× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার বিশ বছরের কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৯:১৫ পিএম

ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার বিশ বছরের কারাদণ্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার বিশ বছরের কারাদণ্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক চার কর্মকর্তাকে পৃথক তিন ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

তবে তিনটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাদের সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ব্যাংকটির সাবেক কেন্দ্রীয় হিসাব বিভাগ ও ইনভেস্টমেন্ট বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ সাঈদ খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার ভৌমিক এবং শওকত আলী।

রায়ে বিশ্বাসভঙ্গের অপরাধে প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাল-জালিয়াতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং অর্থ আত্মসাতের অভিযোগে আরও পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আসামিদের মধ্যে শওকত আলী আদালতে অনুপস্থিত ছিলেন। তার আইনজীবী কামরুল ইসলাম সময়ের আবেদন জানিয়ে বলেন, শওকত আলীর স্ত্রী অসুস্থ এবং তার ভাবী মারা গেছেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তার জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহম্মেদ আলী সালাম জানান, তিন ধারার সাজা একত্রে চলবে। ফলে দণ্ডপ্রাপ্তদের কার্যকর সাজা হবে ১০ বছর।

মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ৪ নভেম্বর মোহাম্মদ ইউসূফ আলী ঢাকা ব্যাংকে হিসাব খুলে প্রথমে ১৭ লাখ টাকা এবং পরে ঋণসীমা বাড়িয়ে ২৪ লাখ টাকা গ্রহণ করেন। জামানত হিসেবে তিনি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের এক হাজার এবং মেঘনা সিমেন্ট লিমিটেডের সাড়ে সাত হাজার শেয়ার জমা দেন। পরবর্তী যাচাইয়ে এসব শেয়ার ভুয়া প্রমাণিত হলে প্রতারণার মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসে। 

অভিযোগে বলা হয়, শওকত আলী হিসাব খোলার সময় ইউসূফ আলীকে শনাক্ত করে অসৎ উদ্দেশ্যে সহযোগিতা করেন এবং অন্যদের সঙ্গে যোগসাজশে এই জালিয়াতিতে অংশ নেন।

ঘটনার পর ২০০৮ সালের ৩১ মে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল হক মতিঝিল থানায় মামলা করেন। 

অধিকতর তদন্ত শেষে ২০২৩ সালের ২২ আগস্ট চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ইউসূফ আলীর সঠিক নাম-ঠিকানা পাওয়া না যাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। গত বছরের ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচারকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য, আসামিদের আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা