগের ওপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে সরকারের দেওয়ানি পিটিশন ও মিনহাজ উদ্দিনের আবেদনের পর ২৪ জুন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে প্রশাসকের দায়িত্ব পালনে আদালতের দেওয়া ওই বাধা আর বহাল থাকেনি। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর সংস্থার কার্যালয়ের তালা পরিবর্তন করে নতুন তালা লাগানো হয়। তবে সেখানে প্রশাসক অফিস করেন না। একই সময়ে সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্স ও নতুন মার্কেটের ভাড়া আদায়, জমি তদারকি এবং ব্যাংক হিসাব পরিচালনায় তিনটি পৃথক সিদ্ধান্ত দেওয়া হয়। এজন্য সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. তারিকুল হাসান রুহানকে প্রশাসকের প্রতিনিধি করা হয়। দোকান ভাড়ার অর্থ অগ্রণী ব্যাংকের নিউমার্কেট শাখার পুরনো হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলামকে যৌথ স্বাক্ষরকারী করা হয়। প্রশাসক নিজে এ তহবিলের কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব নেন। তবে ২০১৭ সালের পর থেকে ‘জাতীয় অন্ধ সংস্থার পুরনো হিসাব ব্যবহার করা হয়নি। নাম পরিবর্তনের পর সাভারের সোশ্যাল ইসলামী ব্যাংকে ‘জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা’-এর নামে চালু হিসাব রয়েছে। সেটি বাদ দিয়ে পুরনো হিসাবে লেনদেনের নির্দেশ দেওয়ায় সংস্থার সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

ছয় দশকের পথচলা

১৯৬৪ সালের ২২ ডিসেম্বর স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা অধ্যাদেশ, ১৯৬১-এর ৪৬ ধারার অধীনে ১৫৫৮/৬৪ নম্বরে নিবন্ধিত হয় সংগঠনটি। তখন নাম ছিল ‘ইস্ট পাকিস্তান ফেডারেশন অব দ্য ব্লাইন্ড’। স্বাধীনতার পর বাংলায় ‘জাতীয় অন্ধ সংস্থা’ এবং ইংরেজিতে ‘ন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ড’ নামে কার্যক্রম চলে। ১৯৭০ সালে সরকার বকশীবাজারের ৬ নম্বর অরফানেজ রোডের ভবনটি সংস্থার কার্যালয় ও আবাসন হিসেবে বরাদ্দ দেয়। ১৯৭৬ সালের ২০ এপ্রিল জাতীয় সমাজকল্যাণ পরিষদ একে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়।

গঠনতন্ত্র অনুযায়ী, দেশের দৃষ্টিপ্রতিবন্ধীরা নিজেদের সেবা, কল্যাণ ও আত্মনির্ভরতার লক্ষ্যেই সংগঠিত হয়ে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। সংস্থার ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার পূর্ণ ক্ষমতা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ওপর ন্যস্ত। সাধারণ পরিষদের দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যরা ভোটের মাধ্যমে তিন বছরের জন্য এ পরিষদ নির্বাচন করেন। ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদে কেবল কোষাধ্যক্ষ পদে একজন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি মনোনীত হতে পারেন। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যদের প্রতিনিধিত্ব ও নেতৃত্বের মধ্য দিয়েই সংস্থা পরিচালনার কাঠামো নির্ধারিত।

২০১৭ সালের ১৯ মে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত এবং ২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভায় বাংলায় ‘জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা’ ও ইংরেজিতে ‘ন্যাশনাল ফেডারেশন অব দ্য ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড’ নাম নির্ধারণ করা হয়। সমাজসেবা অধিদপ্তর ২০১৮ সালের মে মাসে নাম পরিবর্তনের অনুমোদন দিয়ে ডুপ্লিকেট সনদ দেয়। তবে নাম পরিবর্তনকে বেআইনি দাবি করে সাবেক সদস্য হারুন-অর-রশিদ ও মিনহাজ উদ্দিন হাইকোর্টে পৃথক রিট করেন। তা আদালত খারিজ করে দেন।

সম্পত্তির আয় ও সেবামূলক কার্যক্রম

সংস্থার আয়ের বড় উৎস সাভারের দুটি বাণিজ্যিক সম্পত্তিÑ ‘জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স’ ও ‘জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা মার্কেট (নতুন)’। এসব সম্পত্তির আয় দিয়ে বকশীবাজার কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে আসা দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিদিন বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হতো। চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে আসা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ছিল বিনামূল্যে থাকার ব্যবস্থা। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি, অসচ্ছলদের ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, চিকিৎসা সহায়তা, প্রবীণ সদস্যদের ভাতা এবং মৃত্যুর পর দাফন-কাফনের খরচ বহন করা হতো। সারা দেশে সংস্থাটির ৪৯টি শাখা রয়েছে।

প্রশাসক নিয়োগের পর থেকে এসব সেবামূলক কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্রও উঠে এসেছে ভুক্তভোগীদের বক্তব্যে। সংস্থার ভাতাভোগী বরিশালের সত্তরোর্ধ্ব একেএম সাইফুল আলম ফোনে বলেন, ‘নিয়মিত ভাতা পাচ্ছিলাম। তবে প্রায় পাঁচ মাস ধরে ভাতা পাচ্ছি না। শুনেছি সংস্থায় প্রশাসক নিয়োগ দিয়েছেন। আর তিনি অফিস করেন না, কার্যালয়ে তালা মেরে দেওয়া হয়েছে।’ সরেজমিনে সংস্থার কার্যালয়ে গিয়ে তালা থাকার বিষয়টি দেখেছে প্রতিদিনের বাংলাদেশ।

