গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে মফস্বলের চায়ের দোকানÑ সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। রাজপথে তাদের সগর্ব পদচারণ আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান আলোড়ন তুলত তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় সেই জাসদ আজ চরম অস্তিত্ব সংকটে। আদর্শিক দ্বন্দ্ব, ক্ষমতার সমীকরণ আর পদের লড়াইয়ে একাধিক খণ্ডে বিভক্ত দলটি আজ পুরোপুরি জৌলুসহীন।
নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, বর্তমানে ‘জাতীয় সমাজতান্ত্রিক দল’ নামেই তিনটি ভিন্ন ভিন্ন অংশের নিবন্ধন রয়েছে, যাদের প্রতীক মশাল, তারা ও মোটরগাড়ি। জনঘনিষ্ঠ ইস্যুতে রাজপথের সক্রিয় আন্দোলনের চেয়ে দলগুলোর কার্যক্রম এখন মূলত সংবাদ বিজ্ঞপ্তি, ঘরোয়া সভা-সমাবেশ আর সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ। একসময়ের মূলধারার রাজনীতিতে প্রভাব বিস্তারকারী শক্তিটি আজ কার্যত রাজনীতিতে প্রান্তিক অবস্থানে চলে গেছে।
জাসদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দলটির কর্মপন্থা ও আদর্শিক অবস্থান নিয়ে শুরু থেকেই একধরনের দোটানা ছিল। সমাজতন্ত্রের কথা বললেও শেষ পর্যন্ত তারা সংসদীয় ধারার রাজনীতিই বেছে নেয়। ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে ২৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র পাঁচটি আসনে জয় পায় জাসদ। এরপর ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাওকে কেন্দ্র করে সংঘর্ষে রক্ষী বাহিনীর গুলিতে ২২-২৩ জন কর্মী নিহত হন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দলটি প্রথমবারের মতো নিষিদ্ধ হয়। একই বছর বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ জাসদের গতিপথ বদলে দেয়। ১৯৮০ সালে আদর্শিক দ্বন্দ্বের জেরে দলটি ভেঙে ‘বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’-এর জন্ম হয়। এসব ধারাবাহিক ঘটনাই জাসদের সাংগঠনিক শক্তিকে ক্রমশ ক্ষয় করে আজ তলানিতে এনে দাঁড় করিয়েছে।
বর্তমানে এই খণ্ডিত শক্তির প্রথম অংশ হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এর নেতৃত্বে রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা আ স ম আবদুর রব। তিনি এ অংশের সভাপতি। ২০০৮ সালের নিবন্ধনের তালিকা অনুযায়ী এই দলের নম্বর ১৫ এবং তাদের নির্বাচনী প্রতীক ‘তারা’। দীর্ঘদিন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে রাজনীতি করলেও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘অংশীদারত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার স্লোগান সামনে রেখে দলটি এককভাবে নির্বাচনে অংশ নেয়। তবে ১৭০টি আসনে প্রার্থী দিয়েও কোনো আসনে তারা জয় পায়নি। নির্বাচনের পর দলটির দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা তুলনামূলকভাবে প্রায় বন্ধ হয়ে গেছে; কেবল দিবসকেন্দ্রিক কয়েকটি ঘরোয়া কর্মসূচি ছাড়া মাঠপর্যায়ে তাদের আর দেখা যায়নি।
দলটির এই নিষ্ক্রিয়তা ও নির্বাচনী ব্যর্থতা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তার মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিএনপি সমঝোতার রাজনীতি ও ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি নিষ্ঠা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় গণতান্ত্রিক উত্তরণ অনিশ্চিত হয়ে পড়ে। মাঠের কর্মসূচি কমে যাওয়ার প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজনীতির প্রকৃত সাফল্য কেবল কর্মসূচির সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না; বরং জনগণের মধ্যে রাষ্ট্র পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি করাই প্রকৃত মানদণ্ড। দলের আদি স্লোগান ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ থেকে সরে আসা প্রসঙ্গে তিনি বলেন, তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খান মূলত সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেওয়ার জন্যই পরবর্তী সময়ে ‘অংশীদারত্বের গণতন্ত্র’-এর বিকল্প দর্শন সামনে এনেছিলেন, যেখানে সংসদীয় রাজনীতি কোনো চূড়ান্ত লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হলো, রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্ত করে সমাজশক্তির অংশগ্রহণ ভিত্তিক ‘অংশীদারত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠা করা।
এদিকে ‘জাসদ’ বলে সমাজে পরিচিত আরেক অংশের নেতৃত্বে রয়েছেন সভাপতি হাসানুল হক ইনু। এ অংশের প্রতীক মশাল। কোটাবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই অংশের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর ইনুপন্থী জাসদের মাঠপর্যায়ের কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়ে। ২০০২ সাল থেকে হাসানুল হক ইনু এ অংশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি জাসদ গঠনের সময় প্রতিষ্ঠাতা সহসভাপতিদের একজন ছিলেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের হয়ে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনু গ্রেপ্তার হন এবং ২০২৬ সালের ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সম্প্রতি দলটির সভাপতির রায়কে কেন্দ্র করে নেতাকর্মীদের কিছু প্রতিবাদ মিছিল ও অফিসকেন্দ্রিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেখা গেছে। বর্তমান রাজনৈতিক মাঠে নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরে দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রতিকূল পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতা জাসদের রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বাকশাল আমলসহ বিভিন্ন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও জাসদ সংগঠন টিকিয়ে রেখেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বর্তমান বাস্তবতায় জাসদ মাঠে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখবে।’ তিনি আরও বলেন, ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনা ও নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়লেও জাসদ সেই আদর্শের পক্ষে অবস্থান অব্যাহত রেখেছে। একই সঙ্গে হাসানুল হক ইনুকে বাদ দিয়ে নতুন সম্মেলনের যে গুঞ্জন রয়েছে, তা সঠিক নয় বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, জাসদের এ অংশটি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশই নেয়নি।
শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন ‘বাংলাদেশ জাসদ’ নামে আরেকটি অংশ রয়েছে, যার প্রতীক মোটরগাড়ি। ২০১৬ সালে এই অংশটির সৃষ্টি হয়। ওই বছরের ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে জাসদের মধ্যে চূড়ান্ত বিভক্তির সৃষ্টি হয়। শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বে একটি অংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক কমিটি ঘোষণা করে ‘বাংলাদেশ জাসদ’ গঠন করে। অন্যদিকে ইনুপন্থী হিসেবে পরিচিত শিরীন আখতার কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই ঘটনার মধ্য দিয়েই জাসদের সাংগঠনিক বিভক্তি স্থায়ী রূপ পায়। শুরুতে বাংলাদেশ জাসদও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে ছিল। তবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জোটের বৈঠক বর্জন শুরু করে এবং ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে ১৪ দল ছাড়ার ঘোষণা দেয়। এরপর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় হয় দলটি। ২০২৪ সালের কোটা আন্দোলনেও তারা শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানায়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৯ নভেম্বর বাম দলগুলোর সমন্বয়ে গঠিত নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এ যোগ দেয় বাংলাদেশ জাসদ। বর্তমানে ছোট পরিসরে সভা, সেমিনার ও মানববন্ধনের মধ্যেই তাদের কার্যক্রম সীমিত থাকলেও জনঘনিষ্ঠ ইস্যুতে সক্রিয় থেকে সাংগঠনিক ভিত্তি পুনর্গঠনের চেষ্টা চলছে বলে দলটির নেতারা দাবি করেন।
জাসদ পুরোপুরি গণতান্ত্রিক দল হবে, নাকি বৈপ্লবিক সম্ভাবনা জিইয়ে রাখবেÑ এই মৌলিক বিতর্কের ফয়সালা আজও হয়নি দাবি করে বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ব্যর্থতার পর থেকেই দলে প্রশ্ন উঠেছিলÑ তারা কি পার্লামেন্টসর্বস্ব দল হবে, নাকি বৈপ্লবিক রাজনীতির স্বার্থে সংসদীয় পথকে ব্যবহার করবে। ‘রেভল্যুশনারি পলিটিকস’ থেকে ‘পার্লামেন্টারি পলিটিকস’-এর এই রূপান্তরের টানাপড়েন দলে সব সময়ই ছিল। তিনি আরও যোগ করেন, আশির দশকজুড়ে সংসদীয় রাজনীতির কোনো সুনির্দিষ্ট প্রস্তুতি বা নিজস্ব কনস্টিটিউয়েন্সি গড়ে না তুলে একা নির্বাচন করতে গিয়ে যখন কোনো আসন মিলল না, তখন থেকেই কর্মীদের মধ্যে হতাশা দানা বাঁধে। এর ওপর বিশ্বজুড়ে বাম রাজনীতির যে ভাটা চলছে, তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দলের ওপর। তবুও জনঘনিষ্ঠ ইস্যুতে তারা সক্রিয় এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত আছে বলেও দাবি করেন তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের এই সামগ্রিক পথপরিক্রমা ও বর্তমান অবস্থাকে আদর্শিক ধারাবাহিকতার সংকট হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তার মতে, জাসদ দীর্ঘ সময় একধরনের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। দলটি বিভিন্ন সময়ে কখনও গণতন্ত্র, কখনও সমাজতন্ত্র আবার কখনও ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। ২০০৮ সালের পর আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাসদ যে রাজনৈতিক অবস্থান নেয়, তাতে দলটি শিক্ষিত ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়।
ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, আদর্শিক অবস্থানের এই পরস্পরবিরোধিতা, দীর্ঘদিনের ভাঙন, সংসদীয় রাজনীতির পর্যাপ্ত প্রস্তুতির অভাব, বিশ্বব্যাপী বাম রাজনীতির দুর্বলতা এবং নেতৃত্বের সংকটÑ সব মিলিয়ে জাসদ আজ এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে দলটির কোনো অংশই মূলধারার রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা কর্তৃত্ববাদবিরোধী রাজনীতিতে সক্রিয় ছিল, তারা হয়তো সীমিত পরিসরে টিকে থাকবে, কিন্তু জাতীয় রাজনীতিতে বড় শক্তি হয়ে ওঠা কঠিন। সংসদীয় রাজনীতির প্রস্তুতির ঘাটতি, বিশ্বরাজনীতির বামপন্থার ভাটার টান আর শীর্ষ নেতাদের নীতিগত সিদ্ধান্তের বৈপরীত্য জাসদকে আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।