প্রতিদিনের বাংলাদেশে প্রতিবেদন প্রকাশের জের
ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২১:২৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬ ২১:৩৫ পিএম
ফাইল ছবি
আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় জমির দলিল নিবন্ধন, জাল দলিল সম্পাদনের অভিযোগ, জমির প্রকৃত শ্রেণি পরিবর্তন করে সরকারের রাজস্ব ফাঁকি এবং নিবন্ধন প্রক্রিয়ায় ধারাবাহিক অনিয়ম-এসব অভিযোগ নিয়ে অবশেষে তদন্তে নেমেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুম বিল্লাহকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমানে খিলগাঁও সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হবার সুবাদে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাভার সাবরেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত ‘কাঠগড়ায় সাব-রেজিস্ট্রার’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাভারের বিলামালিয়া মৌজার বিতর্কিত জমিতে ধারাবাহিকভাবে দলিল নিবন্ধন করা হয়েছে। একই সঙ্গে দলিল নিবন্ধনের ক্ষেত্রে জালিয়াতি, রাজস্ব ফাঁকি এবং আইন লঙ্ঘনের অভিযোগও তুলে ধরা হয়। প্রতিবেদনটি সরকারের নজরে এলে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ এবং সাংবাদিকদের দেওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।
মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, এটি কেবল কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের তদন্ত নয়; আদালতের আদেশ বাস্তবায়ন, ভূমি নিবন্ধন ব্যবস্থার জবাবদিহি এবং রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষার বিষয়টিও এই তদন্তের সঙ্গে গভীরভাবে যুক্ত।
দুই বছরে প্রায় আট হাজার দলিল
মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই বছরে সাভারের বিলামালিয়া মৌজায় প্রায় আট হাজার দলিল নিবন্ধিত হয়েছে। অভিযোগ রয়েছে, এসবের উল্লেখযোগ্য অংশ নিবন্ধিত হয়েছে এমন সময়ে, যখন ওই এলাকার নির্দিষ্ট জমি হস্তান্তরের ওপর আপিল বিভাগের নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় কোনো জমি হস্তান্তর বা নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা। কিন্তু অভিযোগ উঠেছে, বাস্তবে সেই নির্দেশনা অনুসরণ করা হয়নি। বরং ধারাবাহিকভাবে দলিল নিবন্ধনের মাধ্যমে নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তদন্তে আদালতের আদেশ, নিবন্ধন রেকর্ড, দলিল সম্পাদনের তারিখ, জমির খতিয়ান, মৌজা মানচিত্র, রাজউকের সংশ্লিষ্ট চিঠিপত্র এবং নিবন্ধন আইনের বিধান পর্যালোচনা করা হবে।
তদন্তে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে: তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুধু আদালতের আদেশ অমান্য হয়েছে কি না, সেটিই নয়; বরং পুরো নিবন্ধন প্রক্রিয়ায় আইন অনুসরণ করা হয়েছিল কি না, সেটিও যাচাই করা হবে।
বিশেষভাবে দেখা হবে-আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কীভাবে দলিল নিবন্ধিত হলো। জমির প্রকৃত শ্রেণি গোপন বা পরিবর্তন করা হয়েছিল কি না; প্লট বিক্রিকে সাধারণ জমি বিক্রি হিসেবে দেখিয়ে ভ্যাট ও উৎসকর ফাঁকি দেওয়া হয়েছে কি না; দলিল সম্পাদনের ক্ষেত্রে নিবন্ধন আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না; নিবন্ধন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গাফিলতি, ক্ষমতার অপব্যবহার কিংবা যোগসাজশ ছিল কি না।
তদন্ত কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “দায়িত্ব দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। আনুষ্ঠানিক আদেশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তদন্ত শুরু করবেন”।
রাজস্ব ফাঁকির অভিযোগ
অনুসন্ধানে পাওয়া কয়েকটি দলিল বিশ্লেষণ করে দেখা গেছে, বাস্তবে প্লট আকারে বিক্রি হওয়া জমি দলিলে সাধারণ জমি হিসেবে নিবন্ধিত হয়েছে। ফলে বাংলাদেশ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রযোজ্য ভ্যাট ও উৎসকর আদায় হয়নি বলে অভিযোগ উঠেছে।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কয়েকটি নির্দিষ্ট দলিল পর্যালোচনায় সরকারের প্রায় ১১ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব ক্ষতির তথ্য পাওয়া গেছে। তদন্তে এই অভিযোগেরও পূর্ণাঙ্গ যাচাই করা হবে।
রাজস্ব বিশেষজ্ঞদের মতে, কোনো জমির প্রকৃত ব্যবহার বা প্রকৃতি গোপন করে কম মূল্যে নিবন্ধন করা হলে শুধু সরকারের রাজস্বই ক্ষতিগ্রস্ত হয় না; ভবিষ্যতে সেই সম্পত্তি নিয়ে আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে।
জাল দলিলের আশঙ্কা
নিবন্ধন-সংক্রান্ত নথি পর্যালোচনায় আরও একটি উদ্বেগজনক বিষয় উঠে এসেছে। একাধিক দলিলে মুসাবিদাকারকের নাম বা স্বাক্ষর নেই। কোথাও আবার শনাক্তকারীর তথ্য অসম্পূর্ণ রয়েছে।
ভূমি ও নিবন্ধন আইন নিয়ে কাজ করেন-এমন একাধিক বিশেষজ্ঞের মতে, দলিল নিবন্ধনের সময় পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় তথ্য পূরণ নিবন্ধন ব্যবস্থার মৌলিক শর্ত। এসব তথ্য অনুপস্থিত থাকলে ভবিষ্যতে জাল দলিল, ভুয়া মালিকানা দাবি কিংবা দীর্ঘমেয়াদি দেওয়ানি বিরোধের ঝুঁকি বেড়ে যায়। সাবরেজিস্ট্রি অফিসের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিচয় যাচাই ছাড়া দলিল নিবন্ধন নিবন্ধন আইনের মৌলিক উদ্দেশ্যের পরিপন্থী।
সব অভিযোগ অস্বীকার করেছেন সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ।
তিনি বলেন, “দায়িত্ব পালনকালে তিনি কোনো অবৈধ কাজ করেননি। জমির শ্রেণি পরিবর্তন করে দলিল নিবন্ধনের প্রশ্নই ওঠে না। তাঁর দাবি, তিনি আইন মেনেই দায়িত্ব পালন করেছেন”।
তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অভিযোগের সত্যতা নির্ধারণ করবে তদন্ত প্রতিবেদন। প্রয়োজনীয় নথি, সরকারি রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনের দৃষ্টিতে কী হতে পারে
আইনজীবীদের মতে, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় যদি দলিল নিবন্ধনের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে বিষয়টি শুধু প্রশাসনিক অনিয়ম হিসেবে দেখার সুযোগ নেই।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গাজী সিরাজুল ইসলাম বলেন, “আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় সরকারি কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে সেই আদেশ অমান্য করে থাকলে তা গুরুতর আইনগত প্রশ্নের জন্ম দেয়। একই সঙ্গে জাল দলিল, ক্ষমতার অপব্যবহার বা রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে ফৌজদারি ব্যবস্থাও নেওয়ার সুযোগ রয়েছে”।
তিনি বলেন, “ভূমি নিবন্ধন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে হলে এ ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে”।
নজর এখন তদন্ত প্রতিবেদনের দিকে
মন্ত্রণালয়ের নিবন্ধন শাখার কর্মকর্তারা বলছেন, তদন্তে কেবল একটি বা দুটি দলিল নয়; সংশ্লিষ্ট সময়ের পুরো নিবন্ধন কার্যক্রম বিশ্লেষণ করা হবে। প্রয়োজন হলে বিপুলসংখ্যক দলিল, সংশ্লিষ্ট রেকর্ড এবং সরকারি নথিও যাচাই করা হবে।
সংশ্লিষ্টদের মতে, তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে এটি শুধু একজন সাবরেজিস্ট্রারের দায় নির্ধারণের বিষয় থাকবে না; বরং ভূমি নিবন্ধন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, তদারকির দুর্বলতা এবং জবাবদিহির সংকটও সামনে চলে আসবে।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হলে, সেই বিষয়টিও তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে আসবে।
এ কারণে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি এখন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের দিকে। কারণ সেই প্রতিবেদনই নির্ধারণ করবে-আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজারো দলিল নিবন্ধনের অভিযোগ কেবল প্রশাসনিক অব্যবস্থাপনার ফল, নাকি এর পেছনে সক্রিয় ছিল একটি সুসংগঠিত অনিয়ম ও দুর্নীতির নেটওয়ার্ক।