সুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে
চলমান গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে এবং আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে”।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, “মহেশখালীর গ্যাস টার্মিনালে দেখা দেওয়া কারিগরি ত্রুটি ইতোমধ্যে ঠিক হয়ে এসেছে। টার্মিনালে গ্যাস পুনর্ভরণ শুরু হলে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে। এতে গৃহস্থালির চুলায় গ্যাসের চাপ বাড়ার পাশাপাশি মিল-কারখানার প্রয়োজনীয় জ্বালানিও সরবরাহ করা সম্ভব হবে”।
রিজভী বলেন, “জনগণের দুর্ভোগ কমাতে সরকার দ্রুত এলএনজি ও জ্বালানি কেনার উদ্যোগ নিয়েছে। এ জন্য বাজেটে বরাদ্দের অতিরিক্ত আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান গ্যাস সংকট সরকারের কোনো ত্রুটির কারণে নয়; এটি বৈশ্বিক পরিস্থিতির প্রভাব। আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে”।
সংকট মোকাবিলায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, “গ্যাস সংকট নিয়ে গঠনমূলক ভূমিকা রাখতে হলে সংকটের প্রকৃত কারণ তুলে ধরতে হবে। সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে”।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, জলাভূমি পুনঃখনন এবং নদী-খাল-নালা দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।