হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তার এই প্রথম পাকিস্তান সফর ঘিরে দ্বিপক্ষীয় সংসদীয় সম্পর্ক জোরদারের আলোচনা হয়েছে।
সফরের বিষয় ও সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সোমবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন স্পিকার।
এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সম্পাদক, নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ইসলামাবাদ সফরে যান হাফিজ উদ্দিন আহমদ। ২৯ নভেম্বর দেশে ফেরেন তিনি।
সফরটি ছিল বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের প্রথম পাকিস্তান সফর। প্রতিনিধি দলে সংসদ সদস্য জারহাত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান ছিলেন।
সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের স্পিকার।
আলোচনায় সংসদীয় সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। লাহোর ও করাচি সফরও ছিল সূচিতে।