ঢাকার ফকিরাপুলে অনুমোদনহীন কাাঁচাবাজারের সবজির দোকান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকায় সরকারি ও ব্যক্তিমালিকানার জমিতে গড়ে ওঠা শত শত বেসরকারি বাজারের অধিকাংশই বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে।
২০২২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ‘বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা প্রবিধানমালা’ প্রণয়ন করে এবং ২০২৩ সালে তা গেজেট আকারে প্রকাশিত হলেও প্রায় তিন বছর পরও কার্যকর বাস্তবায়ন হয়নি।
নোটিস, গণবিজ্ঞপ্তি, জরিমানার সতর্কতা এবং বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ বাজার লাইসেন্সের আওতায় আনা সম্ভব হয়নি।
ডিএসসিসির নথি অনুযায়ী, তালিকাভুক্ত ১০৮টি বেসরকারি বাজারের মধ্যে লাইসেন্স পেয়েছে মাত্র ১২টি। চলতি অর্থবছরে সেগুলোর মধ্যে নবায়ন করেছে মাত্র তিনটি। ফলে বর্তমানে কার্যকর লাইসেন্স রয়েছে মাত্র তিনটি বাজারের; বাকি ১০৫টি বাজার লাইসেন্সবিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে। অধিকাংশ বাজারই ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং প্রবিধানমালায় নির্ধারিত নিরাপত্তা শর্ত পূরণ না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ডিএসসিসি জানিয়েছে, লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য একাধিকবার নোটিস ও গণবিজ্ঞপ্তি জারি করা হলেও বাজার কর্তৃপক্ষের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া মেলেনি। লাইসেন্সবিহীন বাজারগুলোর বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ওয়াসাকে চিঠি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ফলে সিটি করপোরেশন, ইউটিলিটি সংস্থা এবং বাজার পরিচালনাকারীদের মধ্যে সমন্বয়ের অভাবে লাইসেন্সিং ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাজার কর্তৃপক্ষের অনীহার পাশাপাশি প্রবিধানমালার কয়েকটি কঠোর শর্তও লাইসেন্সিং প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। নিয়ম অনুযায়ী বাজার সংলগ্ন সড়কের প্রস্থ কমপক্ষে ২০ ফুট, ভেতরে পাঁচ ফুট চলাচলের পথ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ছাড়পত্রসহ নির্ধারিত কাগজপত্র থাকতে হবে। রাজধানীর ঘিঞ্জি এলাকায় গড়ে ওঠা অনেক বাজারের পক্ষে এসব শর্ত পূরণ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান (পিএফএম) বলেন, আগে ইস্যু করা সব ফায়ার লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমানে লাইসেন্সিং কার্যক্রম পুরোপুরি অনলাইন ভিত্তিক করার কাজ চলছে। নতুন ব্যবস্থায় পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স পুনরায় ইস্যু করা হবে।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ জানিয়েছে, ভূমির বৈধ মালিকানা, দখল এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে শর্ত পূরণকারী বাজারগুলোকে পর্যায়ক্রমে লাইসেন্স দেওয়া হবে। ইতোমধ্যে দুটি আবেদন জমা পড়েছে— একটি নবায়নের, অন্যটি নতুন লাইসেন্সের। গত ২১ জুলাই নগর ভবনের এক সভায় ৪৭ নম্বর ওয়ার্ডের শহীদনগর কাঁচা বাজারের লাইসেন্স নবায়ন এবং ২২ নম্বর ওয়ার্ডের কালুনগর বড় মসজিদ কাঁচা বাজারকে নতুন লাইসেন্স দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনও বেসরকারি বাজারের লাইসেন্সিং কার্যক্রম শুরু করতে পারেনি। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ সিটির প্রবিধানমালার আদলে একটি প্রবিধান প্রণয়নের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদিত না হওয়ায় উত্তর সিটিতে লাইসেন্সিং কার্যক্রম শুরু করা যায়নি।
ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে কোনো বাজার বৈধ আর কোনোটি অবৈধ— তার সুনির্দিষ্ট তালিকা ছিল না। ফলে মাঠপর্যায়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতেও এ বিষয়ে কোনো ফলোআপ করা হয়নি। তবে নতুন সংযোগের ক্ষেত্রে প্রবিধানমালার শর্ত অনুসরণ করা হচ্ছে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা প্রবিধানমালা, ২০২২’ অনুযায়ী সব বেসরকারি বাজারকে লাইসেন্সের আওতায় আনা হবে। পুনরায় নোটিস দেওয়া হচ্ছে। এরপরও কেউ নিয়ম না মানলে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।