× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পড়ে আছে একটি পার্কের কঙ্কাল

রাহাত হুসাইন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ০৯:৪৬ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ০৯:৪৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ী শিশুপার্কে ইজারার মেয়াদ শেষ হওয়ার পর কার্যকর ব্যবস্থাপনা না থাকায় পার্কটি রক্ষণাবেক্ষণ সংকট, অবৈধ দখল এবং নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পার্কটির প্রবেশপথ দখল করে বসেছে হকাররা। ক্যাফেটেরিয়া ও পাবলিক টয়লেট অচল অবস্থায় পড়ে আছে। উন্মুক্ত বৈদ্যুতিক সংযোগ ও খোলা সংযোগ বক্স দর্শনার্থীদের জন্য ঝুঁকি তৈরি করছে। সেখানে যেন পড়ে আছে একটি পার্কের বিধস্ত ভাঙা কঙ্কাল।

যাত্রাবাড়ী মোড় থেকে ডেমরাগামী সড়কের মুখে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত ১ দশমিক ৪১১২ একরের এই পার্কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৫-এর ৪৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত।

সরেজমিন দেখা যায়, পার্কের একটি প্রবেশপথের সামনে ফলের ভ্যান, ঝুড়ি ও অন্যান্য সামগ্রী রাখা হয়েছে। অন্য একটি গেটে তালা ঝুলছে এবং তার আশপাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। পার্কের ভেতরে ময়লা-আবর্জনা, উন্মুক্ত বৈদ্যুতিক তার ও খোলা সংযোগ বক্স দেখা গেছে। ‘ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ’ লেখা থাকলেও প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়।

পার্কে অবস্থানরত একটি বেসরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধি জসিম উদ্দিনের পাশেই একটি খোলা বৈদ্যুতিক সংযোগ বক্স ছিল। বিষয়টি জানানো হলে তিনি বলেন, খেয়ালই করিনি। এখানে যদি বিদ্যুৎ সংযোগ চালু থাকে, তাহলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পার্কের সার্বিক অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি পার্কটি যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ে আছে।

ডিএসসিসির ‘জল সবুজে ঢাকা’ প্রকল্পের আওতায় ২০১৭ সালে প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। প্রকল্পে ৬০ থেকে ৭০ ফুট উঁচু ঘড়ি টাওয়ার, ওয়াকওয়ে, ক্যাফেটেরিয়া ও সবুজায়নসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ছিল। ২০২১ সালের ৯ জুন পার্কটির উদ্বোধন করা হয়। বর্তমানে ঘড়ি টাওয়ারের ঘড়ি অচল এবং বিভিন্ন জেলার নামসংবলিত অংশ ভাঙচুরের চিহ্ন বহন করছে।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, পার্কটির সর্বশেষ ইজারা ২০২৩ সালের ১৯ মার্চ থেকে ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত ‘দিল্লি দরবার ঢাকা’ নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে ছিল। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে ইজারা দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে চলে যান। ওই সময় পার্কের কফি শপ ও পাবলিক টয়লেটে আগুন দেওয়া হয়। এরপর থেকে কার্যকর ব্যবস্থাপনার অভাবে পার্কজুড়ে অব্যবস্থাপনা বাড়তে থাকে।

পাবলিক টয়লেটে গিয়ে দেখা যায়, ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আদায় করছেন মো. বিপ্লব মোল্লা নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন, ইজারা না থাকলেও ‘খাস আদায়’ হিসেবে অর্থ সংগ্রহ করে সিটি করপোরেশনে জমা দেন। তবে এ দায়িত্বের কোনো লিখিত অনুমোদন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম তিনি দেখাতে পারেননি। তার ভাষ্য, অগ্নিকাণ্ডে টয়লেটের ক্ষতি হয় এবং পানির মোটর খুলে নেওয়া হয়। পরে ক্ষয়ক্ষতির তালিকা করা হলেও সংস্কারকাজ শুরু হয়নি।

তবে বিপ্লব মোল্লার দাবি অস্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির সম্পত্তি বিভাগ জানিয়েছে, ইজারার মেয়াদ শেষ হওয়ার পর টয়লেট থেকে কোনো রাজস্ব পাওয়া যায়নি। বিপ্লব মোল্লা বা অন্য কাউকেই টয়লেট পরিচালনা কিংবা অর্থ আদায়ের দায়িত্ব দেওয়া হয়নি। ফলে সরকারি সম্পদ থেকে কার অনুমতিতে অর্থ আদায় হচ্ছে, সে প্রশ্ন রয়ে গেছে।

ডিএসসিসির নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ ডিসেম্বর তৎকালীন সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান পার্কের ক্যাফেটেরিয়া ও পাবলিক টয়লেট সংস্কারের জন্য অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেন। প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এর অনুলিপি পাঠানো হয়। তবে দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি।

ডিএসসিসির ‘খেলার মাঠ ও উদ্যান নীতিমালা, ১৪৩১’ অনুযায়ী, কোনো পার্ক ইজারায় না থাকলে করপোরেশনের নিজস্ব জনবল ও বাজেটে গঠিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে তা পরিচালিত হওয়ার কথা। কিন্তু যাত্রাবাড়ী শিশুপার্কে এমন কোনো কার্যকর ব্যবস্থাপনার প্রমাণ মেলেনি। নীতিমালায় ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত মেরামতের নির্দেশনা থাকলেও পার্কে উন্মুক্ত বৈদ্যুতিক সংযোগ ও ঝুঁকিপূর্ণ তার দেখা গেছে। একইভাবে করপোরেশনের অনুমোদন ছাড়া কোনো সেবা পরিচালনার সুযোগ না থাকলেও টয়লেট থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে নীতিমালার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ডিএসসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী লুৎফর ফকির বলেন, পাবলিক টয়লেট ও কফি শপের সিভিল অংশ সংস্কারের জন্য প্রাক্কলন ও দরপত্র প্রক্রিয়া প্রায় শেষ। প্রশাসকের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। বিদ্যুৎ-সংক্রান্ত কাজ করবে বিদ্যুৎ প্রকৌশল বিভাগ।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, যাত্রাবাড়ী শিশুপার্কের বর্তমান অবস্থা নিয়ে জরুরি ভিত্তিতে প্রতিবেদন তলব করা হবে। হকারদের দখল, অব্যবস্থাপনা এবং বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগের বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত যাত্রাবাড়ী শিশুপার্কে বর্তমানে অবৈধ দখল, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর কেন বিকল্প ব্যবস্থাপনা গড়ে ওঠেনি, কার অনুমতিতে সরকারি টয়লেট থেকে অর্থ আদায় হচ্ছে এবং সংস্কারকাজ কেন এখনও শুরু হয়নিÑ এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা