× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিভির সংবাদ ও অনুষ্ঠানে নিরপেক্ষতার ওপর জোর সংসদীয় কমিটির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৪:১১ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দ্বিতীয় বৈঠক। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দ্বিতীয় বৈঠক। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনে সামাজিক দায়বদ্ধতা, নিরপেক্ষতা এবং সংবাদের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমান।

বৈঠকে বলা হয়, বিটিভির লক্ষ্য কোনো বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে পরিণত হওয়া নয়; বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করা। এ জন্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের খবর প্রচারের আনুপাতিক হিসাবের পরিবর্তে সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করা হয়। কোনো নির্দিষ্ট দিনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ সংবাদ থাকলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রচারের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে বিটিভির অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘আর স্বৈরাচার নয়, আসুন সবাই মিলেমিশে কাজ করি’- এমন ইতিবাচক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিল সংরক্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। 

অপরদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। একই সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও পরবর্তী বৈঠকে উপস্থাপনের কথা বলা হয়।

এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশ নেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে নিশ্চিত করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা