রাজধানীর অলিগলিতে প্রতিদিন হাজার হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। ছবি: সংগৃহীত
রাজধানীর অলিগলিতে প্রতিদিন হাজার হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। বাহনগুলো ‘টেসলা’ নামে পরিচিত। সাধারণত এসব বাহনের চালকদের বড় অংশই নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনের বাংলাদেশ-এর সরেজমিন এক অনুসন্ধানে এই বাহন সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তা নিছক পরিবহন-সংক্রান্ত বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নগরীর নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনজীবনের স্বাভাবিকতার প্রশ্ন।
প্রতিদিনের বাংলাদেশ-এ গতকাল ‘রাজধানীর টেসলা : বাহন থেকে সহিংস রাজনীতির ছক’- শীর্ষক প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলো ঘিরে রয়েছে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিশাল নেটওয়ার্ক। ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর আটটি অপরাধ বিভাগে প্রায় ৪৮ হাজার ১৩৬টি অবৈধ চার্জিং পয়েন্ট এবং ৯৯২টি গ্যারেজ রয়েছে। এসব গ্যারেজে প্রতিদিন বিপুলসংখ্যক রিকশা রাখা হয়, চার্জ দেওয়া হয়। ফলে অবৈধ বিদ্যুৎ ব্যবহার যেমন বাড়ছে, তেমনি অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশ-কে বলেছেন, নতুন করে রিকশা বা অটোরিকশার যে ঢল দেখা যাচ্ছে, সেটিকে এখনই সতর্কভাবে দেখতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের পর এসব গ্যারেজে নতুন চালক বেড়েছে। চালকদের ২৫ শতাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।গা-ঢাকা দিতে তারা ঢাকায় এসে ‘টেসলা’ চালাচ্ছেন। রাজধানীর ১৭টি গ্যারেজের ৬৭২ জন চালকের তথ্য অনুসন্ধানে দেখা গেছে, ১২৭ জন ওই বছরের ৫ আগস্টের পর ঢাকায় এসেছেন। তাদের মধ্যে ৪২ জন গ্রামে থাকার সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। যদিও তারা নিচের সারির কর্মী ও সমর্থক। তাদের অপেক্ষা একটি রাজনৈতিক অনুকূল পরিবেশ। আরও জানা গেছে, চালকদের ৩৪ শতাংশই নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করেন। তাদের কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ রয়েছে। বাকি ৪১ শতাংশ মাদকমুক্ত এবং অন্যান্য দলের সঙ্গে যুক্ত কিংবা কোনো দলেই যুক্ত নন। রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, নতুন বাজার, কল্যাণপুর ও উত্তরা এলাকার উল্লিখিত চালকের তথ্য বিশ্লেষণ করে প্রতিদিনের বাংলাদেশ চাঞ্চল্যকর এসব তথ্য উদঘাটন করেছে।
প্রতিবেদনের আলোকে বলা প্রয়োজন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা অপরাধ নয়, যদি না তা আইনের ব্যত্যয় ঘটায়। তা ছাড়া কারও বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও যথাযথ যাচাই ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে বিবেচিত হতে পারে না। কিন্তু যদি সংশ্লিষ্ট তথ্য তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগের। কারণ যাত্রী পরিবহন শুধু একটি পেশা নয়; চালকের হাতে থাকে মানুষের জীবন। সবচেয়ে বড় প্রশ্ন হলোÑ এই বিপুলসংখ্যক চালককে যদি সংঘাতমুখী রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে নাগরিক নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে। সরকারবিরোধী আন্দোলন, পাল্টাপাল্টি কর্মসূচি কিংবা রাজনৈতিক উত্তেজনার সময়ে গণপরিবহনকে অবরোধ, হামলা, ভাঙচুর বা আকস্মিক সহিংসতার হাতিয়ার বানানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অতীতে তার বহু দৃষ্টান্ত রয়েছে। তবে এ বিষয়ে নিরপেক্ষ গোয়েন্দা তদন্ত ও প্রমাণ প্রয়োজন।
আমরা মনে করি, এখানে সরকারের দায়িত্ব দ্বিমুখী। একদিকে অপরাধী বা সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে; অন্যদিকে কেবল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো চালককে হয়রানি বা বঞ্চিত করা যাবে না। অপরাধের বিচার হবে অপরাধের প্রমাণের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। একইভাবে মাদকাসক্ত চালকের বিষয়টিও কেবল আইনশৃঙ্খলার প্রশ্ন নয়। চালকদের ক্ষেত্রে নিয়মিত ডোপ টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা, কাউন্সেলিং ও প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা থাকা জরুরি।
তবে আশার কথা, সরকার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রধান ও ভিআইপি সড়কে এসব যান চলবে না; রাজধানীকে আটটি জোনে ভাগ করে রঙের মাধ্যমে যান শনাক্ত করার কথা রয়েছে। পদক্ষেপ সময়োপযোগী হলেও বাস্তবতা হলোÑ চালক নিয়োগ, গ্যারেজের নিবন্ধন, রাজনৈতিক পরিচয়, মাদক-সম্পৃক্ততা, গাড়ির মালিকানা ও চার্জিং ব্যবস্থাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা না গেলে রাজধানীর ‘টেসলা’ সামাজিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিতিশীলতার বড় কারণ হয়ে উঠতে পারে।
রাজধানীর রাস্তা কোনো রাজনৈতিক দলের ‘মাঠ’ কিংবা মাদকাসক্ত ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়া উচিত নয়। আমরা মনে করি, পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত, পেশাদার ও জবাবদিহিমূলক করার এখনই সময়। এ ক্ষেত্রে চালকদের পরিচয় যাচাই, পেশাগত প্রশিক্ষণ, লাইসেন্স নবায়নে স্বাস্থ্য ও মাদক পরীক্ষা এবং যাত্রীদের অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা চালু করতে হবে।
‘টেসলা’ এখন রাজধানীসহ সারা দেশে অত্যন্ত জনসম্পৃক্ত গণপরিবহনে পরিণত হয়েছে। একই সঙ্গে এ ক্ষুদ্র যানটি লাখ লাখ মানুষের জীবন-জীবিকার অবলম্বনও বটে। তাই উচ্ছেদ নয়, এর চলাচলে শৃঙ্খলা আনাই সমস্যা নিরসনের উপায়। শহরে ওয়ার্ড কমিশনারের অফিস থেকে এবং গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স গ্রহণের বিধান করে সহজেই এ পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে। একই সঙ্গে টেসলা চালকের ছদ্মবেশে যাতে কোনো সমাজবিরোধী-দুষ্কৃতকারী তাদের অপকর্ম সাধনের সুযোগ না পায়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অধিকতর সক্রিয় হতে হবে।