× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাফফর হচ্ছেন ‘তুরুপের তাস’

তানভীর হাসান ও নূর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ০৮:৩৫ এএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৬:৫১ পিএম

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে একমাত্র জীবিত মোজাফফর হোসেনের কারণেই উদঘাটন সম্ভব হতে পারে এ হত্যা মামলার গূঢ় রহস্য। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে একমাত্র জীবিত মোজাফফর হোসেনের কারণেই উদঘাটন সম্ভব হতে পারে এ হত্যা মামলার গূঢ় রহস্য। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে একমাত্র জীবিত মোজাফফর হোসেনই হতে পারেন ‘তুরুপের তাস’। যার কারণে উদঘাটন সম্ভব হতে পারে এ হত্যা মামলার গূঢ় রহস্য।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ১৯৮১ সালের ৩০ মে সংঘটিত জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় ওই বছরের ১ জুন হত্যা মামলা করা হয়। ওই মামলার অন্যতম আসামি তৎকালীন সেনা কর্মকর্তা মেজর মোজাফফর। দীর্ঘ ৪৫ বছর পর গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া সাবেক এ সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

জিয়া হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরকে গ্রেপ্তারের পর নতুন করে সামনে এসেছে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক এ হত্যাকাণ্ডের অমীমাংসিত অধ্যায়ের প্রসঙ্গ। সামরিক আদালতে দ্রুত বিচার হওয়ায় চার দশকের বেশি সময় ধরে যেসব প্রশ্নের উত্তর মেলেনি, তার অনেকগুলোর সূত্র মিলতে পারে মোজাফফরকে জিজ্ঞাসাবাদে। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজন হলে সিভিল কোর্টে পূর্ণাঙ্গ বিচারিক তদন্তের মাধ্যমে নেপথ্যের চক্রান্তকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা, সম্ভাব্য বেসামরিক সহযোগী এবং হত্যাকাণ্ডে আন্তর্জাতিক কোনো প্রভাব ছিল কি নাÑ এসব বিষয়েও অনুসন্ধানের সুযোগ তৈরি হতে পারে। এমনটাই মনে করছেন সামরিক ও অপরাধ বিশেষজ্ঞরা।

এদিকে সরকারের একটি গোয়েন্দা সংস্থাও সেনাবাহিনী, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। পাশাপাশি ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) অথবা সেনাবাহিনীর আর্মি ইন্টারোগেশন সেলে (এআইসি) তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে মামলার অমীমাংসিত বহু তথ্য বেরিয়ে আসতে পারে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাটি সরকারকে ১০ দফা সুপারিশ করেছে।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মতিতে ভারতের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিনের মাথায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সীমান্ত অঞ্চল সফররত শেখ হাসিনা ঘটনার পরপর সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে ফিরিয়ে আনা হয়েছিল। হত্যাচক্রান্তের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ তখন থেকেই উঠতে থাকে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, সেনাপ্রধান ও রাষ্ট্রপতি ছিলেন। তাকে এভাবে হত্যা করা হলেও কেন, কী কারণে তা হয়েছে সে বিষয়টি এখনও উদঘাটন হয়নি। সবকিছুই রয়েছে ধোঁয়াশায়। ওই সময় সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ গোপন তদন্ত করে অনেককে ফাঁসি দিলেন। কিন্তু কার কী অপরাধ তা প্রকাশ করা হয়নি। এ কারণে বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ যেহেতু মোজাফফর গ্রেপ্তার হয়েছেন, এখন একটি জাতীয় স্বাধীন কমিশন গঠন করা উচিত। মোজাফফর ওইদিন ঘটনাস্থলে ছিলেন। কিন্তু তার কোনো সাজা হয়েছে কি না তা জানি না। কমিশনের উচিত, কেন জিয়াকে হত্যা করা হলো তা জাতির সামনে তুলে ধরলে অনেক প্রশ্নের উত্তর মিলবে। 

সামরিক বিশেষজ্ঞ ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরও বিএনপি তিন-তিনবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। কিন্তু এত দীর্ঘ সময়েও ঘটনাটির প্রকৃত রহস্য পুরোপুরি উদঘাটন হয়নি। তিনি আরও বলেন, ১৯৮১ সালে মাত্র ২৪ ঘণ্টার নোটিসে চট্টগ্রামে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঘটনার পর যদি মেজর জেনারেল এমএ মঞ্জুরকে হত্যা না করা হতো, তাহলে প্রকৃত সত্য আরও আগেই বেরিয়ে আসতে পারত। হত্যা মামলা কখনও তামাদি হয় না। এটা সিভিল ও সামরিক কোনো আইনেই তামাদি হওয়ার সুযোগ নেই। আমরা জেনেছি মেজর মোজাফফর ঘটনাস্থলে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃত সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে। তাই তথ্য-প্রমাণ সামনে আসার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করা উচিত। এ অবস্থায় যথাযথ জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য বের করে আনা অবশ্যই সম্ভব। 

তথ্যানুসন্ধানে জানা গেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৮১ সালের ১ জুন চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা করা হয়। তৎকালীন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোকাররম হোসেন বাদী হয়ে এজাহার করেন। এজাহারে প্রধান অভিযুক্ত ছিলেন মেজর জেনারেল এমএ মঞ্জুর, কর্নেল দেলোয়ার হোসেনসহ কয়েকজন সেনা কর্মকর্তা। পরে মামলাটি সামরিক আদালতে স্থানান্তরিত হয়। সেখানে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার অনুষ্ঠিত হয়। বিচারে ১৩ জনের মৃত্যুদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মামলার অন্যতম অভিযুক্ত মেজর মো. মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। 

তবে অপর একটি সূত্রের দাবি, ২০০১ সালে এ মামলায় পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সাক্ষ্য-প্রমাণের অভাবে জিয়া হত্যার বিচার সম্ভব হয়নি। জিয়া হত্যার দায়ে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে করা মামলা ২০০২ সালে নিষ্পত্তি হলেও ২০০৫ সালের আগস্ট মাসে মামলাটি নতুন মোড় নেয়। মেজর মঈনুল নামে একজন ঘাতক দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হলে আলোচনায় আসে জিয়া হত্যা মামলাটি। যদিও এ মামলার অপর পলাতক আসামি মেজর মোজাফফর আত্মগোপন করেছিলেন। তৎকালীন সংবাদপত্র লিখেছিল ‘গ্রেপ্তারকৃত মেজর মঈনুলকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হবে।’ কিন্তু সেটিও দেখা যায়নি।

সংশ্লিষ্ট বিভিন্ন নথি অনুযায়ী, মেজর মোজাফফর প্রথম জেআরবিতে (জাতীয় রক্ষীবাহিনী) কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে তিনি কর্মরত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনে। জিয়া হত্যাকাণ্ডের পর তিনি ভারতে চলে যান। বিভিন্ন নথিতে উল্লেখ রয়েছে, ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার আশ্রয়ে কলকাতায় অবস্থান করেন এবং সেখানে ‘বিপ্লব সরকার’ ও ‘জয় ব্যানার্জি’ ছদ্মনাম ব্যবহার করতেন। পরে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

সংশ্লিষ্টদের দাবি, ঘটনার পর থেকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকায় তাকে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি। ফলে এতদিন যে তথ্যগুলো অজানা ছিল, সেগুলোর কিছুটা হলেও এখন সামনে আসতে পারে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরপরই সেনা বিদ্রোহ, মেজর জেনারেল এমএ মঞ্জুরকে হত্যা ও পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়ের জন্ম দেয়। সামরিক আদালতে দ্রুত বিচার শেষ হলেও এখনও বেশ কয়েকটি প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যে রয়েছেÑ ঘটনার প্রকৃত পরিকল্পনাকারী কারা ছিলেন, নির্দেশদাতা কে বা কারা, হত্যাকাণ্ডের আগে-পরে কারা সমন্বয় করেছিলেন, কোনো বেসামরিক ব্যক্তি বা বিদেশি কোনো পক্ষের ভূমিকা ছিল কি না এবং পুরো ঘটনার নেপথ্যে মোটিভ কী ছিল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব প্রশ্নের উত্তর অনুসন্ধানে মেজর মোজাফফরকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

কক্সবাজারে গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মেজর মোজাফফর আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেন, মেজর মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর হেফাজতে হস্তান্তর করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতির হত্যা মামলার যে আইনে বিচার হয়েছিল, একই আইনে তারও বিচার হতে পারে। বিষয়টি এখন বাংলাদেশ সেনাবাহিনী পর্যালোচনা করছে। প্রচলিত সামরিক আইন ও নিয়ম অনুযায়ীই তার বিচার অনুষ্ঠিত হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তৎকালীন সময়ে সামরিক আদালতের বাইরে কোনো বিচার হয়নি। আমি যতটুকু জানি, সামরিক আদালতেই বিচার হয়েছিল। কয়েকজনের ফাঁসি হয়, ছয়জনের যাবজ্জীবন হয়। পরে তারা হাইকোর্টে আপিল করেন। মেজর মোজাফফরকে গ্রেপ্তারের পর নতুন করে নিয়মিত মামলা বা পুনঃতদন্তের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী তদন্ত শেষ করুক। তদন্তের পর পরিস্থিতি কোথায় দাঁড়ায়, সেটি দেখা যাক। এখনই কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সেনা আইনে বিচার হলে কোনো অসুবিধা নেই। কারণ জিয়াউর রহমান ও মেজর মোজাফফর দুজন একই বাহিনীর সদস্য ছিলেন। দ্রুত বিচার নিশ্চিত করতে সেনাবাহিনীর মাধ্যমেই বিচার হতে পারে। তবে শুধু বিচার করলেই হবে না, এর পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব কারা, কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল কি না, কার পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং কী কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিলÑ এসব বিষয়ও উদঘাটন করা প্রয়োজন। যারা নেপথ্যে ছিলেন তাদেরও বিচারের আওতায় আনা উচিত। তিনি আরও বলেন, মেজর মোজাফফরের কাছ থেকে তথ্য সংগ্রহে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ কমিটি গঠন করা যেতে পারে। কীভাবে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, কারা তাকে সহযোগিতা করেছেন, কারা আশ্রয় দিয়েছেন, কোথায় কোথায় অবস্থান করেছেনÑ এসব বিষয়ও তদন্তের মাধ্যমে জানা দরকার। বিচারিক প্রক্রিয়া ও তথ্য উদঘাটনের কাজÑ দুটি প্রক্রিয়াই একসঙ্গে চলতে পারে। 

এ অপরাধবিশেষজ্ঞ আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে দলটি জিয়াউর রহমান হত্যার বিচার চায় না। মেজর মোজাফফরের বিচার এবং হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য উদঘাটনের মধ্য দিয়ে সেই অভিযোগেরও একটি স্পষ্ট নিষ্পত্তি হওয়া সম্ভব।

এদিকে মোজাফফর গ্রেপ্তারের পর সরকারের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু বিষয় তুলে ধরা হয়। সেখানে তার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি কয়েকটি সুপারিশও করা হয়। সেগুলো হচ্ছেÑ

উচ্চ পর্যায়ের তদন্ত পর্ষদ গঠন: ১৯৮১ সালের সেনাবিদ্রোহ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে সেনাবাহিনীর উদ্যোগে উচ্চ পর্যায়ের একটি তদন্ত পর্ষদ গঠন করা। 

বহু সংস্থার প্রতিনিধিকে তদন্তে অন্তর্ভুক্ত করা: তদন্ত পর্ষদে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআইয়ের এক বা একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা, এফবিআইয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা। 

প্রয়োজনে বেসামরিক প্রতিনিধিদের যুক্ত করা: তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের বিশেষায়িত কর্মকর্তাদের বিশেষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। 

মেজর মোজাফফরের পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ: তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মেজর মোজাফফর হোসেনকে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা। 

বিকল্প জিজ্ঞাসাবাদের ব্যবস্থা: প্রয়োজনে সেনাবাহিনীর আর্মি ইন্টারোগেশন সেলে (এআইসি) সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের প্রতিনিধিদের সমন্বয়ে অথবা পৃথকভাবে জিজ্ঞাসাবাদ পরিচালনা করা। 

বিদ্যমান নথি ও প্রমাণের সঙ্গে তথ্য যাচাই: মেজর মোজাফফরের কাছ থেকে পাওয়া তথ্য বিদ্যমান নথি, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য গোয়েন্দা তথ্যের সঙ্গে সমন্বয় করে যাচাই করা। 

ঘটনার সার্বিক প্রেক্ষাপট উদঘাটন: জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ড, সেনাবিদ্রোহ এবং সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের সার্বিক প্রেক্ষাপট ও অমীমাংসিত তথ্য উদঘাটন করা। 

নিরপেক্ষ সত্য অনুসন্ধান নিশ্চিত করা: তদন্ত যেন প্রতিহিংসামূলক না হয়ে নিরপেক্ষ, তথ্যনির্ভর ও প্রমাণভিত্তিক হয় এবং প্রকৃত সত্য উদঘাটনের ওপর গুরুত্ব দেওয়া। 

ন্যায়বিচার ও জনআস্থা পুনর্গঠন: তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্র ও বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠন এবং ইতিহাসের অমীমাংসিত অধ্যায়ের গ্রহণযোগ্য ব্যাখ্যা তুলে ধরা। 

নির্ভুল ইতিহাস সংরক্ষণ: ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্ভুল ও প্রমাণভিত্তিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে তদন্তের ফলাফল নথিভুক্ত করা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা