এনসিপির কার্যালয়ে বৃহস্পতিবার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: ভিডিও থেকে
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এনসিপি সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এনসিপির কার্যালয়ে বৃহস্পতিবার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সারজিস।
তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচন করব এবং সেটাকে সামনে রেখে এনসিপি ইতোমধ্যেই সাংগঠনিক যে শক্তিতা সেটা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে অনেক দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে”।
এনসিপি আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে জানিয়ে সারজিস বলেন, “আমরা ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দিয়েছি। এই সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১০০ উপজেলা এবং পৌরসভায় আমরা প্রার্থী ঘোষণা করব। পাশাপাশি পাঁচটা সিটি কর্পোরেশন প্রার্থী ঘোষণা করেছি। বাকি প্রার্থীদের নামও আমরা এই সেপ্টেম্বর মাসের মধ্যে ঘোষণা করব”।
দলটির মুখ্য সংগঠক আরও বলেন, “বাংলাদেশে প্রায় চার হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়ন পরিষদে এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে”।