সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মিনিট আগে
আপডেট : ৭ মিনিট আগে
সুইজারল্যান্ডে তরুণদের বিক্ষোভ মিছিলে ‘ফাইট ফর আওয়ার ফিউচার, নট দেয়ার ওয়ার্স’ লেখা ব্যানার। ছবি: সংগৃহীত
সামরিক খাতে ব্যয় বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের অভাব এবং শিক্ষা খাতে অর্থায়ন কমানোর প্রতিবাদে শুক্রবার সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো তরুণ-তরুণী। দেশটির শিক্ষার্থী, শিক্ষানবিশ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি অধিকাংশ স্থানে শান্তিপূর্ণ থাকলেও বাসেল ও লুসানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা কিস্টোন-এসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় ১০টি শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার।
বাসেলে জলকামান ও কাঁদানে গ্যাস
বাসেলে অনুমোদিত একটি মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওয়েটস্টাইন সেতুর সামনে একদল মুখোশধারী বিক্ষোভকারী নির্মাণসামগ্রীর বেড়া, ময়লার পাত্র ও সড়কচিহ্ন ব্যবহার করে ব্যারিকেড তৈরি করেন।
পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যারিকেড সরিয়ে দেয়। পরে শহর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিছু বিক্ষোভকারী আতশবাজি, বোতল, পাইরোটেকনিক সামগ্রী ও গুলতি দিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বড় ধরনের সহিংসতা ঠেকাতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
জুরিখে গ্রেপ্তার চার
জুরিখে অনুমোদিত যুব ধর্মঘট কর্মসূচিতে প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভের আগে ও চলাকালে নগর ও ক্যান্টন পুলিশের সদস্যরা কয়েক ডজন ব্যক্তির তল্লাশি ও পরিচয় যাচাই করেন।
পুলিশ জানিয়েছে, কর্তব্যরত কর্মকর্তার কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রসিকিউটরের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ২৯ জনকে সাময়িকভাবে আটক করে থানায় নেওয়া হয় এবং প্রায় ৬০ জনকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
বার্নে শান্তিপূর্ণ মিছিল
রাজধানী বার্নে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার তরুণ মুনস্টারপ্লাটজ থেকে মিছিল শুরু করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাইচশুলে এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
নিরাপত্তার জন্য পুলিশ কয়েকটি যানবাহন মোতায়েন করলেও তারা মূলত পেছনে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুরো মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
লুসানে জনসমাগম, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ফরাসিভাষী অঞ্চল লুসানে এদিন সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। কিস্টোন-এসডিএর হিসাবে সেখানে সাত থেকে আট হাজার মানুষ অংশ নেন। তবে ক্যান্টন পুলিশের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৯ থেকে ১০ হাজার। অন্যদিকে ট্রেড ইউনিয়নগুলোর দাবি, এ সংখ্যা ২৫ হাজার।
বিক্ষোভ শেষ হওয়ার পর প্রায় ৫০ জন মুখোশধারী ক্যাথেড্রালের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা আতশবাজি ও ধোঁয়া বোমা নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেনেভা ও বেলিনজোনায়ও বিক্ষোভ
জেনেভায় প্রায় এক হাজার মানুষ সমবেত হয়ে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একই দিনে ইতালীয় ভাষাভাষী শহর বেলিনজোনায়ও প্রায় এক হাজার তরুণ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। সেখানে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক যুব আন্দোলনের অংশ
আন্তর্জাতিক যুব ধর্মঘট আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ২০২৬ সালের শুরুতে গড়ে ওঠা এই জোট ইউরোপজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমন্বিত আন্দোলনের ডাক দেয়। আয়োজকদের তথ্যমতে, সুইজারল্যান্ডের ৬৫টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীদের দাবি, সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও সামাজিক কল্যাণ খাতে সরকারের বিনিয়োগ বাড়াতে হবে। দেশজুড়ে বিপুলসংখ্যক তরুণের অংশগ্রহণ তাদের এই দাবিগুলোর প্রতি ক্রমবর্ধমান জনসমর্থনের ইঙ্গিত বহন করছে।