× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে লটকন চাষে নতুন সম্ভাবনা

মো. নাঈম ইসলাম, শেরপুর

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:০৬ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৫:৪৩ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পতিত জমিতে দেখা দিয়েছে লটকন চাষের নতুন সম্ভাবনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পতিত জমিতে দেখা দিয়েছে লটকন চাষের নতুন সম্ভাবনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পতিত জমিতে লটকন চাষের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। গারো পাহাড়ে দিন দিন বাড়ছে লটকন চাষ। বছরের পর বছর অনাবাদি জমিতে এখন লটকনের বাগান করা হচ্ছে। তুলনামূলক কম পরিচর্যা, ভালো দাম এবং লাভজনক হওয়ায় এ উপজেলার কৃষকদের মধ্যে লটকন চাষে আগ্রহ বাড়ছে। উপজেলার কয়েকটি বাগানে থোকায় থোকায় গাছে ঝুলছে টক-মিষ্টি আর রসে ভরা ফল লটকন। পাতা দেখা না গেলেও ডাল থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত শুধু লটকন আর লটকন।

জানা যায়, ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ভারুয়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা মো. হামিদুল্লাহ। ২০০৭ সালে নরসিংদীতে চাচার বাসায় বেড়াতে যান। চাচার লটকন বাগান দেখে অনুপ্রাণিত হয়ে শখেরবশে কয়েকটি লটকনের চারা এনে বাড়ি সংলগ্ন পতিত জমিতে রোপণ করেন তিনি। দীর্ঘ পরিচর্যার পর ২০১৪ সালে গাছগুলোতে প্রথম ফল আসে। আশানুরূপ ফলন পাওয়ায় বাণিজ্যিকভাবে লটকনের বাগান গড়ে তোলেন তিনি। বর্তমানে হামিদুল্লাহর ৬৫ শতক জমিজুড়ে রয়েছে লটকনের বাগান। চলতি মৌসুমে প্রতিটি গাছেই লটকনের অধিক ফলন হয়েছে এবং গাছপ্রতি গড় ফলন ৬ থেকে ৮ মণ। এ বছর বাগান থেকে তিনি প্রায় ২ লাখ টাকার লটকন বিক্রি করেছেন।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর ঝিনাইগাতীতে প্রায় ৩ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। উঁচু-নিচু পাহাড়ি ও বসতবাড়ির আশপাশে ছায়াযুক্ত পরিত্যক্ত জমির পাশাপাশি ছায়াযুক্ত স্থান লটকন চাষের জন্য উপযোগী। অতীতে এসব জমিতে তেমন কোনো ফসল হতো না। এখন লটকন চাষ করে লাভবান হচ্ছেন পাহাড়ি অঞ্চলের কৃষকরা।

সফল উদ্যোক্তা মো. হামিদুল্লাহ বলেন, শুরুতে শখেরবশে কয়েকটি চারা রোপণ করেছিলাম। পরে ভালো ফলন দেখে বাগান বড় করার সিদ্ধান্ত নিই। লটকন চাষে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। একটি গাছ পরিপূর্ণ বড় হতে প্রায় ১০ বছর লেগে যায়। তারপর থেকে ফলের উৎপাদন বাড়তে থাকে। তিনি আরও বলেন, লটকন বিক্রি করে প্রতিবছর উল্লেখযোগ্য আয় হচ্ছে। ভবিষ্যতে আরও গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় কৃষক মো. আব্দুস সালাম বলেন, মেম্বারের বাগান দেখে লটকনের চারা রোপণের জন্য বাড়ির পাশের জমি প্রস্তুত করেছি। আশা করছি, অল্প কিছু দিনের মধ্যে চারা রোপণ করব।

ভারুয়া গ্রামের কৃষক রায়হান আলী বলেন, গত কয়েক বছরে গারো পাহাড় এলাকায় লটকন চাষের যে সাফল্য দেখেছি, তাতে আমি বেশ আগ্রহী হয়েছি। এখানকার উঁচু জমি, অনুকূল আবহাওয়া এবং মাটির গুণাগুণ লটকন চাষের জন্য খুবই উপযোগী। তুলনামূলকভাবে লটকন বাগানের পরিচর্যা ও খরচ কম হলেও ফলন ভালো হয় এবং বাজারে এর চাহিদাও দিন দিন বাড়ছে। এলাকার অনেক কৃষক লটকন বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। তাই আমিও লটকন বাগান করার পরিকল্পনা নিয়েছি।

স্থানীয় তরুণ কৃষি উদ্যোক্তা সিফাত হোসেন বলেন, পাহাড়ের পরিবেশে লটকন গাছ ভালো হয়, রোগবালাইও কম। তা ছাড়া লটকন গাছের পরিচর্যা তুলনামূলকভাবে সহজ। তাই অনেক তরুণ কৃষকরা এখন এই চাষে আগ্রহ দেখাচ্ছেন। ইতোমধ্যে পাহাড়ি এ অঞ্চলে বেশ কয়েকটি ছোট আকারে বাগান হয়েছে।

জেলা কৃষি কর্মকর্তা মো. সাখওয়াত হোসেন বলেন, লটকন একটি উচ্চমূল্যের ও লাভজনক ফল। পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া এই ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে লটকন চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা