গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
একদিকে স্তূপীকৃত বর্জ্যের উৎকট দুর্গন্ধ, অন্যদিকে খোদ দিনের আলোতেই দেদার চলছে নিষিদ্ধ মরণনেশা ইয়াবা ও গাঁজার রমরমা কারবার। রাজধানী ঢাকার ব্যস্ততম নিউমার্কেট উপ-ডাকঘরের ঠিক দক্ষিণে, ডিএসসিসির ময়লার ভাগাড়ের ভেতরে গড়ে উঠেছে মাদক বাণিজ্যের এক অভেদ্য আস্তানা। সংকটের অন্দরে আলোকপাত করেছেন রাহাত হুসাইন।
পরিচ্ছন্নতাকর্মীরা যখন ভ্যানে করে ময়লা আনছেন, ঠিক তখনই প্রশাসনের নাকের ডগায় কোনো রাখঢাক ছাড়াই হাতবদল হচ্ছে মাদক। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে অপরাধীদের নিরাপদ চারণভূমিতে পরিণত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস)। এই ভাগাড় এখন সাধারণ পথচারী, ব্যবসায়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২০২১ সালের ২২ সেপ্টেম্বর জমকালো আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আওতাধীন ১৮ নম্বর ওয়ার্ডে এই এসটিএসটি উদ্বোধন করেন তৎকালীন মেয়র। উদ্দেশ্য ছিল পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক বছরের মাথায় সেবামূলক এই কেন্দ্রটি খোলস বদলে পরিণত হয়েছে প্রকাশ্য অপরাধের স্বর্গরাজ্যে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই গলিতে মাদক বিক্রেতা ও সেবীদের প্রকাশ্য আনাগোনা এবং সন্দেহজনক যাতায়াত চোখে পড়ে। ময়লার ভাগাড়ের দুর্গন্ধকে ঢাল বানিয়ে অপরাধীরা দিনের আলোতেই সক্রিয় থাকে। আজিমপুর গণপূর্ত বিভাগের সরকারি কার্যালয় ও এসটিএসের মাঝ দিয়ে চলে যাওয়া সরু গলিতে একটি ঘরকে মাদক সিন্ডিকেট নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে।
অনুসন্ধানে জানা যায়, এই স্পটে প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা বিক্রি হয়। মাঠপর্যায়ে এই চক্রের সাথে সরাসরি জড়িত রয়েছে রনি, সবুজ, জুয়েল, রুবেল, রাসেল ও সুমনসহ একটি সংগঠিত চক্র। তবে নেপথ্যে থেকে এই পুরো মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন কামরাঙ্গীরচরের কুখ্যাত মাদকসম্রাজ্ঞী হিসেবে পরিচিত ‘খুশি’ ও তার অন্যতম বিশ্বস্ত সহযোগী ‘পাইটু সালাউদ্দিন’। প্রকাশ্য দিবালোকে এমন অপরাধ চলতে থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মনে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ যদি সত্যিই কড়াকড়ি অবস্থান নেয়, তবে এই মাদক বিক্রেতারা এলাকা তো দূরের কথা, দেশ ছেড়ে পালাবে। কিন্তু নিয়মিত মাসোহারা বাণিজ্যের কারণেই এই প্রকাশ্য অপরাধ বন্ধ হচ্ছে না।’
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা প্রদানকারী (পিসিএসপি) প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ থেকে এক বছরের জন্য সাব-কন্ট্রাক্ট নেওয়া মো. হারুনের বক্তব্য অত্যন্ত বিস্ফোরক। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি ময়লার সাব-কন্ট্রাক্ট নিয়েছি, মাদকের না। আমার কন্ট্রাক্ট নেওয়ার আগেও এখানে মাদকের কারবার হতো। সিটি করপোরেশনের কর্মচারী বিল্লাল সরদারের ভাতিজা ইয়াসিন ও রাসেল সরাসরি এই মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা আমার ওপরেও হামলা করেছে এবং এ বিষয়টি আমি থানায় লিখিতভাবে জানিয়েছি।’ তবে এ অভিযোগ অস্বীকার করে বিল্লাল সরদার এই প্রতিবেদকের কাছে দাবি করেন, ‘আমাদের কেউ এর সঙ্গে জড়িত না। ঠিকাদারের লোকজন এসটিএসে বিভিন্ন বাসাবাড়ির ময়লা এনে জমা করতে শুরু করলে তার আড়ালেই বসে মাদকের হাট।’
এদিকে ময়লার ভাগাড়ে প্রকাশ্য মাদক বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-১-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সম্পূর্ণ উদাসীনতা প্রকাশ করেন। তিনি দাবি করেন, এ বিষয়ে কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। তবে তিনি আশ্বস্ত করেন, যদি পিসিএসপির কোনো লোক এই মাদক কারবারের সাথে জড়িত থাকে, তবে তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব মাদক কারবারের বিষয়টি অবগত আছেন জানিয়ে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিউমার্কেট ময়লার ভাগাড়ে মাদক নির্মূলে পুলিশ ও র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত মাসের মতো চলতি মাসেও মাদক বিক্রেতা ও সেবনকারীÑ উভয় পক্ষকেই আইনের আওতায় আনা হচ্ছে।’
তবে মাদক নির্মূল অভিযানের সফলতার ক্ষেত্রে দুটি প্রধান চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন ওসি। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রথমত, এটি ময়লার ভাগাড়। দ্বিতীয়ত, আইনি সীমাবদ্ধতার কারণে আমরা সাধারণ পোশাকে (সিভিলে) অভিযানে যেতে পারি না। দূর থেকে পুলিশের পোশাক দেখামাত্রই অপরাধীরা টের পেয়ে পালিয়ে যায়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এবং এই ব্যস্ততম বাণিজ্যিক এলাকার পরিবেশ রক্ষায় লোকদেখানো টহল নয়, বরং মাদকসম্রাজ্ঞী খুশি ও তার নেপথ্যের মদতদাতাদের দ্রুত গ্রেপ্তার করা জরুরি। অন্যথায় প্রশাসনের নাকের ডগায় বর্জ্যের আড়ালে এই বিষাক্ত বাণিজ্য বন্ধ করা অসম্ভব হয়ে পড়বে।