× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিকে জিম্মি সুশাসন

রাহাত হুসাইন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ এএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদশ

সরকারি প্রতিষ্ঠানে চাকরি মানেই বেতন-ভাতার নিশ্চয়তা; কিন্তু দায়িত্ব পালন, নিয়মিত উপস্থিতি, জবাবদিহিতা এবং বিধিমালা অনুসরণও এর অপরিহার্য অংশ। এসব বিষয় নিয়েই প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক)। প্লট বরাদ্দ, নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে পাঁচ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে এক কর্মচারীকে বিভাগীয় মামলায় তিরস্কার দণ্ড দিয়ে পুনর্বহাল করা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। এসবের সঙ্গে যুক্ত হয়েছে বদলি ঠেকাতে একাধিক মামলার ভার। সব মিলিয়ে বিসিকের প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতার কাঠামো নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে।

দুদকের অনুসন্ধানে শীর্ষ তিন কর্মকর্তা

দুদক সূত্রে জানা গেছে, বিসিকের বিভিন্ন শিল্পনগরীতে প্লট বরাদ্দ ও হস্তান্তর এবং নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। গত ৯ জুন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা সৌরভ দাশের স্বাক্ষর করা এক চিঠিতে বিসিকের তিনজন শীর্ষ কর্মকর্তার তথ্য চাওয়া হয়। তাদের মধ্যে মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদারও রয়েছেন। তিনি শিক্ষা ছুটি নিয়ে কানাডায় গিয়ে সেখান থেকে চাকরিতে ইস্তফা দিয়ে বিসিককে চিঠি দিয়েছেন। 

এছাড়া সংস্থার পরিকল্পনা ও গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক ড. মো. ফরহাদ আহমেদের নিয়োগের বৈধতা, অভিজ্ঞতার সনদ এবং যোগদানের পর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতার নথি চেয়েছে দুদক। ড. ফরহাদ বর্তমানে পরিকল্পনা ও গবেষণা বিভাগের মহাব্যবস্থাপকের পাশাপাশি বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) ও বিসিক পরিচালনা বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ১৬ মার্চ তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি প্রক্রিয়ার প্রচলিত নিয়মে তার ফিডার পদ শূন্য থাকার পরও তাকে সেখানে পদায়ন করা হয়নি। তিনি মূলত বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান অনুষদ সদস্য, যার ফিডার পদ ছিল ‘অধ্যক্ষ’ (প্রিন্সিপাল)। কিন্তু সেই নির্দিষ্ট পদ ফাঁকা রাখা অবস্থায় তাকে সমমানের অন্য একটি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এ পদায়নের কারণে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ প্রশাসনিক ভারসাম্য ও পদোন্নতি প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুদকের অনুসন্ধান প্রসঙ্গে ফরহাদ আহমেদ জানান, তার নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ছিল এবং তিনি যেকোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।

অনুসন্ধানের আওতায় রয়েছেন সম্প্রসারণ বিভাগের মহাব্যবস্থাপক সরোয়ার হোসেনও। তবে দুদকের অনুসন্ধানের বিষয়টি সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন বলে দাবি করেছেন। দুদক অনুসন্ধানে নামলেও বিসিক এসব বিষয়ে অভ্যন্তরীণ কোনো তদন্ত করছে না বলে জানা গেছে।

দুদকের তথ্য চাওয়ার বিষয়ে বিসিকের প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক জিয়াউল হক বলেন, ‘দুদক থেকে তথ্য চাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বা গণমাধ্যমে কোনো দুর্নীতির তথ্য প্রকাশিত হলে কর্তৃপক্ষ তা আমলে নিয়ে এ ধরনের তদন্ত করতে পারে।’

পাঁচ বছর অনুপস্থিত, তারপর তিরস্কার

বিসিকের উত্তরার ট্রেনিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে ঘিরে একটি ঘটনাও নতুন বিতর্ক সামনে এনেছে। ২০০০ সালে তিনি ক্যাটাগলার পদে বিসিকে যোগ দেন। ২০১৫ সালে তাকে ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান পদে দায়িত্ব দেওয়া হয়। হুমায়ুন ২০১৬ সালে ১৫তম গ্রেডের ক্যাটালগার পদ থেকে নবম গ্রেডের লাইব্রেরিয়ান পদে পদোন্নতির দাবিতে হাইকোর্টে রিট করেন, যা পরে আপিলে খারিজ হয়।

তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চে তাকে খুলনায় সংযুক্ত করা হলে তিনি সেখানে যোগ দেননি। এ ঘটনায় ‘বিসিক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৮৯’-এর অধীনে বিভাগীয় মামলা হয়। প্রবিধানে বিনা অনুমতিতে টানা ৬০ দিনের বেশি অনুপস্থিতিকে ‘পলায়ন’ বলা হলেও, বিসিক সেটির ভিত্তিতে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে ২০২০ সালে খুলনায় যোগ না দেওয়ার অভিযোগে মামলা চালায়। বিভাগীয় তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলা ও অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ দেওয়া হয়।

তবে এরপরও আরও প্রায় আট মাস হুমায়ুন কবির খুলনায় যোগ দেননি বলে জানা গেছে। এ সময় তার বিরুদ্ধে নতুন করে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৫ সালের ২৮ মে খুলনার সংযুক্তি বাতিল করে তাকে একই দিনে ঢাকায় বিটিআইতে পদায়ন করা হয়। দীর্ঘ অনুপস্থিতির পর পুনরায় পদায়নের মধ্যেই তিনি পাঁচ বছরের বকেয়া বেতন-ভাতা দাবি করে বিসিক কর্তৃপক্ষকে ডিঙিয়ে সরাসরি শিল্প সচিবের কাছে আবেদন করেন। হুমায়ুন কবির প্রসঙ্গে বিসিকের প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক জিয়াউল বলেন, ‘কোনো কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণ বা অভিযোগ থাকলে সরকারি আপিল ও শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী প্রাথমিক শুনানি, শোকজ এবং তদন্তের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। তদন্ত রিপোর্ট যাচাই-বাছাইয়ের পর কর্তৃপক্ষ শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়। বিভাগীয় মামলার প্রক্রিয়া শেষ করে তাকে লঘুদণ্ড (তিরস্কার) প্রদানের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।’ 

হুমায়ুন কবিরও এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আদালতের স্থিতাবস্থার কারণে খুলনায় সংযুক্তির আদেশ কার্যকর ছিল না এবং রাজনৈতিক কারণে তার বেতন বন্ধ রাখা হয়েছিল। তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে হাজিরা দিয়েছেন এবং দাপ্তরিক আবেদন জমা দিয়েছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অতীতের অন্যায়ের প্রতিকার হিসেবে পুনরায় সপদে এবং কর্মস্থলে ফেরার সুযোগ পেয়েছেন।

বেলালকে ঘিরে জুলাই মামলা বিতর্ক

জুলাই হত্যা মামলা, ও বদলি ঘিরে বিসিকে আলোচনায় রয়েছেন বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বেলাল হোসেন। নথি অনুযায়ী, তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ৩০ জুন। ২০১৮ সালে চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের একটি চেক ডিজঅনার মামলায় তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি সাময়িক বরখাস্ত হন। পরে বরখাস্ত আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। বাদী-বিবাদীর আপসের পর নিম্ন আদালত সাজা স্থগিত করেন এবং বিসিকের আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে বেলালের রিট প্রত্যাহারের পর বরখাস্তের আদেশ বাতিল করা হয়।

বদলি নিয়েও বেলাল হোসেনের বিরুদ্ধে বিতর্ক রয়েছে। ২০১৮ সালে নারায়ণগঞ্জে বদলির পর তিনি রিট করে স্থগিতাদেশ নেন। ২০২৪ সালের মে মাসে চাঁপাইনবাবগঞ্জে বদলি হলে নিজেকে ইউনিয়নের ‘নির্বাচিত সদস্য’ দাবি করে আবার রিট করেন। পরে আদালতে নথি উপস্থাপনের পর তার ওই দাবি সঠিক নয় বলে প্রতীয়মান হওয়ায় স্থগিতাদেশ বাতিল হয় এবং তাকে চাঁপাইনবাবগঞ্জে যোগ দিতে হয়। ২০২৪ সালের আগস্টে বগুড়ায় মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। এসব বিষয়ে বেলাল জানান, আমার বিরুদ্ধে করা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি কুচক্রী মহলের সাজানো চক্রান্ত। আদালতে তিনি কোনো মিথ্যা তথ্য দেননি বা আদালতকে বিভ্রান্ত করেননি। আপিল বিভাগের আদেশের পর তিনি নির্ধারিত কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জেই যোগদান করে নিয়মিত দায়িত্ব পালন করেছেন।

বগুড়ায় মারপিট ও হত্যাচেষ্টার মামলার বিষয়ে বেলাল হোসেনের দাবি করেন, ৪ থেকে ৬ আগস্ট ২০২৪ সময়কালে তিনি সম্পূর্ণ সময়ে চাঁপাইনবাবগঞ্জে বিসিকের কার্যালয়ে দাপ্তরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

বিসিকের সার্বিক বিষয়ে সংস্থার নতুন চেয়ারম্যান বেনজীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অর্থনীতিকে মূলধারায় যুক্ত করার আগে প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। সংশ্লিষ্ট বিষয়গুলো মন্ত্রণালয় তদারক করবে এবং দুদক বা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা