তানভীর হাসান, আজিজুল ইসলাম ও সৌরভ হোসেন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫২ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর নতুন বাজার এলাকা। অটোরিকশা চালাচ্ছেন ৪৪ বছর বয়সী মো. ময়নাল বেপারী (ছদ্মনাম)। মাদারীপুরের শিবচরের অধিবাসী তিনি। একসময় ছিলেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ইউনিয়ন শাখার সদস্য। কিন্তু ২০২৪ সালের আগস্টের শেষ দিকে চলে এসেছেন ঢাকায়। প্রথমদিকে ছিলেন যাত্রাবাড়ীতে। পরে ওয়ারীর একটি অটোগ্যারেজ থেকে অটো ভাড়া নিয়ে চালাতে শুরু করেন। তবে নিরাপত্তার তাগিদে অবস্থান বদল করেছেন বেশ কয়েকবার। বর্তমানে থাকছেন নতুন বাজার এলাকায়। ময়নাল বললেন, ‘পরিস্থিতির শিকার হয়ে আজ আমি অটোরিকশা চালাচ্ছি। এলাকায় থাকতে বালুর ব্যবসা করতাম। আর কতদিন এভাবে পালিয়ে থাকব, বলেন?’ ময়নাল জানালেন, তিনটি মামলা রয়েছে তার নামে। তবে স্বপ্ন দেখেন, নিজের এলাকায় আবার ফিরে গিয়ে ব্যবসা করবেন।
পল্টনে ব্যাটারিচালিত অটোরিকশা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. শফিকুল ইসলাম (ছদ্দনাম)। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ওয়ার্ড পর্যায়ের এই নেতা প্রতিদিনের বাংলাদেশকে জানালেন, ‘এলাকার সাহেবি জীবন ছেড়ে আজ রিকশার ড্রাইভারি করতে হচ্ছে। কাউকে এসব বলতেও পারি না। আবার সইতেও পারি না।’ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেন কি না জানতে চাইলে বললেন, ‘এসব কথা বলা যাবে না।’ তবে সরকারবিরোধী বড় আন্দোলনের ডাক এলে তাতে অবশ্যই যোগ দেবেন বলে জানান তিনি।
রাজধানীতে এরকম কেবল একজন বা দুইজন নয়Ñ ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অন্তত ২৫ শতাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আত্মরক্ষার জন্যে তারা ঢাকায় এসে আত্মগোপন করে ‘টেসলা’ চালাচ্ছেন। অনুসন্ধানে আরও জানা গেছে, এদের একটি বড় অংশই মাদকাসক্ত। ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ৩৪ শতাংশই নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করেন। এদের অনেকে মাদক সেবনের পাশাপাশি এই ব্যবসাতেও লিপ্ত বলে অভিযোগ রয়েছে। অনেকেই যুক্ত অনলাইন জুয়া খেলার সঙ্গে। অর্থাৎ ‘টেসলা’ চালকদের ৫৯ শতাংশ আওয়ামী লীগের নেতাকর্মী ও মাদকাসক্ত। বাকি ৪১ শতাংশ মাদকমুক্ত এবং অন্যান্য দলের সঙ্গে যুক্ত কিংবা কোনো দলেই যুক্ত নন। রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, নতুন বাজার, কল্যাণপুর ও উত্তরা এলাকার ১৭টি রিকশা গ্যারেজের ৬৭২ চালকের তথ্য বিশ্লেষণ করে প্রতিদিনের বাংলাদেশ চাঞ্চল্যকর এসব তথ্য উদঘাটন করেছে।
অনুসন্ধানের পৃথক বিশ্লেষণে দেখা গেছে, ৬৭২ চালকের মধ্যে ১৬৯ জন বা ২৫ শতাংশই আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। এদের একটি বড় অংশ ঢাকা এসেছে ২০২৪-এর আগস্টের পর। তাদের অনেকে সরাসরি বলেছেন যে, সরকারবিরোধী বড় আন্দোলনের ডাক এলে তারা রাজপথে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। একই জরিপের তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২২৮ জন নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করেন বলে জানিয়েছেন। যা মোট ‘টেসলা’ চালকের ৩৪ শতাংশ। অবশ্য মাদকাসক্তদের কতজন কোন সংগঠনের সঙ্গে যুক্ত বা কতজন যুক্ত ননÑ এমন কোনো দিক নিয়ে তথ্যানুসন্ধান চালানো হয়নি। তবে অতীতে সহিংস রাজনীতিতে মাদকাসক্তদের ব্যবহার করার দৃষ্টান্ত থাকায় রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের কাজে এদের অপব্যবহার করা হতে পারে। অনুসন্ধানে এ-ও জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ‘টেসলা’ চালকদের এই রাজনৈতিক সম্পৃক্ততা ও মাদকাসক্তির বিষয়ে সমন্বিত কোনো তথ্যভান্ডার নেই।
১৭ গ্যারেজে ৬৭২ চালক
রাজধানীর পাঁচটি এলাকার ১৭টি রিকশা গ্যারেজে অনুসন্ধান চালিয়ে প্রতিদিনের বাংলাদেশ জানতে পেরেছে, গত ২০২৪ সালের আগস্টের পর এসব গ্যারেজে নতুন চালক বেড়েছে। ৬৭২ চালকের মধ্যে ১২৭ জন ওই বছরের ৫ আগস্টের পর ঢাকায় এসেছেন। তাদের মধ্যে ৪২ জন গ্রামে থাকার সময় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্বীকার করেছেন। তথ্য বিশ্লেষণে আরও জানা গেছে, ৬৭২ চালকের মধ্যে ১৬৯ জনই আওয়ামী লীগ কর্মী। ২২৮ জন চালক নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করেন। মাদকাসক্তদের একটি অংশ সারাদিনে রিকশা চালিয়ে রাতে গাঁজা সেবন করে ঘুমান। অপর একটি অংশ ইয়াবা সেবনের পর সারারাত রিকশা চালান। অবশ্য এই ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতৃস্থানীয় বা থানা পর্যায়ের নেতাদের কাউকে পাওয়া যায়নি। অর্থাৎ তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, রাজনৈতিকভাবে নিচের সারির কর্মী ও সমর্থকদের একটি অংশই এলাকায় প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে রাজধানীতে এসে রিকশা চালাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক অনুকূল অবস্থার জন্য অপেক্ষা করছেন।
গ্যারেজ মালিকদের বাস্তবতা
কল্যাণপুরের দক্ষিণ পাইকপাড়ার একটি গ্যারেজে গিয়ে দেখা যায়, সেখানে তখন ৩৭টি রিকশার মধ্যে ১২টি আছে। কেউ সারারাত রিকশা চালিয়ে সকালে ঘুমাচ্ছেন, আবার কেউ রিকশা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। গ্যারেজ মালিক শাহিন মিয়া বলেন, নতুন চালকদের সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। পুরনো চালকদের মাধ্যমে সাধারণত নতুন চালক নিয়োগ দেওয়া হয়। তার গ্যারেজে দীর্ঘদিন ধরে থাকা চালকদের বেশিরভাগই সাতক্ষীরা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার।
শাহিন মিয়া জানান, আশপাশের কয়েকটি গ্যারেজে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের কিছু চালক আগে কাজ করতেন। এখন তাদের আর দেখা যায় না। শাহিনের ভাষ্য, চালকদের মধ্যে মাদকাসক্ত যেমন আছে, তেমনি অনেক ভালো এবং নিরীহ মানুষও রয়েছেন। মাদকাসক্ত চালকদের কারণে গাড়ি ও ব্যাটারি চুরির ঘটনাও ঘটে। গত এক বছরে এ কারণে তার দুটি গাড়ি হারিয়েছে। একটি ঘটনায় জামালপুরের এক চালক প্রায় এক মাস গাড়ি চালিয়ে স্ত্রী-সন্তানসহ পালিয়ে গেছে।
যাত্রাবাড়ীর শনির আখড়ার মুসলিমাবাদ মসজিদের পেছনে অবস্থিত ৬৫টি গাড়ির গ্যারেজ মালিক আব্দুর রহীম বলেন, ‘চালকদের সবাই খারাপ নন। তবে ভবঘুরে ও মাদকাসক্ত কিছু চালক রয়েছে। গত ১০-১২ বছরে মাদকাসক্ত চালকের সংখ্যা বেড়েছে।’ চালকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা খারাপ বা মাদকাসক্ত, তাদের টাকা দিয়ে ব্যবহার করা যায়। তাদের নির্দিষ্ট রাজনৈতিক দল নেই।’ তার ভাষায়, ‘এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি।’ তার এই বক্তব্য থেকে অনুমেয়, গ্যারেজকেন্দ্রিক শ্রমবাজারে রাজনৈতিক পরিচয়ের চেয়ে স্থানীয় প্রভাব ও অর্থের বিনিময়ে সংগঠিত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে।
অবৈধ চার্জিংয়ের বিশাল নেটওয়ার্ক
রাজনৈতিক পরিচয় ও মাদকের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলোকে ঘিরে রয়েছে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিশাল নেটওয়ার্ক। ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি অপরাধ বিভাগে প্রায় ৪৮ হাজার ১৩৬টি অবৈধ চার্জিং পয়েন্ট এবং ৯৯২টি গ্যারেজ রয়েছে। মিরপুর বিভাগে ৩ হাজার ৯৮৩টি চার্জিং পয়েন্ট ও ২৫৯টি গ্যারেজ, ওয়ারী বিভাগে ৩ হাজার ৫১৬টি চার্জিং পয়েন্ট ও ১৩৬টি গ্যারেজ এবং গুলশান বিভাগে ২ হাজার ৬৪৩টি চার্জিং পয়েন্ট ও ১২৮টি গ্যারেজ রয়েছে। উত্তরা বিভাগে ১ হাজার ৩০৫টি চার্জিং পয়েন্ট ও ৭২টি গ্যারেজ, মতিঝিলে ১ হাজার ৩৯০টি চার্জিং পয়েন্ট ও ৬০টি গ্যারেজ এবং লালবাগে ১৯৯টি চার্জিং পয়েন্ট ও ৭৭টি গ্যারেজ রয়েছে। তেজগাঁও ও রমনা বিভাগেও রয়েছে একাধিক অবৈধ গ্যারেজ। এসব গ্যারেজে প্রতিদিন বিপুলসংখ্যক রিকশা রাখা হয়, চার্জ দেওয়া হয়। ফলে অবৈধ বিদ্যুৎ ব্যবহার যেমন বাড়ছে, তেমনি অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা।
অভিযান চললেও বন্ধ হয় না গ্যারেজ
গত ২০ আগস্ট মিরপুরের হাজি রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৭০টি ব্যাটারি জব্দ এবং ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর ৩০ আগস্ট রাতে মিরপুরের কাফরুল স্টাফ কোয়ার্টার সংলগ্ন পকেট বস্তি, রূপনগরের ঝিলপাড়, চলন্তিকা ও টিনশেড বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ মিটার বৈদ্যুতিক তার, প্রায় ৫০০টি চার্জিং পয়েন্ট, তিনটি চার্জিং অ্যাডাপ্টার ও একাধিক বৈদ্যুতিক মিটার জব্দ এবং ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অর্থাৎ অভিযান হচ্ছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে; কিন্তু গ্যারেজ ও চার্জিং পয়েন্টের বিস্তার বন্ধ হচ্ছে না।
রাজনৈতিক পরিচয় ও মাদক নিয়ে শঙ্কা
রাজধানীর গলিপথে প্রতিদিন হাজার হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। চালকদের বড় অংশই নিম্ন-আয়ের মানুষ। তাদের বেশিরভাগেরই রাজনৈতিক পরিচয় বা মাদকসম্পৃক্ততা নেইÑ এ কথাও স্পষ্ট গ্যারেজ মালিকদের বক্তব্য থেকে। কিন্তু অনুসন্ধানে ৬৭২ চালকের মধ্যে রাজনৈতিকভাবে সক্রিয় আওয়ামী লীগ কর্মী এবং নিয়মিত মাদকসেবী চালকের যে সংখ্যা উঠে এসেছে, তা রাজধানীর অপ্রাতিষ্ঠানিক পরিবহন খাতের নিরাপত্তা ও নজরদারি নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচির সময় এই চালকদের একটি অংশ রাজপথে সক্রিয় হওয়ার প্রস্তুতি রাখলে তাদের ব্যবহার করে সংঘাত বা নাশকতার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। একইভাবে মাদকাসক্ত চালকদের হাতে যাত্রী পরিবহন, যানবাহন ও সড়কের নিরাপত্তা কতটা নিশ্চিতÑ সেটিও বড় প্রশ্ন।
নীতিমালা আসছে, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রধান ও ভিআইপি সড়কে এসব যান চলবে না; রাজধানীকে আটটি জোনে ভাগ করে রঙের মাধ্যমে যান শনাক্ত করার কথা রয়েছে। সর্বোচ্চ চার যাত্রী বহনকারী নিবন্ধিত রিকশাকে অলিগলিতে চলার অনুমতি এবং বড় ছয় যাত্রীর অটোরিকশা রাজধানী থেকে বাদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে বুয়েট বা পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি অনুমোদন এবং ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। চার্জিংয়ের ক্ষেত্রেও অনুমোদিত ব্যবস্থা এবং ধীরে ধীরে সৌরবিদ্যুৎ-ভিত্তিক চার্জিংয়ের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে, নিত্যনতুন গ্যারেজ, নতুন চার্জিং পয়েন্ট ও নতুন রিকশা তৈরি হচ্ছে। বাস্তবতা হলো চালক নিয়োগ, গ্যারেজের নিবন্ধন, রাজনৈতিক পরিচয়, মাদক-সম্পৃক্ততা, গাড়ির মালিকানা ও চার্জিং ব্যবস্থাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা না গেলে রাজধানীর ব্যাটারিচালিত রিকশা খাত রাজনৈতিক অস্থিতিশীলতার বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।
যা বলছেন অপরাধ বিশেষজ্ঞ
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘নতুন করে রিকশা বা অটোরিকশার যে ঢল দেখা যাচ্ছে, সেটিকে সতর্কভাবে দেখতে হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেউ যখন তার পূর্বের কর্মকাণ্ডের কারণে রাজনীতির মাঠ থেকে দূরে থাকে কিংবা রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকে, তখন নিজেদের অধিকার আদায় বা জনমুখিতা তৈরির জন্য সমাজের দরিদ্র ও মাদকাসক্ত মানুষদের কখনও অর্থের বিনিময়ে, আবার কখনও ভুল বুঝিয়ে রাজনৈতিক কর্মসূচিতে মাঠে নামিয়ে থাকে।’ তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন সমাজকে সতর্ক থাকতে হবে।’ঢ়
পুলিশের বক্তব্য
গ্যারেজকে সম্ভাব্য অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে নজরদারি করা হচ্ছে কি না জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের নজরে সবাই আছে। শুধু গ্যারেজ না, আরও অনেক বিষয়কেই আমরা অবজেক্ট ধরে কাজ করছি। অপরাধীরা যেসব স্থানে অবস্থান নিতে পারে, সব জায়গাই আমরা নজরে নিয়ে কাজ করছি।’ তিনি জানান, অপরাধের আলোকে যেসব বিষয়কে থ্রেট মনে হয়, সেসব ক্ষেত্রে অভিযান পরিচালনা করা হয়। গ্যারেজেও সম্প্রতি অভিযান হয়েছে।