× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যানিটারিতে নতুন ট্রেন্ড

রাহাত হুসাইন

প্রকাশ : ১১ মিনিট আগে

স্যানিটারিতে নতুন ট্রেন্ড

আধুনিক বাসাবাড়িতে বাথরুমের সাজসজ্জায়ও এসেছে পরিবর্তন। এক সময় লো-প্যান, বেসিন, আর চকচকে ক্রোম ফিটিংসেই সীমাবদ্ধ ছিল আয়োজন। এখন সেখানে যুক্ত হচ্ছে ম্যাট ব্ল্যাক, ব্রাশড গোল্ড ও গানমেটাল ফিনিশের কল, আধুনিক শাওয়ার, বাথটাব ও স্মার্ট কমোড। নকশার পাশাপাশি গুরুত্ব পাচ্ছে স্থায়িত্ব, ব্যবহারিক সুবিধা ও পানি সাশ্রয়ী প্রযুক্তি। বাথরুমের এই পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে দেশের স্যানিটারি পণ্যের বাজারও।

দেশে সিরামিক স্যানিটারি পণ্যের যাত্রা শুরু হয়েছিল লো-প্যান দিয়ে। এরপর আসে টু-পিস কমোড। সময়ের সঙ্গে বাজারে যুক্ত হয়েছে হাই-কমোড, আধুনিক ফ্লাশিং প্রযুক্তি ও প্রিমিয়াম নকশার নানা পণ্য। এখন বাজারে স্মার্ট কমোডও পাওয়া যাচ্ছে। সেন্সরনির্ভর এসব কমোডে হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় ফ্লাশ, পরিষ্কার ও শুকানোর সুবিধা রয়েছে।

বৈশ্বিক জীবনধারার প্রভাব এবং ক্রেতাদের চাহিদার পরিবর্তনে স্যানিটারি পণ্যের বাজারেও তৈরি হচ্ছে নতুন প্রবণতা। রাজধানী থেকে গ্রামীণ শহুরে আবাসন খাতে বাথরুমের সাজসজ্জায় বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। শুধু প্রয়োজন মেটানো নয়, বাথরুমের সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধাও বিবেচনায় রাখছেন তারা।

বাথরুমের ফিটিংসে দীর্ঘদিন জনপ্রিয় ছিল চকচকে রূপালি বা ক্রোম ফিনিশ। এখন এর পাশাপাশি জায়গা করে নিচ্ছে ম্যাট ব্ল্যাক, গানমেটাল, ব্রাশড গোল্ড ও রোজ গোল্ড। ব্রাশড গোল্ড ও রোজ গোল্ড যোগ করছে আভিজাত্যের ছোঁয়া। ইতালিয়ান মার্বেল, বড় টাইলস, আধুনিক বেসিন ও মানানসই ধাতব ফিটিংসের সমন্বয়ে বাথরুমের নকশায় সামগ্রিক সামঞ্জস্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবর্তন শুধু বেসিন ও কলের মধ্যে সীমাবদ্ধ নেই। বাথরুমের অনুষঙ্গেও এসেছে বৈচিত্র্য। স্টেইনলেস স্টিলের (এসএস) বেসিন শেলফ, কর্নার শেলফ, টিস্যু হোল্ডার ও সোপ শোকেসের চাহিদা বাড়ছে।

বাজারে স্ট্যান্ড বেসিন, ওয়াল হ্যাং বেসিন, টেবিল টপ বেসিন, কাউন্টার বেসিন ও কেবিনেট বেসিন পাওয়া যাচ্ছে। এর মধ্যে স্ট্যান্ড ও টেবিল টপ বেসিনের চাহিদা বেশি। কেবিনেট বেসিনেরও ভালো চাহিদা রয়েছে বলে জানান স্টেলা ব্র্যান্ডের বাংলামোটর এরিয়া ম্যানেজার এস কে প্রশান্ত। তিনি বলেন, ক্রেতারা এখন ভালো মানের আধুনিক পণ্য খুঁজছেন। শুধু দাম নয়, গুণগত মানও বিবেচনা করছেন তারা। এ খাতের ব্যবসা সম্প্রসারণে পণ্যের মানের পাশাপাশি ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা ও কারিগরি সহায়তাও গুরুত্বপূর্ণ। অনলাইনে পণ্যের নকশা, মান ও দাম জেনে অর্ডার করার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকসেবার গুরুত্বও বেড়েছে।

দেশে স্টেইনলেস স্টিলের (এসএস) বাথরুম অনুষঙ্গ প্রস্তুতকারী একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ‘নুরজাহান মেটাল’ অন্যতম। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী শাকিল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিভিন্ন নকশার বেসিন শেলফ, কর্নার শেলফ ও টিস্যু হোল্ডারের চাহিদা বাড়ছে। আগে প্লাস্টিকের সাবানদানি বেশি ব্যবহৃত হতো। এখন স্টিলের পণ্যেরও বাজার তৈরি হয়েছে।

ঘরের মেঝের টাইলস, সিলিং ও সামগ্রিক অন্দরসজ্জার সঙ্গে মিলিয়েও স্যানিটারি পণ্য নির্বাচন করছেন ক্রেতারা বলে জানিয়েছেন বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জেবুল। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্যানিটারি পণ্যের নকশা ও ব্যবহার নিয়ে ক্রেতাদের রুচিতে বড় পরিবর্তন এসেছে। এখন শুধু বেসিন বা ফিটিংসের নকশা দেখে পণ্য কেনেন না তারা। ক্রোমের পাশাপাশি ম্যাট ব্ল্যাক, ব্রাশড গোল্ড ও গানমেটাল ফিনিশের পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। স্টেইনলেস স্টিল ও অন্যান্য ধাতুর তৈরি পণ্যেরও চাহিদা রয়েছে।বাথরুমের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। সেন্সরযুক্ত কল হাতের উপস্থিতি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে পানি সরবরাহ করে এবং হাত সরিয়ে নিলে বন্ধ হয়ে যায়। এতে পানির অপচয় কমে। স্মার্ট কমোডে স্বয়ংক্রিয় কভার, ফ্লাশ, পরিষ্কার ও শুকানোর সুবিধা যুক্ত হচ্ছে।

গত ১০ থেকে ১৫ বছরে দেশের স্যানিটারি পণ্যের বাজারে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পারভেজ আলম (চুন্নু)। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগে ক্রেতারা কম দামের পণ্য কেনায় বেশি গুরুত্ব দিতেন। এখন সৌন্দর্য, রুচি ও আধুনিক সুবিধার জন্য উচ্চমূল্যের পণ্যেও বিনিয়োগ করছেন। প্রযুক্তি সহজলভ্য হওয়ায় স্মার্ট কমোডের দামও কমেছে। আগে প্রযুক্তিসম্পন্ন একটি কমোডের দাম প্রায় এক লাখ টাকা ছিল, এখন তা ৮০ হাজার টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে।

দেশের সিরামিক ও ফিটিংস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও আধুনিক নকশা ও প্রযুক্তির পণ্য তৈরি করছে। পিভিডি কোটিংযুক্ত ফিটিংস, সলিড ব্রাসের কল এবং স্লিম-এজ সিরামিক বেসিন বাজারে নতুন বৈচিত্র্য এনেছে। সাধারণ পরিবারের জন্য চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার কমোড রয়েছে। প্রিমিয়াম শ্রেণির ক্রেতাদের জন্য দেশীয় উৎপাদিত বিভিন্ন দামের কমোডও পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে উৎপাদিত স্যানিটারি পণ্য ও টাইলস দিয়েই স্থানীয় বাজারের চাহিদা পূরণ হচ্ছে। ফলে বাজারে ব্যবহারের জন্য তৈরি এসব পণ্য সাধারণত আমদানি করতে হয় না। কারখানাগুলো উৎপাদনের জন্য মূলত মৌলিক কাঁচামাল আমদানি করে। তবে পাঁচ তারকা হোটেল বা বিশেষ শৌখিন গ্রাহকদের চাহিদা পূরণে অনুমোদন নিয়ে কিছু তৈরি পণ্য আমদানি করা হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সাবেক সভাপতি মইনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্থানীয় বাজারের জন্য দেশে মানসম্মত স্যানিটারি পণ্য ও টাইলস উৎপাদিত হচ্ছে। তাই এসব ফিনিশড পণ্য আমদানির প্রয়োজন হয় না। কারখানার উৎপাদনের জন্য মূলত মৌলিক কাঁচামাল আমদানি করা হয়। তবে পাঁচ তারকা হোটেল বা বিশেষ শৌখিন গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদন সাপেক্ষে কিছু ফিনিশড পণ্য আমদানি করা হয়। দেশে উৎপাদিত স্যানিটারি পণ্য ও টাইলস যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এবং টেবিলওয়্যার সামগ্রী বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

দেশে সিরামিক স্যানিটারি শিল্পের গোড়াপত্তনে মিরপুর সিরামিক ও ঢাকা সিরামিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে দেশে প্রায় ২০ থেকে ২২টি সিরামিক স্যানিটারি পণ্য প্রস্তুতকারক কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়লে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আমদানি-নির্ভরতাও কমানো সম্ভব।

ক্রেতারা এখন পণ্যের সৌন্দর্যের পাশাপাশি উপাদান, স্থায়িত্ব ও ব্যবহারিক সুবিধাও বিবেচনা করছেন। ফিটিংসের ক্ষেত্রে সলিড ব্রাস ও পিভিডি কোটিংয়ের প্রতি আগ্রহ বাড়ছে। সিরামিক পণ্যে স্ক্র্যাচ প্রতিরোধী ভিট্রিফাইড উপাদান ও অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং গুরুত্ব পাচ্ছে। পানি সাশ্রয়ে ডুয়াল ফ্লাশ প্রযুক্তির কমোডও বাজারে জায়গা করে নিচ্ছে।

আবাসন ও নির্মাণ খাতের সম্প্রসারণে স্যানিটারি পণ্যের বাজারে সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি নজর বাড়লে স্যানিটারি শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগও আরও বড় হতে পারে। 

নকশার বৈচিত্র্য, স্মার্ট প্রযুক্তি স্যানিটারি পণ্যের বাজারে নতুন মাত্রা যোগ করছে। একই সঙ্গে বাড়ছে একাধিক ব্র্যান্ডের প্রতিযোগিতা। ক্রেতাদের চাহিদার পরিবর্তনে পণ্যের মান, স্থায়িত্ব, পানি সাশ্রয় ও বিক্রয়োত্তর সেবা হয়ে উঠছে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফলে বেসিন-কমোডের গণ্ডি ছাড়িয়ে স্যানিটারি পণ্য আধুনিক জীবনযাপন ও বাড়ির নান্দনিকতার অংশ হয়ে উঠছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা