বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ২২:০২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ১২:৩৭ পিএম
ট্রেইনি চিকিৎসকদের একাংশ। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। তবে দাবির বিষয়ে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
রবিবার (১৬ জুলাই) দুপুর থেকে শাহবাগ-সায়েন্সল্যাব সড়কে অবস্থান নেন চিকিৎসকরা। পরে চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে এসে বিকাল সাড়ে ৪টার দিকে রাস্তা ছাড়েন। ৫টার পর আবারও সচল হয় যানবাহন চলাচল।
পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘উপাচার্য স্যার আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন। উপাচার্য স্যারের আশ্বাসে আমরা এখন রাস্তা ছাড়ছি। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’
আরও পড়ুন: কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন ট্রেইনি চিকিৎসকরা
এর আগে সকাল ১১টার দিকে শাহবাগে বিএসএমএমইউ বটতলায় সমবেত হন চিকিৎসকরা। পরে দুপুর ১টার দিতে বিএসএমএমইউ’র মূল ফটক দিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। সেখানে গেইট আটকে দেয় পুলিশ। পরে ৫ নম্বর গেইট দিয়ে বের হতে চাইলে সেখানে চিকিৎসকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের প্রতিবাদে ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন।
এদিকে ভাতা বাড়ানোর দাবিতে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) মানববন্ধন করেন তারা। কর্মবিরতির অংশ হিসেবে সকাল ১০টায় ঢামেকের বাগান গেইটে সমবেত হন চিকিৎসকরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান তারা। সেখান থেকে রবিবারের কর্মসূচি ঘোষণা করা হয়।