× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসসিসির সিস্টেমে জাল লাইসেন্স ঢুকল কীভাবে

রাহাত হুসাইন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১২:০৮ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনায় এক বছরের ব্যবধানে আরও ৪৭টি জাল ট্রেড লাইসেন্স শনাক্ত হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনায় এক বছরের ব্যবধানে আরও ৪৭টি জাল ট্রেড লাইসেন্স শনাক্ত হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনায় এক বছরের ব্যবধানে আরও ৪৭টি জাল ট্রেড লাইসেন্স শনাক্ত হয়েছে।

এসব লাইসেন্স কোনো আবেদন, যাচাই-বাছাই বা প্রশাসনিক অনুমোদন ছাড়াই সিস্টেমে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২৭৬টি ভুয়া লাইসেন্স শনাক্ত হলেও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। নতুন করে শনাক্ত ৪৭টি লাইসেন্সের বাইরেও আরও ভুয়া লাইসেন্স থাকার আশঙ্কা প্রকাশ করেছে ডিএসসিসির অঞ্চল-৮।

চলতি বছরের ২৫ জুন ডিএসসিসির অঞ্চল-৮ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো এক দাপ্তরিক নথিতে ৪৭টি ট্রেড লাইসেন্সকে বিধিবহির্ভূত ও জালিয়াতির মাধ্যমে ইস্যু করা হয়েছে বলে উল্লেখ করা হয়। নথিতে এসব লাইসেন্স বাতিল এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। নথিতে মতামত দেন অঞ্চল-৮-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার (বিবিধ আদায় শাখা) মুহম্মদ মামুন খান ও মো. লোকমান হোসেন, উপকর কর্মকর্তা শামীম মিঞা এবং কর কর্মকর্তা আনোয়ার হোসেন।

নথিতে বলা হয়, এসব লাইসেন্স অঞ্চল-৮-এর দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, উপকর কর্মকর্তা কিংবা কর কর্মকর্তার মাধ্যমে ইস্যু হয়নি। লাইসেন্সগুলোর বিপরীতে কোনো লিখিত বা অনলাইন আবেদনও জমা পড়েনি। এর আগে গত বছর ১৮ মার্চ ৪০টি জাল ট্রেড লাইসেন্সের একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই লাইসেন্সগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ডিএসসিসির বিধি অনুযায়ী, ট্রেড লাইসেন্স পেতে আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের ছবি, ভাড়ার চুক্তিপত্র অথবা নিজস্ব ভবনের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের কপি জমা দিতে হয়। ব্যবসার ধরন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমোদনসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করতে হয়। কিন্তু আলোচিত ৪৭টি লাইসেন্সের ক্ষেত্রে এসব ধাপের কোনোটি অনুসরণ করা হয়নি। ডিএসসিসির আইসিটি সেলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, করপোরেশনের নীতি অনুযায়ী প্রতিটি জোনাল অফিসের লাইসেন্স সুপারভাইজারের জন্য পৃথক ইউজার আইডি ও পাসওয়ার্ড বরাদ্দ থাকে। ফলে ট্রেড লাইসেন্স ব্যবস্থায় কোনো এন্ট্রি বা কার্যক্রম সম্পন্ন হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ইউজার আইডির ব্যবহারকারীকেই এর দায় বহন করতে হয়।

তবে শুধু ইউজার আইডির ভিত্তিতে দায় নির্ধারণ যথেষ্ট নয় বলে মনে করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে, সার্ভারের ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে প্রকৃত উৎস শনাক্ত করা সম্ভব।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, জোনাল অফিসের বাইরে অন্য কোনো স্থান থেকে রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করে ট্রেড লাইসেন্স তৈরি করা হয়ে থাকলে, তা ডিজিটাল ফরেনসিক তদন্তের মাধ্যমে যাচাই করা সম্ভব।

অঞ্চল-৮-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মুহম্মদ মামুন খানের ইউজার আইডি হ্যাক হয়েছিল কি না- এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে জানতে তিনি অঞ্চল-৮-এর কর কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আনোয়ার হোসেন বলেন, অঞ্চল-৮-এর লাইসেন্স সুপারভাইজার ৪৭টি ট্রেড লাইসেন্সকে ভুয়া হিসেবে শনাক্ত করে একটি দাপ্তরিক নোট দিয়েছেন।

সরকারি রেকর্ডবহির্ভূত এসব লাইসেন্স ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে বলেও জানা গেছে। শনাক্ত হওয়া ৪৭টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে 'বেস্ট বাই', 'পপুলার আইসক্রিম', 'এস আই লজিস্টিক', 'মেসার্স এ এন অ্যাপারেলস' এবং 'আইরিশ বুক বাইন্ডিং'-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। তবে এসব প্রতিষ্ঠান জালিয়াতিতে জড়িত, নাকি নিজেরাই প্রতারণার শিকার। তা এখনও তদন্তাধীন।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, সিটি করপোরেশনের সিস্টেমের বাইরে থেকে একটি অসাধু চক্র ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করছে। নতুন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে করপোরেশনের অবস্থান জানতে চাইলে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খয়বর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা