× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরকে পাশ কাটিয়ে দক্ষিণের ঢাকা উৎসব

রাহাত হুসাইন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১০:৩৫ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১০:৩৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ডামাডোল পিটিয়ে চলছে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব আয়োজন। গত ১৫ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ১ আগস্ট থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ইতোমধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি পালন, সাইকেল র‍্যালি, হেরিটেজ রান ও নাট্যোৎসব সম্পন্ন হয়েছে। আগামী ২৪ আগস্ট হেলিকপ্টারে শহর ভ্রমণ এবং ২৮ আগস্ট বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

তবে ঢাকাবাসীকে নিয়ে ঘোষিত এই উৎসবের অন্তরালে ফুটে উঠেছে প্রশাসনিক ব্যবধানের চিত্র। ডিএসসিসির এই আয়োজনে সম্পৃক্ত করা হয়নি অপর নগর সংস্থা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি)। পুরো শহরের নামে পরিচালিত এ আয়োজনে একক সংস্থার এমন তোড়জোড়ে ‘ঢাকার উৎসব’ কার্যত রূপ নিয়েছে ‘উত্তরকে পাশ কাটিয়ে দক্ষিণের ঢাকা উৎসবে’।

চলতি বছরের ৯ জুলাই দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খানের সই করা এক দপ্তর আদেশে দেখা গেছে, নগরবিদ ও বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত ৮১ সদস্যের শক্তিশালী উপদেষ্টা কমিটিতে সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে তদারকি ও বাস্তবায়নকারী প্রায় সব গুরুত্বপূর্ণ দপ্তরকে রাখা হয়েছে। এই কমিটিতে রাজউক চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, আইজিপি, ডিএমপি কমিশনার, ডাক ও তথ্য মন্ত্রণালয়, বুয়েট, ঢাবি ও জবি উপাচার্য এবং বিজিএমইএ-এফবিসিসিআইয়ের মতো শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা স্থান পেয়েছেন। 

কিন্তু অবিশ্বাস্যভাবে এই বিশাল তালিকায় পুরো ঢাকার অর্ধেক এলাকার দায়িত্বে থাকা ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’ কোনো স্থান হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বা জেলা প্রশাসন কাগজে-কলমে এই উপদেষ্টা কমিটিতে থাকলেও, কর্মসূচির বাস্তবায়ন ও দৃশ্যমান নেতৃত্বে তাদের কোনো সক্রিয় সমন্বিত উপস্থিতি দেখা যাচ্ছে না। ডিএনসিসিকে উপদেষ্টা কমিটি থেকেই সম্পূর্ণ বাইরে রাখা প্রমাণ করেÑ ‘ঢাকা দিবস’ বা ‘হৃদয়ে ঢাকা উৎসব’ নামটি পুরো রাজধানীর হলেও আয়োজনের পরিকল্পনাতেই ডিএসসিসির চরম বিভাজন ও সমন্বয়হীনতা রয়েছে। অন্যদিকে মাসব্যাপী বিশাল এই মহাযজ্ঞ সম্পন্ন করতে ৩০টি উপকমিটি গঠন করা হয়েছে, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং এর বাইরে বিভিন্ন মতের লোকজনকে কমিটিতে রাখা হয়ছে।

ঢাকা দিবসের আয়োজনে উত্তর সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত না করার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুরান ঢাকা বা আদি ঢাকা একটা সময় সিটি করপোরেশনের অংশ ছিল। ঐ দিকের অংশ (উত্তর সিটি করপোরেশন) দুইটা আলাদা পৌরসভা ছিল মিরপুর আর গুলশান। এ সময় প্রতিবেদক পাল্টা প্রশ্ন করে বলেন, ‘পরবর্তীতে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে; এটা তো স্পষ্ট। তাহলে কেন তাদের এ আয়োজনে রাখা হলো না?’ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরবর্তীতে আমরা দেখব তাদের সম্পৃক্ত করা যায় কি না।’ তবে আগামী ২৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর সিটির প্রশাসক থাকবেন বলেও জানান তিনি।

কর্তৃপক্ষের এই অবস্থানের পর ঢাকা একটিই শহরÑ এমন অবস্থান তুলে ধরে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকা উৎসব’ হলে উত্তর ও দক্ষিণ-দুই অংশকে নিয়েই আয়োজন করা উচিত। পাশাপাশি যেকোনো উৎসবের সফলতার জন্য নাগরিকদের সম্পৃক্ততা জরুরি। বর্তমান সময়ে নাগরিক জীবনের সংকটের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে উৎসব আয়োজন কতটা যৌক্তিক, সেটিও বিবেচনার বিষয়।

মাসব্যাপী এ কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় আলোচনার সৃষ্টি হয়েছে ঐতিহাসিক লালবাগ কেল্লা প্রাঙ্গণে মূল উদ্বোধন ও চার দিনব্যাপী ‘ঢাকা কার্নিভাল’ আয়োজনের পরিকল্পনা নিয়ে। সূচি অনুযায়ী, ২৯ আগস্ট বিকাল ৪টায় কেল্লায় মূল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদর্শনী স্টল ও খাবার পরিদর্শনের পাশাপাশি ঘুড়ি উৎসব এবং বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর পরিবিবির মাজার পরিদর্শন, ড্রোন প্রদর্শনী, লাইট অ্যান্ড সাউন্ড শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কেল্লা প্রাঙ্গণে আদি ঢাকার খাবারের স্টল বা ‘ফুড ফেস্টিভ্যাল’, শিশুদের বিনোদন, কাওয়ালি ও ব্যান্ড শো চলবে, যেখানে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের সমাগমের কথা বলা হচ্ছে। 

লালবাগ কেল্লার মতো সংবেদনশীল ও ঐতিহাসিক স্থানে একসাথে বিশাল জনসমাগম এড়িয়ে চলা এবং মানুষের উপস্থিতি সীমিত রাখাই শ্রেয় বলে মনে করেন পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপের (ইউএসজি) প্রধান নির্বাহী তাইমুর ইসলাম। তিনি বলেন, এই ধরনের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর সুরক্ষায় জনসমাগমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা (লিমিটেশন) থাকা আবশ্যক এবং তা কঠোরভাবে বজায় রাখা উচিত। এ ছাড়া এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজনঢ়

এদিকে গত আড়াই বছর ধরে সিটি করপোরেশনের ওয়ার্ডগুরোতে কোনো নির্বাচিত কাউন্সিলর নেই। প্রশাসকের মাধ্যমে পরিচালিত এই সংস্থায় নগরবাসী যখন জলাবদ্ধতা, ড্রেনেজ সংকট, সড়কের খানাখন্দ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো সেবার ঘাটতিতে ভুগছেন, তখন এই আয়োজনে ব্যয়ের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ঢাকা দিবসের আয়োজনের পর্যালোচনায় সেন্টার ফর সিটিজেনস রাইটসের (সিসিআর) আহ্বায়ক অ্যাডভোকেট নোমান সালমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, নাগরিক সেবার চরম সংকট, জনদুর্ভোগ এবং অপর নগর সংস্থাকে বাইরে রেখে এ ধরনের একতরফা উৎসব বিলাসিতা মূলত ঢাকাবাসীর মৌলিক অধিকার ও চাহিদার সঙ্গে চরম বৈপরীত্য তৈরি করে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা