কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
২ আগস্ট, রবিবার বিকাল ৪টা। জাতীয় প্রেস ক্লাবের সামনে শাঁখা-সিঁদুর পরা নারী, শিশু ও বয়স্ক পুরুষ হাতে ব্যানার, পোস্টার নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। ব্যানার থেকে জানা গেল, তারা পুরান ঢাকার ১ নম্বর মিনিয়ালস কোয়ার্টার, মিটফোর্ড হাসপাতাল হরিজন কলোনির বাসিন্দা। বসতভিটা থেকে উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধনে এসেছেন। তাদের ব্যানারে লেখা, ‘যুগ যুগ ধরে বংশপরম্পরায় একই জায়গায় বসবাস করার পরও আমরা বহিরাগত!’ আরেকটি দাবি, ‘স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না করে আমাদের উচ্ছেদ করা যাবে না।’
মিটফোর্ডের এই বাসিন্দাদের সামনে এখন একসঙ্গে দুটি অনিশ্চয়তা। পুরনো বাসা ছাড়তে হবে, কিন্তু নতুন ঠিকানা নেই। অন্যদিকে বংশপরম্পরায় পরিচ্ছন্নতার কাজ করে এলেও সেই পেশায় নিজেদের পরবর্তী প্রজন্মের চাকরির নিশ্চয়তাও নেই। তবে কর্তৃপক্ষ বলছে, রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতালের ধারণক্ষমতা ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি। ফলে বিকল্প ঠিকানা ছাড়া উচ্ছেদ হলে তারা যাবেন কোথায়Ñ এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কলোনির বাসিন্দাদের।
চলতি বছরের ৩০ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের উপ-পরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানের সই করা এক প্রশাসনিক নোটিসে ‘মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি)’ আগামী ৩০ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের সিদ্ধান্তে কলোনির ভবন অপসারণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৩১ আগস্ট থেকে কলোনির বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার কথাও বলা হয়েছে। নির্ধারিত সময়ে বাসা খালি না করলে পরবর্তী পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির দায় অবস্থানকারীদের বহন করতে হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
অথচ এর আগেই গত ২১ জুলাই বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের পক্ষ থেকে পুনর্বাসনের আবেদন করা হয়েছিল। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল প্রাঙ্গণে পুনর্বাসনের জন্য কোনো খালি জায়গা নেই। অর্থাৎ কর্তৃপক্ষের নোটিসেই পুনর্বাসনের সুযোগ না থাকার বিষয়টি স্পষ্ট।
মিটফোর্ড কলোনির চার প্রজন্মের বাসিন্দা বাবু লাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার চার পুরুষের জীবন-জীবিকা এই মিটফোর্ডেই কেটেছে। পূর্বপুরুষেরা এই হাসপাতালে পরিচ্ছন্নতার কাজ করেছেন। আমি কয়েক দফা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু চাকরি হয়নি। কয়েক দিন আগে আমার বোন চাকরি থেকে অবসরে গেছেন। আমরা সবাই গাদাগাদি করে তার কোয়ার্টারেই থাকি।’ তিনি বলেন, ‘উচ্ছেদ করলে আমরা কোথায় যাব? আমাদের তো অন্য কোনো ঠিকানা নেই। উচ্ছেদ করতেই হলে আগে পুনর্বাসনের জায়গা দেওয়া হোক।’
উচ্ছেদ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের মেডিক্যাল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কলোনির ভবনগুলো অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা বা ভূমিকম্পে প্রাণহানি এড়াতেই এগুলো অপসারণের সিদ্ধান্ত হয়েছে।’ তার ভাষ্য, ‘৯০০ শয্যার হাসপাতালে প্রতিদিন অন্তত ১ হাজার ৪০০ রোগী ফ্লোরে চিকিৎসা নেন। রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতালের ধারণক্ষমতা ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি। তাই এখানে নতুন প্রকল্প হবে, নতুন আবাসন নয়। আইন ও প্রশাসনিক নিয়ম মেনে অপসারণের কাজ করা হবে।’
তবে দীর্ঘদিন ধরে বসবাসের সরকারি কোনো রেকর্ড আছে কি না, পুরনো কর্মচারী কোয়ার্টার হিসেবে এসব ভবন কাদের জন্য বরাদ্দ ছিল এবং সেখানে বসবাসকারীদের কোনো দাপ্তরিক তালিকা সংরক্ষিত আছে কি না, সে প্রশ্নও উঠছে। কারণ বাসিন্দাদের দাবি, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে এসব কোয়ার্টারে বসবাস করছেন।
এদিকে মিটফোর্ড হাসপাতালের হরিজন কলোনি উচ্ছেদের প্রশাসনিক সিদ্ধান্ত ও নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ আগস্ট হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১১৭৫১/২০২৬ দায়ের করা হয়। রিটে আট আবেদনকারীর মধ্যে প্রথম পাঁচজন কলোনির ক্ষতিগ্রস্ত বাসিন্দা এবং বাকি তিনজন মানবাধিকার ও ভূমি অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান। রিটে বাসস্থান, জীবনধারণ ও সম্পদের অধিকারের সুরক্ষা চেয়ে সংবিধানের ২১, ৩১, ৩২ ও ৪২ অনুচ্ছেদের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। মামলাটি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চের কজলিস্টে রয়েছে। তবে এসব বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ততার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কোতোয়ালি থানার সহসভাপতি রিংকু শর্মার দেওয়া তথ্য মতে, মিটফোর্ড কলোনিটিতে ৬০টি পরিবার বসবাস করে। এর মধ্যে বর্তমানে ২৫টি হরিজন পরিবার, ২টি বাঙালি হিন্দু পরিবারে এবং বাকিরা মুসলিম পরিচ্ছন্নতা কর্মী। তিনি বলেন, নিজস্ব জমি না থাকায় এসব পরিবার গৃহহীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। আবার জাত-পরিচয়ের কারণে অনেক বাড়িওয়ালা হরিজনদের বাসা ভাড়া দিতে চান না। ফলে পুরনো কলোনিগুলোই তাদের জন্য আবাসনের প্রধান ভরসা হয়ে আছে।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বিমল ডোম অভিযোগ করে বলেন, ব্রিটিশ আমলে পৌরসভাগুলোতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে হরিজনরা কাজ শুরু করলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। এখনও অনেকে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করছেন। পাশাপাশি আমলাতান্ত্রিক অনিয়ম ও দুর্নীতির কারণে হরিজনদের বাদ দিয়ে অ-হরিজনদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তথ্য বলছে, ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে পরিচ্ছন্নতার কাজে শ্রমিক আনার ধারাবাহিকতায় হরিজন ও তেলেগু সম্প্রদায়ের মানুষের বসতি গড়ে ওঠে এ দেশে। শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা মেথরপট্টি বা সুইপার কলোনিই হয়ে ওঠে তাদের ঠিকানা। প্রজন্মের পর প্রজন্ম এসব জায়গায় বসবাস করেই তারা পরিচ্ছন্নতা পেশায় ছিলেন। এসব কলোনি তাদের সামাজিক জীবন, সংস্কৃতি ও সম্প্রদায়ভিত্তিক অস্তিত্বের কেন্দ্র হয়ে ওঠে। তবে সময় বদলেছে। বদলেছে পরিচ্ছন্নতার কাজও। সংশ্লিষ্টদের ভাষ্য, নব্বইয়ের দশকের পর বাঙালি সম্প্রদায়ের বহু মানুষও পরিচ্ছন্নতার কাজে যুক্ত হতে শুরু করেন।
তেলেগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক যোশেফ ইউকে নন্দম জয় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এসব পুরনো বসতির ওপর তেলেগু ও হরিজনদের আইনি মালিকানা নেই। ব্রিটিশ আমলে তাদের পূর্বপুরুষদের অলিখিতভাবে এসব জায়গায় বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল। সেভাবেই তারা প্রজন্ম থেকে প্রজন্মে বসবাস করছেন। তিনি বলেন, ‘আমাদের হাতে কোনো দলিল-দস্তাবেজ নেই।’ তার মতে, এই দালিলিক শূন্যতাই এখন উচ্ছেদের সময় তাদের সবচেয়ে বড় দুর্বলতা।
মিটফোর্ডের ঘটনা অবশ্য বিচ্ছিন্ন নয়। এর আগে ২০২৩ সালে ধলপুরে তেলেগু সম্প্রদায়ের বসতি উচ্ছেদের পর অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও স্থায়ী আবাসনের নিশ্চয়তা মেলেনি। এ ছাড়া ২০২৪ সালে মিরনজিল্লা হরিজন কলোনি ঘিরেও উচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে ক্ষমতার পালাবদলে সেই উদ্যোগ থেমে যায়। ধলপুর, মিরনজিল্লা কিংবা মিটফোর্ড, ঘটনার ধরন আলাদা হলেও প্রশ্ন প্রায় একই। যাদের পূর্বপুরুষেরা শহরের পরিচ্ছন্নতার কাজ করেছেন, শহর আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের বসবাসের জায়গাটিই অনিশ্চিত হয়ে পড়ছে।
নাগরিক অধিকার-ভিত্তিক সংগঠন সেন্টার ফর সিটিজেনস রাইটসের (সিসিআর) আহ্বায়ক অ্যাডভোকেট নোমান সালাম বলেন, ‘পরিচ্ছন্নতার কাজ আরও আধুনিক হবে। নতুন অবকাঠামোও তৈরি হবে। উন্নয়ন থামানোর কথা কেউ বলছে না। কিন্তু যে মানুষটি শহরের ময়লা সরিয়েছে, উন্নয়নের প্রথম ধাক্কাটিও যদি তার ঘরে গিয়ে লাগে, তাহলে সেই উন্নয়নের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠবেই।’
প্রশ্নটা তাই শুধু মিটফোর্ডের ৬০ পরিবারের নয়। শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আধুনিক করতে যারা প্রজন্মের পর প্রজন্ম কাজ করে এসেছেন, আধুনিক শহরে তাদের থাকার জায়গা কোথায় হবেÑ এখন সেই প্রশ্নই সামনে এসেছে।