প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। ছবি: ফেসবুক থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নিজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেছেন, ‘তুরাগ ট্র্যাজেডি’শিরোনামে তাকে জড়িয়ে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এক ফেসবুক পোস্টে শনিবার এই প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, “গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে “Daily Ajker Kantho – ডেইলি আজকের কণ্ঠ” নামে একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে আমাকে জড়িয়ে “তুরাগ ট্র্যাজেডি” শিরোনামে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। আশুলিয়ায় সংগঠিত একটি ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা প্রোপ্যাগান্ডা চালানোর অপচেষ্টা করা হয়েছে”।
এসব পোস্টে আশুলিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে-কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী নৌকাযোগে মিছিলের উদ্দেশ্যে আশুলিয়া বাজার ঘাট এলাকায় পৌঁছালে পুলিশের অভিযানে কয়েকজন আটক হন। এ সময় আতঙ্কে কিছু ব্যক্তি তুরাগ নদীতে ঝাঁপ দেন এবং পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
তিনি দাবি করেন, ঘটনাস্থল ঢাকা-১৮ আসনের অন্তর্গত নয় এবং এ ঘটনায় তার বা তার কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। তারপরও রাজনৈতিক উদ্দেশ্যে তাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে তিনি বলেন, “একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফটোকার্ড ও কাল্পনিক বক্তব্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন”।
তিনি আরও জানান, ২৭ জুন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলা হয়েছে।
এমপি এস এম জাহাঙ্গীর হোসেন জানান, অপপ্রচার ও মানহানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এনেছেন।
তিনি জনগণ ও দলের নেতাকর্মীদের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।