সদস্যপদ ও নেতৃত্ব নিয়ে মামলা

সংস্থার নির্বাচন ও নেতৃত্বের বিরোধের সঙ্গে সদস্যপদ নিয়েও মামলা রয়েছে। সাভার মার্কেটের ভাড়া আদায়ের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ২৬ আগস্ট সাধারণ সভায় সাবেক সদস্য মিনহাজ উদ্দিনের সদস্যপদ বাতিল করা হয়। সংস্থার নথি অনুযায়ী, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে মিনহাজ বিটিসিএলে সরকারি চাকরিতে থাকা অবস্থায় সদস্যপদ নিয়ে প্রশ্নের মুখে পড়েন। রিট পিটিশন ১৫০৭০/২০২৪-এর ২০২৫ সালের ৯ ডিসেম্বরের রায়ে হাইকোর্ট তাকে বৈধ সাধারণ সদস্য হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে উল্লেখ করে রিট খারিজ করেন। রায়ে তার সরকারি চাকরিতে থাকার বিষয়টিও উল্লেখ করা হয়। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল বিচারাধীন রয়েছে।

এসব বিষয়ে মিনহাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি সংস্থার সাবেক চেয়ারম্যান। ২০১৪ থেকে ২০১৭ মেয়াদে দায়িত্বে ছিলাম। আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। ২০১৭ সালে অন্যায়ভাবে আমাকেসহ ৩০০ থেকে ৩৫০ জন সদস্যকে বাদ দেওয়া হয়েছিল।

সরকারি চাকরি করে কীভাবে সংস্থায় ছিলেন— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ক্ষেত্রে চাকরি করার বিষয়ে নিজস্ব সরকারি দপ্তরের প্রয়োজনীয় অনুমতি (পারমিশন) ছিল। তার ভাষ্য, সংস্থার অনিয়ম বন্ধে তিনি বারবার রিট করেছেন এবং তার করা একটি রিটের কারণে নির্বাচন স্থগিত হয়েছে।

সংস্থার নির্বাচন, ভোটার তালিকা ও নাম পরিবর্তনকে কেন্দ্র করে মো. হারুন-অর-রশিদ নামে আরেক সাবেক সদস্য ২০২৩ সালে হাইকোর্ট বিভাগে চারটি পৃথক রিট পিটিশন দায়ের করেন। এর মধ্যে ২০২৩ সালের নির্বাচনের তফসিল ও একতরফা ফলাফল অনুমোদনকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটগুলো খারিজ করে দেয় হাইকোর্ট। সমাজসেবা অধিদপ্তরে দেওয়া আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে দায়ের করা রিট নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। সর্বশেষ, সংস্থার নাম পরিবর্তনকে বেআইনি দাবি করে দায়ের করা রিট ২০ নভেম্বর ২০২৪ হাইকোর্ট বিভাগ রুল খারিজ করেন। রায়ের পর্যবেক্ষণে আসে, আবেদনকারী তার সাধারণ সদস্যপদ বাতিলের তথ্য গোপন করে আদালতের দ্বারস্থ হয়েছেন। ফলে এ বিষয়ে তার মামলা করার আইনগত অধিকার বা এখতিয়ার ছিল না।

অডিট ও পরবর্তী নেতৃত্ব

দীর্ঘ বিরোধের মধ্যে আগের কমিটির মেয়াদ থেকে প্রশাসক নিয়োগের সময় পর্যন্ত সংস্থার আয়-ব্যয় ও সম্পদের ওপর বড় অডিটের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ভোটার তালিকা ও গঠনতন্ত্র পর্যালোচনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে ২০২৩-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গঠনতন্ত্রের ১৩(২) ধারা অনুযায়ী আইনি বিরোধকালে কমিটির দায়িত্ব পালনের নিয়ম উপেক্ষা করে প্রশাসক বসানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১৩ জুলাই সম্পদ হস্তান্তরে তারা উপস্থিত থাকলেও প্রশাসক আসেননি। পরবর্তীতে নিয়ম বহির্ভূতভাবে তালা ভেঙে নতুন করে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এসব বিষয়ে প্রশাসকের ভূমিকা সম্পর্কে জানতে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য না করে সরাসরি সমাজকল্যাণ মন্ত্রীর দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন। তবে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের দপ্তরে কয়েক দফা যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে চলতি মাসের ২৪ তারিখ প্রশাসকের ১৮০ দিনের মেয়াদ শেষ হবে। এর চার দিন আগে ২০ সেপ্টেম্বর বোর্ড সভার আহ্বান করেছে মন্ত্রণালয়। নোটিস অনুযায়ী, ১৯৬১ সালের অধ্যাদেশের ৯(৩) ধারায় সরকার গঠিত পাঁচ সদস্যের বোর্ডের চতুর্থ সভা আহ্বান করা হয়েছে। ২০ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাটি হওয়ার কথা। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের সভাপতি। এ ছাড়া আইন ও বিচার বিভাগের উপসচিব (মতামত-২), সমাজসেবা অধিদপ্তর এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের জ্যেষ্ঠ প্রতিনিধিরা সভায় থাকবেন। এ বোর্ডের সিদ্ধান্তেই নির্ধারিত হবে সংস্থাটির পরবর্তী নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামো।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা