সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা)
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ০৯:২৬ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৭:০৭ পিএম
বেতাগীতে বাগানের লোকজনের কাছ থেকে সংগ্রহ করা গাব সাজিয়ে রেখেছেন এক ব্যবসায়ী। বুধবার উপজেলার ফুলতলা বাজার এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে গাছ কেটে ফেলায় ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে মিশে থাকা ভেষজ ও পুষ্টিকর গাব ফল ও গাছ এখন বিলুপ্তির পথে।
তবে জলবায়ু পরিবর্তন, বনভূমি উজাড়, অযত্ন, পুরনো গাছের বংশবৃদ্ধি না হওয়া, কৃষিজমির সংকোচন, নগরায়ণ, বিদেশি ফলের প্রতিযোগিতা এবং বাণিজ্যিক গুরুত্ব কমে যাওয়ায় এক সময়ের পরিচিত দেশীয় এই ফলটি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে, বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, মোকামিযা, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়িসহ ৭টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এ উপজেলায় এক সময় ঝোপঝাড়, বনজঙ্গল, খালপাড় কিংবা বাড়ির আঙিনায় সহজেই গাবগাছ দেখা যেত। বর্ষা এলে ডালে ডালে ঝুলে থাকা গোলাকার সবুজ ফল- পাকার পর হলুদাভ বা কালচে রঙ ধারণ করত। শিশু-কিশোররা গাছ থেকে পেড়ে বা নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে খেত। কিন্তু সময়ের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই পরিচিত দৃশ্য এখন ক্রমেই বিরল হয়ে উঠছে। আধুনিক ফলের বাজারে স্থান হারিয়ে গাব যেন নিঃশব্দে বিদায় নিচ্ছে এখানকার প্রকৃতি থেকে। প্রবীণদের স্মৃতিতে গাব কেবল একটি ফল নয়, বরং গ্রামীণ জীবনের অংশ। বেতাগী সদর ইউনিয়নের বাসিন্দা প্রবীণ আব্দুল মজিদ হাওলাদার বলেন, ‘বাজারে কিনে খাওয়ার চেয়ে গাছ থেকে পেড়ে খাওয়ার আনন্দই ছিল বেশি। আম, কাঁঠাল ও জামের পাশাপাশি গাবও ছিল শিশুদের প্রিয় ফলের তালিকায়। বিশেষ করে বিদ্যালয় ছুটির পর বন্ধুদের সঙ্গে গাব কুড়ানোর স্মৃতি আজও অনেকের মনে রয়ে গেছে।’
উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, গাব একটি দেশীয় ফল, এটি মূলত জলাভূমি ও আর্দ্র পরিবেশে ভালো জন্মে। গাছটি আকারে বড় এবং দীর্ঘজীবী। বছরের অধিকাংশ সময় সবুজ পাতায় ভরপুর থাকে এই গাছ। বর্ষাকালে ফল ধরতে শুরু করে এবং ধীরে ধীরে তা পরিপক্ব হয়। গত কয়েক দশকে সেই পরিস্থিতি বদলে গেছে। ফলে প্রাকৃতিকভাবে এ গাছের বিস্তারও কমে গেছে। তবে উপজেলার কিছু কিছু এলাকায় সেই হারিয়ে যাওয়া ফল ফিরছে মানুষের কাছে। উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, এক কুড়ি গাব আকার ও মানভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় আয়ুর্বেদিক চিকিৎসক রাধে শ্যাময়ের মতে, গাবের কাঁচা ফল আমাশয় ও ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়ক। এর ছালে ট্যানিন জাতীয় উপাদান রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে।