বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা ও অনিয়মিত লোডশেডিংয়ের ধাক্কায় আবারও চাঙ্গা হয়ে উঠেছে সৌরবিদ্যুতের বাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা ও অনিয়মিত লোডশেডিংয়ের ধাক্কায় আবারও চাঙ্গা হয়ে উঠেছে সৌরবিদ্যুতের বাজার। বসতবাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে ফ্যান, বাতি, ফ্রিজসহ জরুরি বৈদ্যুতিক সরঞ্জাম সচল রাখতে বিকল্প শক্তির প্রতি আগ্রহ বাড়ছে ব্যবহারকারীদের। গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে অনেক গ্রাহকই ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলারের দিকে।
এর প্রভাব পড়েছে ইলেকট্রনিক্সের বাজারেও। ঢাকার নবাবপুর, কাপ্তান বাজার, গুলিস্তান ও সুন্দরবন স্কয়ারের মতো পাইকারি ও খুচরা বাজারগুলোতে সোলার প্যানেল, ব্যাটারি ও ইনভার্টারের বিকিকিনি বেড়েছে। গ্রাহকের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী ছোট গৃহস্থালি প্যাকেজ থেকে বাণিজ্যিক হাইব্রিড সিস্টেমÑ দুই ধরনের পণ্যেরই চাহিদা তৈরি হয়েছে।
শুধু বাসাবাড়ি নয়, শিল্পকারখানাতেও সোলারের ব্যবহার বাড়ছে। বিদ্যুৎ না থাকলে উৎপাদন সচল রাখতে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। ডিজেলের অনিয়মিত সরবরাহ ও চড়া দামের কারণে এই ব্যয়ও কম নয়। ফলে দিনের বেলার বিদ্যুতের একটি বড় অংশ মেটাতে শিল্পমালিকেরা ব্যাটারিবিহীন ‘অন-গ্রিড’ সোলারের দিকে ঝুঁকছেন।
এ পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। গত ১ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ব্যাটারিসহ সোলার বসিয়ে নিজের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠালে প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ মিলবে। এ সুবিধা পেতে হলে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিস্টেম চালু করতে হবে। ওই সময়ের মধ্যে স্থাপিত সোলার ব্যবস্থার উদ্বৃত্ত বিদ্যুতের জন্যই পরবর্তী তিন বছরÑ অর্থাৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্তÑ এই নির্ধারিত দর কার্যকর থাকবে। প্রণোদনার অর্থ প্রতি তিন মাস অন্তর সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
লোডশেডিংয়ের কারণে সোলারের বাজারে চাহিদা বাড়ছে। সরকারি প্রণোদনাও নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু ব্যাটারিসহ সিস্টেমের উচ্চ প্রাথমিক ব্যয়, মাত্র তিন বছরের প্রণোদনা, কর ছাড় বাস্তবায়নের অনিশ্চয়তা এবং আমদানি মূল্যায়নের জটিলতাÑ সব মিলিয়ে বিনিয়োগের হিসাব এখনও সহজ নয়। তাছাড়া সরকারি সুবিধা তারাই পাবে, যারা ব্যাটারিসহ অন-গ্রিড সিস্টেম বসিয়ে নিজের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে পাঠাবে।
সরকারি বিজ্ঞপ্তিতে ব্যাটারিসহ রুফটপ সোলারের ইউনিটপ্রতি সর্বোচ্চ উৎপাদন ব্যয় ৮ টাকা ধরে প্রণোদনার হার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ লাভ ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম বিবেচনায় নিয়ে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা হার নির্ধারণ করেছে বিদ্যুৎ বিভাগ। তবে এই হিসাবের বাস্তব ভিত্তি এবং মূল বিনিয়োগ উসুলের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন খাতসংশ্লিষ্টরা।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, ব্যাটারিসহ সোলার ব্যবস্থা স্থাপনের প্রাথমিক খরচ কম নয়। ৫৫০ ওয়াটের একটি প্যানেল বিক্রি হচ্ছে ১৩ হাজার ৫০০ থেকে ১৯ হাজার ৫০০ টাকায়। ৫ কিলোওয়াটের ইনভার্টারের দাম ৪৮ হাজার থেকে ৭৭ হাজার টাকা এবং ৫.১২ কিলোওয়াট-ঘণ্টার লিথিয়াম ব্যাটারির দাম ৯৮ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিÑ এই তিনটি প্রধান উপকরণ কিনতেই খরচ হচ্ছে প্রায় ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ২৫ হাজার টাকা। এর সঙ্গে ফ্রেম, তার, ফিটিং ও সুরক্ষা সরঞ্জামের খরচও রয়েছে।
অবশ্য ছোট ব্যবহারের জন্য বাজারে তুলনামূলক কম দামের প্যাকেজও মিলছে। কাপ্তান বাজারের ‘সোলার পাওয়ার এনার্জি’র স্বত্বাধিকারী মো. রিপন আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘১৩০ ওয়াটের একটি ছোট প্যাকেজের দাম ২৪ হাজার ৫০০ টাকা। এটি দিয়ে কয়েকটি আলো ও ফ্যান চলে। তবে ৩ কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার প্যাকেজের দাম পড়ে ১ লাখ ৩০ হাজার টাকা।’
ব্যবসায়ী রিপন আলীর কথায়, ‘লোডশেডিংয়ের কারণে হাইব্রিড সোলারের চাহিদা বেশি। এতে ইনভার্টারের মাধ্যমে সাধারণ ফ্রিজ, জল তোলার পাম্প বা ফ্যান চালানো যায়। দিনে সোলার থেকে বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি ব্যাটারি চার্জ হয়, আর রাতে গ্রিড বন্ধ থাকলে ব্যাটারি থেকে ব্যাকআপ মেলে।’
সোলারের চাহিদা বাড়লেও প্রণোদনার তিন বছরের মেয়াদ নিয়ে সংশয় রয়েছে বাজারে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, ব্যাটারিসহ সোলারে প্রাথমিক মূলধন বেশি। ফলে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে তিন বছরের মধ্যে সেই মূলধন কতটা উসুল হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) পরিচালক মো. হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশেকে বলেন, ‘বর্তমান বাজারদরে ব্যাটারিসহ সোলার বসিয়ে মাত্র ৩ বছর ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ সরবরাহ করে বিনিয়োগের মূল টাকা তোলা প্রায় অসম্ভব। প্রণোদনার মেয়াদ অন্তত ১০ বছর করা উচিত এবং সোলার স্থাপনের সময়সীমা ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো প্রয়োজন।’ শিল্পকারখানার ক্ষেত্রে তিনি ব্যাটারিযুক্ত সোলারের বদলে ব্যাটারিবিহীন অন-গ্রিড সিস্টেমে নীতিগত সহায়তা বাড়ানোর পক্ষে। তার মতে, ‘দিনে কারখানা চালু থাকার সময়ে সোলারের বিদ্যুৎ সরাসরি উৎপাদনে ব্যবহার করা যায়। ফলে দামি ব্যাটারি কেনার প্রয়োজন পড়ে না।’
সোলার প্যানেলের আমদানি ব্যয় নিয়ে আরেকটি জটিলতার কথা তুলে ধরেছেন ‘ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং’-এর প্রোপ্রাইটর মো. হাসান আলী। তার অভিযোগ, আমদানিকারকরা ওয়াটপ্রতি ১০ থেকে ১১ সেন্টে প্যানেল আমদানি করলেও কাস্টমসে বেশি মূল্য ধরে অ্যাসেসমেন্ট করা হচ্ছে। তার মতে, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী মূল্যায়ন করলে প্রতি ওয়াটে দাম অন্তত ২ থেকে ৩ টাকা কমানো সম্ভব।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারেও প্যানেলের দাম বেড়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধের আগে চীনা প্যানেলের দাম ওয়াটপ্রতি প্রায় ৭ সেন্ট থাকলেও এখন তা বেড়ে ১১ সেন্টে ঠেকেছে। একই সঙ্গে জাহাজের ভাড়াও বেড়েছেÑ আগে যেখানে ফ্রেইট চার্জ ছিল ১ হাজার ৫০০ ডলার, এখন তা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০০ ডলারে। এর ওপর লিথিয়াম ব্যাটারি আমদানিতে ৫৮ শতাংশ ভ্যাট রয়েছে বলে জানান তিনি।
এদিকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্লান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর রেয়াত দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। গত ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিনের জন্য নির্দিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বাজার সূত্রে বলেছে, লোডশেডিংয়ের কারণে সাধারণ গ্রাহকদের কাছে খুচরা সোলারের চাহিদা বাড়লেও পাইকারি বাজারে কেনাবেচা মোটামুটি স্বাভাবিক। আগে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি বা বান্দরবানের মতো পাহাড়ি অঞ্চলে চাহিদা বেশি থাকলেও এখন ঢাকাসহ সারা দেশ থেকেই বায়না আসছে। ছোট ১২ ভোল্ট সিস্টেমের ২০ ওয়াট প্যানেল থেকে শুরু করে বড় ২৪ ভোল্টের ৭২০ ওয়াটের প্যানেলও বাজারে মজুদ রয়েছে।
আমদানি শুল্ক নিয়ে কাস্টমসের নীতিতে ক্ষোভ রয়েছে আমদানিকারকদের। বিএসআরইএ পরিচালক হুমায়ুন কবিরের দাবি, নীতিমালায় ১৩.৫ শতাংশ শুল্কের কথা থাকলেও কাস্টমস কর্তৃপক্ষ ওজন মেপে কেজিপ্রতি ৩ ডলার হিসেবে শুল্কায়ন করছে। ফলে কার্যকর শুল্কের হার গিয়ে দাঁড়াচ্ছে ২৭ শতাংশের ওপরে। ব্যবসায়ীদের বক্তব্য, ওজনের বদলে আসল বাজারমূল্য বা ইনভয়েস মূল্য দেখে শুল্ক ধার্য করা উচিত। কেউ ওভার-ইনভয়েসিং বা মিথ্যা ঘোষণা দিলে তাকে ধরে শাস্তি দেওয়া হোক। সোলার পণ্যে ‘জিরো কাস্টমস ডিউটি’ বা শূন্য শুল্ক চালুর দাবিও তুলেছেন তারা।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হলে তাই শুধু প্রণোদনা ঘোষণা নয়, আমদানি ব্যয় কমানো, কর সুবিধার বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ ফেরতের সুযোগ তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।