এম আর ইসলাম রতন, নওগাঁ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১০:৫৬ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৮:১২ পিএম
দেশের সবচেয়ে বেশি আম উৎপাদনকারী জেলা নওগাঁয় কাটিমন জাতের আম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় জুলাই পেরোলেই বাঙালির পাত থেকে বিদায় নিত রসালো আম। ফুরিয়ে যেত মধুমাস। কিন্তু দিন বদলেছে, বদলেছে আমের মৌসুম আর চাষাবাদের ধরন। প্রকৃতি যখন শরতের অপেক্ষায়, নওগাঁর বিস্তীর্ণ আমবাগানগুলো তখনও যেন যৌবনা! গাছে গাছে এখনও উঁকি দিচ্ছে গৌড়মতি, বারি-৪, আশ্বিনা আর কাটিমনের মতো নাবি জাতের (দেরিতে পাকা) নজরকাড়া সব আম। ভরা মৌসুমে পানির দরে আম বেচে যে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, অসময়ের এই আম আজ তাদের মুখেই ফুটিয়েছে চওড়া হাসি। কারণ বাজারে এখন আমের সরবরাহ কম থাকলেও ক্রেতার চাহিদা রয়েছে তুঙ্গে। আর এই সুযোগ কাজে লাগিয়েই ভরা মৌসুমের তুলনায় চার থেকে পাঁচগুণ বেশি দামে আম বিক্রি করছেন চাষিরা।
আশার আলো
নওগাঁ বর্তমানে দেশের সবচেয়ে বড় আম উৎপাদনকারী জেলা। এ বছর জেলার ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৫০ মেট্রিক টন। প্রায় ৪ হাজার কোটি টাকার এই বিশাল বাজারে মৌসুমের শুরুতে চিত্রটা কিছুটা ভিন্ন ছিল।
এপ্রিলের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া বা আম্রপালির মতো জনপ্রিয় জাতগুলো যখন একসঙ্গে বাজারে আসে, তখন সরবরাহ বেড়ে যাওয়ায় দাম বেশ কমে যায়। ফলে অনেক কৃষক উৎপাদন খরচ তুলতে পারলেও কাঙ্ক্ষিত মুনাফা পান না। তবে যেসব কৃষক দূরদর্শিতার পরিচয় দিয়ে পরিকল্পিতভাবে নাবি জাতের বাগান গড়ে তুলেছেন, মৌসুমের শেষ ভাগে এসে তারাই পাচ্ছেন সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধা। উন্নত মানের আম ভরা মৌসুমে যেখানে সর্বোচ্চ ৪ হাজার টাকা মণ বিক্রি হয়েছে, সেখানে এখন নাবি জাতের আম বিক্রি হচ্ছে ৫ থেকে ১২ হাজার টাকায়। ক্ষেত্রবিশেষে তা ১৫ থেকে ২৫ হাজার টাকাতেও ঠেকছে!
সাপাহারের মোকামে যেন সোনার দাম
জেলার সবচেয়ে বড় আমের মোকাম সাপাহার বাজার। মৌসুম শেষ হয়ে এলেও সেখানে এখন ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়, চারপাশে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। বর্তমান বাজারে মানভেদে প্রতি মণ গৌড়মতি বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ হাজার টাকায়। বারি-৪ ও কাটিমনের দাম ৫ থেকে ৬ হাজার টাকা। তবে সবচেয়ে বড় চমক দেখাচ্ছে সীমিত পরিমাণে আসা আম্রপালি, যা বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ হাজার টাকা মণ! পিছিয়ে নেই ব্যানানা ম্যাংগোও, যার দাম উঠেছে ১১ থেকে ১২ হাজার টাকা।
সাপাহারের তরুণ কৃষি উদ্যোক্তা ও বরেন্দ্র অ্যাগ্রো পার্কের স্বত্বাধিকারী সোহেল রানা শোনালেন লাভের এই নতুন সমীকরণ। তার মতে, বাণিজ্যিক বাগানে আম্রপালির পর এখন সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বারি আম-৪ ও গৌড়মতি। সাধারণ জাতের আমে বিঘাপ্রতি ৪০-৬০ মণ ফলন হলেও বারি-৪ ও গৌড়মতি থেকে ৬০-৮০ মণ পর্যন্ত হয়। গৌড়মতি চাষে ফ্রুট ব্যাগিংয়ের কারণে বিঘাপ্রতি ১০ হাজার টাকা বাড়তি খরচ হলেও, মৌসুমের শেষে ১৫ হাজার টাকা মণ দরে বিক্রি করে সেই খরচ অনায়াসে উঠে আসে। আর শীতকালীন কাটিমনের দাম তো অনেক সময় ২০-২৫ হাজার টাকা পর্যন্ত ওঠে।
ভবিষ্যৎ সম্ভাবনা
কৃষকদের এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে কৃষিবিজ্ঞানীদের নীরব অবদান। ২০০৩ সালে বারি আম-৪ এবং ২০১২ সালে গৌড়মতি (বারি আম-১২) উদ্ভাবন করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। পাশাপাশি থাইল্যান্ডের বারোমাসি জাত কাটিমনও কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষি বিভাগের তথ্যমতে, গত বছরের তুলনায় এবার নাবি জাতের আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেমন গৌড়মতি ১ হাজার ২৫০ হেক্টরে, বারি-৪ তিন হাজার ৪৪৫ হেক্টরে, আশ্বিনা ৩৫০ হেক্টর ও কাটিমন ৯৯৫ হেক্টরে চাষ হয়েছে। চলতি মৌসুমে শুধু নাবি জাত থেকেই ৭৫ হাজার ৫০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান এই পরিবর্তনকে দেখছেন কৃষকদের জন্য এক বিশাল ‘আশীর্বাদ’ হিসেবে। তার মতে, আগে দেশীয় আমের মৌসুম তিন মাসেই শেষ হয়ে যেত, কিন্তু নাবি ও বারোমাসি জাতের কল্যাণে এখন তা ছয় থেকে সাত মাস পর্যন্ত গড়িয়েছে।
ইতোমধ্যে নওগাঁর উৎপাদিত প্রায় ১ হাজার ১০০ টন আম বিদেশে রপ্তানি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারেও এর ক্রমবর্ধমান চাহিদার প্রমাণ দেয়। নিরাপদ উৎপাদন ও আধুনিক বাগান ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নওগাঁর নাবি জাতের আম ভবিষ্যতের কৃষিতে সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত হয়ে উঠবেÑ এ কথা আজ নিঃসন্দেহে বলা যায়। নওগাঁর মাটি আজ যেন সোনা ফলাচ্ছে, আর সেই সোনায় রঙিন হয়ে উঠেছে হাজারো কৃষকের নতুন স্বপ্ন।