গ্রাফিক্স: এআই
কাগজে লাইসেন্স আছে, সড়ক-ফুটপাত দখল না করার অঙ্গীকারনামাও আছে। কিন্তু ট্রান্সপোর্ট এজেন্সিগুলোর বড় অংশের নিজস্ব লোডিং-আনলোডিং ব্যবস্থা নেই। ফলে সরকারি সড়ক ও ফুটপাতেই রাখা হচ্ছে পণ্য, দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ। বিশেষ করে সন্ধ্যার পর লোডিং-আনলোডিংয়ের নামে সড়ক দখলের এই প্রবণতা বাড়ে। এতে যানজটের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।
পুরান ঢাকার সিদ্দিক বাজার থেকে ধোলাইখালের গোয়ালঘাট লেন পর্যন্ত সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির কাউন্টারের সামনে ব্যস্ত সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী যান। চালানের বস্তা ও কার্টন রাখা হচ্ছে ফুটপাতেও। সরকারি সড়ক ও ফুটপাত কার্যত এসব প্রতিষ্ঠানের অনানুষ্ঠানিক লোডিং-আনলোডিংয়ের জায়গায় পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিদ্দিক বাজার ছাড়িয়ে গোয়ালঘাট লেন পর্যন্ত ছোট-বড় অসংখ্য ট্রান্সপোর্ট এজেন্সির কাউন্টার রয়েছে। আশপাশের আরমানিটোলা, মালিটোলা, বংশাল, সুরিটোলা, বাবুবাজার, বাদামতলী, নিমতলী, নবাবপুর রোড, ইংলিশ রোড, নয়াবাজার ও নর্থসাউথ রোডেও রয়েছে এ ধরনের প্রতিষ্ঠান। ডেমরার উত্তর কুতুবখালীতেও ট্রান্সপোর্ট ব্যবসা রয়েছে।
চানখাঁরপুলের ১৮ নবাব কাটারায় রয়েছে মক্কা ট্রান্সপোর্ট এজেন্সি। প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় পণ্য পাঠায়। পণ্য পাঠাতে হলে রাত ১০টার আগে এখানে বুকিং দিতে হয়। একই হোল্ডিংয়ের পৃথক একটি কক্ষে রয়েছে ‘আবীর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’ নামে আরেকটি প্রতিষ্ঠান। আশপাশের সড়কেও রয়েছে আরও কয়েকটি পার্সেল ও কুরিয়ার সার্ভিস। এসব প্রতিষ্ঠানের পণ্যও সড়কের ওপর লোডিং-আনলোডিং করা হয়।
মক্কা ট্রান্সপোর্টের পশ্চিম পাশে ৭৮/৩ নাজিমুদ্দিন রোডে রয়েছে ‘আগমনী ট্রান্সপোর্ট অ্যান্ড কার্গো সার্ভিস’। ফলে অল্প দূরত্বের মধ্যেই একাধিক ট্রান্সপোর্ট, পার্সেল ও কুরিয়ার প্রতিষ্ঠানের কার্যক্রমের চাপ পড়ছে সড়কে। এসব প্রতিষ্ঠানের বড় অংশের শুরু সড়কের পাশে ছোট দোকান বা কাউন্টারঘর দিয়ে। নিজস্ব গোডাউন বা শেড না থাকায় কাউন্টার ঘিরেই পণ্য জমে। অফিসের সামনে গাড়ি দাঁড়ায় এবং সড়কেই হয় পণ্য ওঠানো-নামানো। ফলে ব্যবসার অবকাঠামোগত ঘাটতির দায় শেষ পর্যন্ত গিয়ে পড়ছে নগরবাসীর চলাচলের জায়গায়।
লাইসেন্স আছে, নেই কার্যকর নিয়ন্ত্রণ
নথি বলছে, ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবসার বৈধ স্বীকৃতি রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রকাশিত সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬-এর ১৪১ নম্বর ক্রমিকে ব্যবসার ধরন হিসেবে ‘পরিবহন ঠিকাদার ও পরিবহন এজেন্সি’ উল্লেখ রয়েছে। এ শ্রেণির ব্যবসার জন্য লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। অর্থাৎ সিটি করপোরেশনের রাজস্ব কাঠামোয় ব্যবসাটির স্বীকৃতি রয়েছে। কিন্তু লাইসেন্স পাওয়ার পর কোথায় পণ্য রাখা হবে, কোথায় লোডিং-আনলোডিং হবে এবং পণ্যবাহী গাড়ি কোথায় দাঁড়াবে— এসব বিষয়ে পৃথক পূর্ণাঙ্গ নীতিমালা নেই।
সড়ক পরিবহন আইনে যানবাহনের নিবন্ধন, ফিটনেস ও পারমিটের বিষয় নিয়ন্ত্রিত হলেও ট্রান্সপোর্ট এজেন্সির অফিস, পণ্য সংরক্ষণ, লোডিং-আনলোডিং ও পার্কিং ব্যবস্থাপনা নিয়ে আলাদা কাঠামো নেই। বিপরীতে কুরিয়ার খাতের জন্য ‘মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩’-এ পৃথক লাইসেন্সিং ও কার্যক্রম পরিচালনার কাঠামো রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি ট্রান্সপোর্ট এজেন্সির নিজস্ব মালামাল লোড-আনলোডের জায়গা থাকা উচিত। কিন্তু ঢাকায় জায়গার সংকট থাকায় বিশেষ অঙ্গীকারনামার শর্তে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হয়। অঙ্গীকারনামায় যানজট সৃষ্টি করে মালামাল লোড-আনলোড না করা, জন ও যান চলাচলে বিঘ্ন না ঘটানো এবং রাস্তা বা ফুটপাতে ব্যবসার কোনো মালামাল না রাখার শর্ত রয়েছে। জনবিরক্তি সৃষ্টি, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কাজ না করার পাশাপাশি শিশুশ্রম বা অপ্রাপ্তবয়স্ক কর্মী নিয়োগেও নিষেধাজ্ঞা রয়েছে।
কিন্তু সরেজমিনের চিত্র এই শর্তের বিপরীত। সিদ্দিক বাজার থেকে গোয়ালঘাট লেন পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কের পাশে পণ্য রাখা, ট্রাক-পিকআপ দাঁড় করিয়ে লোডিং-আনলোডিং এবং ফুটপাত ব্যবহারের দৃশ্য দেখা গেছে। সন্ধ্যার পর একাধিক গাড়ি দাঁড়ালে সড়কের কার্যকর প্রস্থ আরও কমে যায়। তখন যানজটের পাশাপাশি পথচারীদেরও মূল সড়কে নেমে চলাচল করতে হয়।
নীতিমালা না থাকায় লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াতেও প্রশ্ন রয়েছে। শুধু সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করা হচ্ছে। এর সঙ্গে ট্রাফিক বিভাগের অনাপত্তি ও পণ্য লোডিং-আনলোডিংয়ের সক্ষমতা যাচাই-বাছাই করা হচ্ছে না। ফলে ট্রেড লাইসেন্স দেওয়ার সুযোগ থাকায় একই হোল্ডিং নম্বরে তিন-চারটি পর্যন্ত ট্রান্সপোর্ট অফিস খোলার ঘটনা ঘটছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব লোডিং-আনলোডিং ব্যবস্থা না থাকায় প্রতিটি প্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ির চাপ গিয়ে পড়ছে সড়কে।
ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির সভাপতি দোলন কান্তি বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ট্রেড লাইসেন্স দেওয়ার নিয়মটি পরিমার্জন করা অত্যন্ত জরুরি। ট্রাফিক বিভাগের অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া বাধ্যতামূলক করা হলে একই হোল্ডিংয়ে একাধিক লাইসেন্স দেওয়ার প্রবণতা কমবে।
ঢাকার পণ্য পরিবহন খাতের অবকাঠামোগত ঘাটতিকে দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর ঢাকার পরিধি বহুগুণ বাড়লেও পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। সংকট সমাধানে নির্দিষ্ট ‘ট্রান্সপোর্ট জোন’ তৈরির চিন্তা করতে হবে সরকারকে। সেখানে ব্যবসায়ীদের নিজস্ব গোডাউন ও পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে।
অঙ্গীকারনামার শর্ত ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান ডিএসসিসির ওই কর্মকর্তা। অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হতে পারে। প্রয়োজনে কারণ দর্শানোর নোটিস দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। তদন্তে শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে এবং জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধেরও সুযোগ রয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি
সংশ্লিষ্ট এলাকাগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণের এখতিয়ার পুলিশের লালবাগ ট্রাফিক বিভাগের ওপর ন্যস্ত। পুরান ঢাকার সড়কে যানজটের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশের কাছে স্বীকার করেছেন লালবাগ ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, ট্রান্সপোর্ট এজেন্সিগুলোর মালামাল রাখার নিজস্ব ব্যবস্থা বা পর্যাপ্ত জায়গা নেই। ফলে তারা সড়কেই লোডিং-আনলোডিং করায় যানজট তৈরি হচ্ছে।
মফিজুল ইসলাম জানান, ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী যানজট এড়াতে রাত ১০টার পর পণ্যবাহী ট্রাক এলাকায় প্রবেশ এবং সকাল ৮টার মধ্যে এলাকা ত্যাগ করার কথা। লাইসেন্স দেওয়ার সময় ট্রাফিক বিভাগের এনওসি নেওয়ার বিষয়ে তিনি বলেন, এসব ট্রেড লাইসেন্স ইস্যুর সময় ট্রাফিক বিভাগের সঙ্গে কোনো আলোচনা বা সমন্বয় করা হয় না। অন্তত তিনি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো প্রক্রিয়া দেখেননি।
পণ্য পরিবহন ব্যবস্থার পুরো কার্যক্রমকে নীতিমালার আওতায় এনে প্ল্যানিং অ্যাসেসমেন্টের মাধ্যমে উপযুক্ত অবস্থান নির্ধারণের কথা বলেছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নগরে বহুমাত্রিক সেবার প্রয়োজনে পণ্য পরিবহন বা ট্রান্সপোর্ট এজেন্সির মতো কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যেহেতু এখানে বড় যানবাহন এবং সেগুলোর পণ্য লোড-আনলোডের বিষয় জড়িত, তাই পুরো প্রক্রিয়াটিকে অবিলম্বে শৃঙ্খলার মধ্যে আনা আবশ্যক।