× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইজারল্যান্ডে সাইবার হামলায় ফাঁস ৯৭ হাজার কর্মীর তথ্য

সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি

প্রকাশ : ২৬ মিনিট আগে

সুইজারল্যান্ডে সাইবার হামলায় ফাঁস ৯৭ হাজার কর্মীর তথ্য

সুইজারল্যান্ডের বাসেল-কান্ট্রি অঞ্চলে সাইবার হামলার ঘটনায় সীমান্ত-পারাপার কর্মীদের ওয়ার্ক পারমিট-সংক্রান্ত প্রায় ৯৭ হাজার ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্যান্টন কর্তৃপক্ষ।

ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে, হ্যাকারদের হাতে যাওয়া তথ্যের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, বাসার ঠিকানা, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, পেশাগত পরিচয় এবং সুইস সেন্ট্রাল মাইগ্রেশন ইনফরমেশন সিস্টেমে সংরক্ষিত শনাক্তকরণ নম্বর। এ ছাড়া ক্যান্টনের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের যোগাযোগসংক্রান্ত তথ্যও চুরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৬ সালের ২৮ নভেম্বর থেকে জমা দেওয়া সীমান্ত-পারাপার কর্মীদের পারমিট আবেদনের তথ্য এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ফিশিং জালিয়াতি ও পরিচয় চুরির ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনার পর বাসেল-কান্ট্রি প্রশাসন সুইস ফেডারেল অফিস ফর সাইবার সিকিউরিটি, ডেটা প্রটেকশন সুপারভাইজরি অথরিটি, ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এবং জার্মানি ও ফ্রান্সের দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে।

এদিকে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি সাইবার হামলার প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদার করেছে ক্যান্টন প্রশাসন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তথ্য ফাঁসের ঘটনা প্রবাসী ও সীমান্ত-পারাপার কর্মীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সন্দেহজনক ই-মেইল, এসএমএস বা ফোনকলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা ব্যাংকিং-সংক্রান্ত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইন অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড ও সরকারি সেবাসংক্রান্ত অনলাইন অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো অস্বাভাবিক কার্যক্রম দ্রুত শনাক্ত করা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। তাই অচেনা কোনো সূত্র থেকে আসা বার্তা, লিংক বা তথ্য যাচাই ছাড়া গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপজুড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা বাড়ছে। ফলে প্রবাসীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আরও সচেতন হওয়া এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা