× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে গুরু-শিষ্য সিন্ডিকেট

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৩:৫১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিদেশে অবস্থান করেও চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ এবং স্থানীয় সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ ও সহিংস কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই নেটওয়ার্কে ‘গুরু-শিষ্য’ কাঠামোয় অপরাধ সংঘটিত হচ্ছে। গুরুর প্রভাবের বাইরে গিয়ে পৃথক গ্যাং গঠনের চেষ্টা করলে প্রাণঘাতী সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে সংশ্লিষ্টদের।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে শীর্ষ তালিকায় পাঁচজনের নাম থাকলেও বর্তমানে সক্রিয় রয়েছেন মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। হাবিব খান ইতালিতে এবং ফজল হক সৌদি আরবে রয়েছেন। সম্প্রতি দুবাই থেকে দেশে ফেরার পর মেজর ইকবাল রাউজান থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে গত সপ্তাহে নগরের একটি বাসা থেকে র‌্যাব বিধান বড়ুয়াকে গ্রেপ্তার করে। এর আগে তিনিও বিদেশে আত্মগোপনে ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় সাজ্জাদ দুবাইয়ে পরিবার নিয়ে অবস্থান করলেও দেশে তার নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তার অনুসারীদের মধ্যে সাজ্জাদ হোসেন (ছোট সাজ্জাদ), মোবারক হোসেন ইমন (ডেবিট ইমন), সরোয়ার হোসেন বাবলা, আকবর হোসেন (ঢাকাইয়া আকবর) এবং মো. রায়হানের নাম রয়েছে। পুলিশ তাদের শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রাম মহানগরের কার্যক্রমের দায়িত্ব ডেবিট ইমন ও রায়হানের হাতে যায়। অন্যদিকে পৃথক গ্যাং গঠনের অভিযোগে সরোয়ার হোসেন বাবলা ও ঢাকাইয়া আকবর প্রাণঘাতী হামলার শিকার হন।

সূত্র মতে, চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম প্রধান আয়ের উৎস এখনও চাঁদাবাজি। বন্দর, ট্রাকস্ট্যান্ড, বাজার, নির্মাণ প্রকল্প, বালুমহাল ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাত থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীরা ফোনে চাঁদা দাবি করেন এবং স্থানীয় সহযোগীরা অর্থ সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেন।

সূত্র জানায়, সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ ও কমিশন আদায়ের অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে। তাদের স্থানীয় সহযোগীরা রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও চন্দনাইশের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। এ ছাড়া সীতাকুণ্ডের ছলিমপুরের জঙ্গল এলাকাকেও নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। বিদেশ থেকে নির্দেশ পেলে তারা শহরে এসে হামলা চালিয়ে দ্রুত আত্মগোপন করে।

অনুসন্ধানে জানা যায়, ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা মোবারক হোসেন ইমনের বাবার নাম মো. মুসা। জনশ্রুতি অনুযায়ী, অল্প বয়সেই তিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রথমে মো. নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের গ্রুপে থাকলেও পরবর্তী সময়ে বড় সাজ্জাদের গ্রুপে যোগ দেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার মাধ্যমে তিনি বড় সাজ্জাদের আস্থাভাজন হয়ে ওঠেন।

পুলিশ বলছে, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ার জোড়া হত্যাকাণ্ড এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডে ডেবিট ইমন সরাসরি জড়িত ছিলেন। এ ছাড়া ২০২৪ সালের ২৮ আগস্ট আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলাতেও তার নাম এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বড় সাজ্জাদ ও তার সহযোগীরা সিগন্যাল, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাটের মতো এনক্রিপটেড প্লাটফর্মে যোগাযোগ করেন। কোডনেম ব্যবহারের কারণে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। সাইবার ইউনিটের তথ্য অনুযায়ী, এসব প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র সংগ্রহ ও আর্থিক লেনদেনের পরিকল্পনাও করা হয়।

পুলিশের তথ্য মতে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ডেবিট ইমন নামে কাউকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী তেমনভাবে শনাক্ত করেনি। বর্তমানে তিনি বড় সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে কাজ করছেন বলে পুলিশের দাবি। গত এক মাসে তিনটি প্রতিষ্ঠানে ফোন করে প্রায় দেড় কোটি টাকা চাঁদা আদায়ের তথ্যও পুলিশের কাছে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাজ্জাদ আলীর গ্রুপে অর্ধশতাধিক তরুণ রয়েছে। তাদের অধীনে শতাধিক কিশোর কাজ করে বলে অভিযোগ। চাঁদা না পেলে এসব কিশোরকে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরে ব্যবহার করা হয়। গত সোমবার নগরের চকবাজার থানার বাকলিয়া-এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের কার্যালয়ে হামলার ঘটনায়ও কিশোরদের উপস্থিতি ছিল।

পুলিশ জানায়, চাঁদা না পেলে সাজ্জাদ বাহিনীর সদস্যরা গুলি চালানোর ঘটনাতেও জড়িত। চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, হাটহাজারী ও রাউজান এলাকায় তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর জেলায় সংঘটিত জোড়া হত্যাকাণ্ডসহ অন্তত ১০টি হত্যাকাণ্ডে সাজ্জাদ বাহিনীর সদস্যদের নাম এসেছে।

এদিকে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মোহাম্মদ ইউনুস, ইমরান হোসেন, আকবর হোসেন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মনির, গিয়াস উদ্দিন, মোহাম্মদ নয়ন ও আবদুল নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার নগর পুলিশের দামপাড়া কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে চার থেকে পাঁচটি মামলা রয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, সংগঠিত অপরাধের মূল হোতাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। তার মতে, পরিকল্পিত ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা গেলে সংগঠিত অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা