গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মনোগ্রাম। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমুখী করতে উচ্চপর্যায়ের সংসদীয় সাবকমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে বিসিএস তথ্য সাধারণ ক্যাডার একীভূত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমিত জনবল দিয়ে অধিক কাজ সম্পাদন এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সহ মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, জনবল ও সক্ষমতা পর্যালোচনায় উচ্চপর্যায়ের একটি সংসদীয় সাবকমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোকে আরও কার্যকর ও গণমুখী করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে এ কমিটি।
বৈঠকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডার একীভূত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং বিদ্যমান জনবলকে আরও দক্ষতার সঙ্গে কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। কম জনবল দিয়ে বেশি কাজ সম্পাদনের পাশাপাশি প্রশাসনিক ব্যয় কমানোর ওপরও গুরুত্ব দিয়েছেন কমিটির সদস্যরা।
তবে একীভূত তথ্য ক্যাডারের কাঠামো, বাস্তবায়নপদ্ধতি কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়ন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
পদোন্নতি বঞ্চিত ও চাকরিচ্যুতদের তালিকা যাচাই
বিগত সরকারের সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় পদোন্নতি থেকে বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। তাঁদের অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাইয়ে পরবর্তী বৈঠকে একটি কমিটি গঠনের বিষয়ে মত দেওয়া হয়েছে।
প্রস্তাবিত কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে। পাশাপাশি কারা পদোন্নতি আটকে রাখা ও চাকরিচ্যুতির পেছনে নির্দেশদাতা হিসেবে ভূমিকা রেখেছেন, তাদের পাশাপাশি অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
তবে অভিযোগ গ্রহণ, যাচাইয়ের প্রক্রিয়া কিংবা প্রতিবেদন প্রকাশের সময়সীমা সম্পর্কে বৈঠকে বিস্তারিত জানানো হয়নি।
বেতার ও বিটিভিতে গুরুত্ব পাবে রাজনৈতিক ইতিহাস
বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দেশের রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাংলাদেশ বেতার ও বিটিভির অনুষ্ঠানমালায় যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।
এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস প্রচারের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে।
জাতীয় ইতিহাস সংরক্ষণ, জনমত গঠন এবং জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বেতার ও বিটিভিকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করা হয়।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সরকারি দল ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এ বিষয়ে উভয় পক্ষের সদস্যরা ঐকমত্য পোষণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনমত গঠনে বাংলাদেশ বেতার, বিটিভি ও বাসসসহ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ডিসেম্বরেই তিন প্রতিষ্ঠান পরিদর্শনের সুপারিশ
আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করেছেন সংসদীয় কমিটির সদস্যরা। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত সক্ষমতা ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হবে।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার উপস্থিত ছিলেন।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।