× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅধিকার পরিষদে এবার ‌‘তৃতীয় পক্ষ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ০০:৩৩ এএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৫:০৩ পিএম

গণঅধিকার পরিষদের একটি অনুষ্ঠানে আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের একটি অনুষ্ঠানে আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর। সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের দ্বন্দ্বে টালমাটাল গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২০ জুন) নুরুল হক নুর ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে দল থেকে অব্যাহতি দিয়ে দ্বন্দ্ব আরও বাড়িয়ে দিয়েছেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া ও নুরের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ ও অব্যাহতির পর এবার ‘তৃতীয় পক্ষ’ শুরু করেছে তদন্ত কার্যক্রম।

রেজা কিবরিয়া ও নুরের মধ্যে চলমান পাল্টাপাল্টি দোষারোপ ও অব্যাহতির ঘটনার তদন্ত ও পরবর্তী করণীয় ঠিক করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন সংগঠনের সচেতন সদস্যরা। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া পাল্টাপাল্টি দোষারোপ ও অব্যাহতির ঘটনার সমালোচনাও করেছেন তারা।

মঙ্গলবার রাতে দলটির বিভিন্ন পদধারী ৪৫ জন নেতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন-- কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান (যুগ্ম আহ্বায়ক, গণঅধিকার পরিষদ ও প্রধান সমন্বয়ক, শৃঙ্খলা এবং অডিট কমিটি), ব্যারিস্টার জিসান মহসিন (যুগ্ম আহ্বায়ক, গণঅধিকার পরিষদ ও প্রধান সমন্বয়ক, আইনজীবী অধিকার পরিষদ), সাদ্দাম হোসেন (যুগ্ম আহ্বায়ক, গণঅধিকার পরিষদ ও উপদেষ্টা, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ), জাকারিয়া পলাশ (যুগ্ম আহ্বায়ক, গণঅধিকার পরিষদ ও প্রধান সমন্বয়ক, গঠনতন্ত্র প্রণয়ন কমিটি), সাকিব হোসাইন (সহকারী আহ্বায়ক, গণঅধিকার পরিষদ ও প্রধান সমন্বয়ক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উপকমিটি)।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সচেতন সদস্য উল্লেখ করে বলা হয়েছে, ‘গত ১৮ জুন আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বাসার ছাদে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আহ্বায়ক রেজা কিবরিয়ার আলোচিত-সমালোচিত ইনসাফ কমিটির মিটিংয়ে যাওয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত সদস্য মেন্দি সাফাদির সঙ্গে দেখা করার কারণ ব্যাখ্যা চাওয়া হয়। উক্ত ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুগত সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সভার সভাপতি রেজা কিবরিয়া সভাস্থল ত্যাগ করেন এবং সঞ্চালক সভা মুলতবি ঘোষণা করেন।’

আরও পড়ুন: গণঅধিকার পরিষদের নিয়ে যা বলল জাতীয় ইনসাফ কায়েম কমিটি

বিবৃতিতে বলা হয়, ‘এর পরদিন গত ১৯ জুন সদস্য সচিব নুরুল হক নুর একটি সভার আহ্বান করেন, যা গঠনতন্ত্রের ৩৬ (খ), ৩৭ (ক), ৩৮, ৩৯ (খ) ও ৩৯ (ঘ) অনুযায়ী অবৈধ। তবু আমাদের কয়েকজন দলের স্বার্থে সেখানে উপস্থিত হই এবং কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আহ্বায়ক দেশে আসার পূর্বপর্যন্ত প্রটোকল অনুযায়ী ১নং যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনকে অন্তর্বতর্কালীন আহ্বায়কের দায়িত্ব পালন করার পরামর্শ দেই। কিন্তু উপস্থিত সবার মতামতকে উপেক্ষা করে একটি বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে মুহাম্মদ রাশেদ খাঁনকে সরাসরি দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়। অবৈধ এই সিদ্ধান্তে দলের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এদিকে অদ্য ২০ জুন তারিখে আহ্বায়ক রেজা কিবরিয়া দলের ১নং যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ও সদস্য সচিব নুরুল হক নুরকে সাময়িক অব্যাহতি দিয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব ঘোষণা করেন। আমরা মনে করি, আহ্বায়কের এই কাজটি সংকটকে আরও ঘনীভূত করেছে। এমন পাল্টাপাল্টি কার্যক্রমে দলে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।’ 

‘এমতাবস্থায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যগণ গঠনতন্ত্রের ১৮-গ-৮ ধারার ক্ষমতাবলে আমরা অত্র ঘোষণায় স্বাক্ষর করছি এবং দলের এইরূপ পরিস্থিতিতে উভয়পক্ষের তৎপরতাকে নীতিবহির্ভূত এবং দলের শৃঙ্খলার ও জনমনে দলের ইমেজ ক্ষুণ্নকারী বলে মনে করছি। সেইসাথে ঘটনার তদন্ত ও পরবর্তী করণীয় ঠিক করতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী সাত কর্মদিসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা গেল,’ বিবৃতিতে বলা হয়।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা