জুনাইদ আহমেদ পলক ও ওবায়দুল কাদের। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দিতে বলেছিলেন।
এ সংক্রান্ত ফোনালাপের রেকর্ড রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জমা দিয়েছে প্রসিকিউশন।
ওবায়দুল কাদের ও অন্য ছয়জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কের তৃতীয় দিনে প্রসিকিউশন এই রেকর্ডিংটি প্রমাণ হিসেবে উপস্থাপন করে।
প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, অভ্যুত্থানের সময় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের বিষয়ে এই কথোপকথনটি মামলার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।
রবিবার যুক্তিতর্কের প্রথম দিকে ওবায়দুল কাদের ও পলকের ওই কথোপকথন ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়।
সেখানে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘ইন্টারনেটটা একটু স্লো করে দাও।’ জবাবে পলক বলেন, ‘একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘নিয়ে নাও।’ পলক বলেন, ‘বলা আছে তো যে উনি না বললে...।’
এরপর ওনাকে (শেখ হাসিনা) জিজ্ঞাসা করেই ইন্টারনেট স্লো করতে বলেন ওবায়দুল কাদের।
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ ও প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার। আসামিপক্ষের আইনজীবীরাও এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালকে বলেন, “ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বা সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা পদধারীকে বিশ্বাস করতেন না। তিনিই মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে এনটিএমসির প্রধান নিয়োগ করেছিলেন। তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ফোনকলগুলো রেকর্ড করতেন এবং তা নিজেই নজরদারি করতেন”।
গাজী তামিম আরও বলেন, “শেখ হাসিনা নিশ্চয়ই নিজের ফোনকল এনটিএমসিতে দেননি। কিন্তু আমরা অসংখ্য ফোনকল পেয়েছি এ সংস্থার মাধ্যমে। শেখ হাসিনা ঠিক যার সঙ্গে কথা বলছেন, তার ফোন নম্বরটি এনটিএমসিতে ছিল। এ কারণে ওই ব্যক্তির সঙ্গে যে-ই কথা বলতেন, সেটি রেকর্ড হয়ে যেতো। একইভাবে শেখ হাসিনাও যখন এসব ব্যক্তির সঙ্গে কথা বলেছেন, তখন তার ফোনকলও রেকর্ড হয়েছে”।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ওবায়দুল কাদেরসহ আসামি মোট সাতজন। তাদের মধ্যে কেবল পলক কারাগারে আছেন।
পলাতক ছয় আসামি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
তারা ২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলন দমনে ‘সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে হাজিরের আবেদন
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়েছে।
রবিবার ট্রাইব্যুনাল-১-এ আবেদনটি করা হয়। হাজিরের পর এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানী থেকে নিখোঁজ হন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ। সে বছরের ১১ মে ভারতীয় পুলিশ তাকে মেঘালয়ের শিলংয়ের রাস্তায় ঘোরাফেরা করা অবস্থায় উদ্ধার করে।
অনুপ্রবেশের মামলায় ২০১৫ সালের ২২ জুলাই তাকে অভিযুক্ত করা হলেও ২০১৮ সালে তিনি মুক্তি পান। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফেরেন এবং ১৫ অক্টোবর গুম-সংক্রান্ত তদন্ত কমিশনে অভিযোগ করেন সালাহউদ্দিন।
পরে ২০২৫ সালের ৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেন তিনি।
প্রসঙ্গত, জিয়াউল আহসানের বিরুদ্ধে এরই মধ্যে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারিক কার্যক্রম এগিয়েছে।
ইলিয়াস আলীকে ‘গুমের’ মামলায় উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি নেতা ইলিয়াস আলীকে ‘গুমের’ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনে বিচারপতি গোলা মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ রবিবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানান।
গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে।
এরপর ২৬ জুলাই রাতে আটক করে তাকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। প্রসিকিউশন গত বৃহস্পতিবার সাইফুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সে অনুযায়ী রবিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
তবে সেনা হেফাজতে থাকায় তাকে আর নতুন করে গ্রেপ্তার করার প্রয়োজন হবে না। ওই পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।