প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ২৩:১৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১৪:৫৯ পিএম
জাতীয় ইনসাফ কায়েম কমিটি
গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ বিবাদে ইনসাফ কায়েম কমিটিকে টেনে আনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন, এটা অনাকাঙ্খিত ও অন্যায়।
মঙ্গলবার (২০ জুন) রাতে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।
গণঅধিকার পরিষদের আভ্যন্তরীণ বিবাদে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দুঃখজনক মন্তব্য করে বিবৃতিতে বলা হয়েছে, আমাদের কর্মসূচিতে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানাই। সেই সুবাদে গণঅধিকার পরিষদের ডা. রেজা কিবরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি এসেছেন বলে আমরা তার কাছে কৃতজ্ঞ। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার বাস্তবায়নের প্রতি তার সংকল্প ও অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করেছে। কিন্তু জাতীয় ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানে তার অংশগ্রহণকে অজুহাত হিসাবে ব্যবহার করে গণঅধিকার পরিষদ তাদের অভ্যন্তরীণ কোন্দলকে যেভাবে উন্মোচন করেছে তা ন্যক্কারজনক ও নিন্দনীয়।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদে এবার ‘তৃতীয় পক্ষ’
বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ধরনের গণবিরোধী, মানবাধিকারবিরোধী এবং ক্ষমতাসীন ফ্যাসিস্ট শক্তির দোসরের অপপ্রচারে জাতীয় ইনসাফ কায়েম কমিটিকে টলানো যাবে না। ভিত্তিহীন অভিযোগ অনৈতিক এবং বিদ্যমান ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে সজ্ঞানে দ্বিধা বিভক্ত করার তৎপরতা। আমরা নিন্দা করি। ফ্যাসিস্ট শক্তি ও ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের সবার কাজ হওয়া উচিত, বিভক্তি ও বিভাজন নয়। আজগবি ও ভিত্তিহীন অভিযোগ জাতীয় ইনসাফ কায়েম কমিটির প্রস্তাবকে সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার অক্ষমতা বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই।
আমরা বারবারই বলেছি, জাতীয় ইনসাফ কমিটি কোনো রাজনৈতিক দল নয়। এই সংগঠনটি ২০১২ সালে খালেদা জিয়ার প্রেরণায় সম্পূর্ণ নির্দলীয় সংগঠন হিসাবে গড়ে তোলা হয়। এটি সম্পূর্ণভাবে একটি মানবাধিকার সংগঠন। মানবাধিকার সংগঠন হিসাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিন্দুমাত্র কোনো প্রতিযোগিতা নেই। আমরা আশা করব, গণঅধিকার পরিষদ তাদের বিভ্রান্তি ও আভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে উঠবে।