গ্রাম থেকে শহরÑ সবখানেই জমির চড়া দাম, নির্মাণ ব্যয়, বাড়তি ভাড়া ও দ্রুত নগরায়ণের চাপ সেই স্বপ্নকে আটকে ফেলছে সামর্থ্যহীনতার বৃত্তে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভাত-কাপড়ের পর মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন আবাসন। অথচ সাশ্রয়ী আবাসনের স্বপ্ন পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। গ্রাম থেকে শহরÑ সবখানেই জমির চড়া দাম, নির্মাণ ব্যয়, বাড়তি ভাড়া ও দ্রুত নগরায়ণের চাপ সেই স্বপ্নকে আটকে ফেলছে সামর্থ্যহীনতার বৃত্তে। ফলে নিরাপদ ও স্থায়ী একটি ঠিকানা চলে যাচ্ছে অনেকের নাগালের বাইরে।
এই বাস্তবতার মধ্যেই আজ সোমবার পালন হতে চলেছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে আজ সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আবাসন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব বসতি দিবসের এবারের আয়োজনের ঘোষিত উদ্দেশ্যের মধ্যে রয়েছে সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অধিকারকে গুরুত্ব দেওয়া। এবার এ দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ।’
সরকারি-বেসরকারি সমন্বয়কেও এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বিভিন্ন এনজিও ও পেশাজীবী সংগঠনকে একমঞ্চে এনে টেকসই আবাসন বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেওয়ার কথা রয়েছে। আয়োজনে শুধু আবাসন সংকট নয়, নিম্ন আয়ের মানুষের জন্য এ সমস্যার বাস্তবসম্মত সমাধানের পথ খোঁজার কথাও বলা হয়েছে।
সাশ্রয়ী আবাসনের অন্যতম সরকারি প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ)। দেশের বিভিন্ন অঞ্চলে আবাসন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব রয়েছে সংস্থাটির। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও আবাসনের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এসব উদ্যোগের পরিসর কতটুকু, বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আয়-সামর্থ্যের সঙ্গে এসব প্রকল্পের সামঞ্জস্য আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সরকারের নীতিনির্ধারণী ত্রুটি এবং বেসরকারি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে শহরাঞ্চলে বস্তির সংখ্যা দিন দিন বাড়ছে বলে মত পরিকল্পনাবিদদের। তাদের ভাষ্য, স্বাধীনতার পর বড় শহরগুলোর আশপাশে পরিকল্পিতভাবে আরও জমি অধিগ্রহণ করে স্যাটেলাইট টাউন গড়ে তোলা গেলে বর্তমানে নগরে এত চাপ দেখা দিত না।
এ প্রসঙ্গে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিম্ন ও মধ্যবিত্তের আবাসনের চাহিদার তুলনায় এনএইচএর বর্তমান সরবরাহ অত্যন্ত কম। বিগত দুই দশকে এনএইচএ মূলত মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্তের প্লট এবং আবাসন প্রকল্পে বেশি গুরুত্ব দিয়েছে; প্রান্তিক ও দরিদ্র মানুষের আবাসন যথেষ্ট অগ্রাধিকার পায়নি।’
জমির ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন এই পরিকল্পনাবিদ। তার মতে, নতুন নগর পরিকল্পনায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের আবাসনের জন্য অন্তত ১০ থেকে ১৫ শতাংশ জমি রাখা প্রয়োজন হলেও বাস্তবে বরাদ্দ থাকছে মাত্র ১ থেকে ২ শতাংশ। খাসজমি ও পরিত্যক্ত সম্পত্তি এনএইচএর আওতায় আনা কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জমি অধিগ্রহণ করা গেলে আবাসনের জন্য জমির জোগান বাড়ানো সম্ভব।
তবে বেসরকারি আবাসন খাতের বক্তব্যে সংকটের আরেকটি দিক তুলে ধরেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিম্ন ও মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী আবাসনের চাহিদা অত্যন্ত বেশি হলেও সেই তুলনায় সরবরাহ পর্যাপ্ত নয়। সাশ্রয়ী আবাসনের পথে প্রধান তিনটি বাধা হলো অস্বাভাবিক জমির দাম, নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতি এবং সহজ শর্তে দীর্ঘমেয়াদি গৃহঋণের সীমিত সুযোগ। তিনি বলেন, বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় আবাসন প্রকল্পের মোট ব্যয়ের বড় অংশই চলে যাচ্ছে জমির পেছনে। সব মিলিয়ে একটি ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে বেশিরভাগ পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে।
কার্যকর সোশ্যাল হাউজিং মডেল প্রসঙ্গে পরিকল্পনাবিদ ও রিহ্যাবের বক্তব্যও প্রায় একই রকম। তাদের মতে, বাংলাদেশে এখনও পূর্ণাঙ্গ, সমন্বিত ও কার্যকর সোশ্যাল হাউজিং মডেল গড়ে ওঠেনি। বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি প্রকল্প নেওয়া হলেও নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য দীর্ঘমেয়াদি, সাশ্রয়ী ও পরিকল্পিত আবাসনকে একটি সমন্বিত জাতীয় কাঠামোয় আনা সম্ভব হয়নি। এর কারণ উপযুক্ত জমির স্বল্পতা, অর্থায়নের সীমাবদ্ধতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি ও আবাসন ব্যয়।
আবাসন খাতে সরকারি সংস্থাগুলোর দায়িত্ব নিয়েও রয়েছে প্রাতিষ্ঠানিক জটিলতা। রাজউকের মূল কাজ নগর পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ হলেও সংস্থাটি আবাসন প্রকল্পও বাস্তবায়ন করছে। আবার দেশের বিভিন্ন বিভাগ ও অঞ্চলে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে ওঠায় এনএইচএর কাজের পরিধিও বদলেছে। ফলে জাতীয় পর্যায়ে নিম্ন ও মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর দায়িত্ব ও সমন্বয় কতটা কার্যকর, সেই প্রশ্নও থাকছে।
আবাসন খাতসংশ্লিষ্টরা বলছেন, খাসজমি ও পরিত্যক্ত সম্পত্তি আবাসন কাজে ব্যবহার, কম দামে জমি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা, কর ও ফিতে ছাড় এবং সহজ শর্তে দীর্ঘমেয়াদি গৃহঋণের ব্যবস্থা করা গেলে আবাসন ব্যয় কমানো সম্ভব।
ভবিষ্যতের আবাসন সমস্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ঘটানো সবচেয়ে গুরুত্বপূর্ণÑ এ কথা জানিয়ে এনএইচএর সচিব মনদীপ ঘরাই প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সঠিকভাবে সমন্বয় করা গেলে অপরিকল্পিত নগরায়ণ থেকে বের হয়ে আসা সম্ভব। এ ছাড়া বর্তমানে ল্যান্ড ব্যাংক প্রণয়নের ওপরও জোর দেওয়া হচ্ছে।
এবারের আয়োজন
বিশ্ব বসতি দিবস উপলক্ষে এবার অবশ্য আয়োজনের পরিসর বড়। দিবসের কর্মসূচি বাস্তবায়নে গঠন করা হয়েছে নয়টি পৃথক উচ্চপর্যায়ের উপকমিটি। আমন্ত্রণপত্র, আসনবিন্যাস, জেলা ও বিভাগীয় কর্মসূচি, সেমিনার, স্মরণিকা, প্রচার এবং আবাসন মেলার জন্য রয়েছে পৃথক কমিটি। বিভিন্ন কমিটির দায়িত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানরা। রাজউক চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিটি আয়োজন করেছে আবাসন প্রকল্পের স্টল ও মেলার। গতকাল রবিবার বিকাল ৪টায় জিয়া উদ্যান থেকে চীন মৈত্রী সম্মেলক কেন্দ্র পর্যন্ত এনএইচএর আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।