প্রতিদিনের বাংলাদেশ-এ খবর প্রকাশের পর
প্রতিদিনের বাংলাদেশ-এ প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে চিফ স্কাউটস হিসেবে নাম, ছবি ও জীবনবৃত্তান্ত উঠেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ছবি: বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইট থেকে
প্রতিদিনের বাংলাদেশ-এ প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে চিফ স্কাউটস হিসেবে নাম, ছবি ও জীবনবৃত্তান্ত উঠেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গত ১ অক্টোবর ‘অন্তর্বর্তী কমিটিতে তছনছ স্কাউটস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এই তথ্য হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইট থেকে সরেছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের নাম ও ছবি।
এতদিন পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম, ছবি ও জীবনবৃত্তান্ত চিফ স্কাউটস হিসেবে ঝুলছিল। একইভাবে ছিল উপ-প্রধান কমিশনার হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের নাম ও ছবি। অথচ গত ১৭ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া হয় নতুন অন্তর্বর্তীকালীন কমিটি। যাতে উপ-প্রধান কমিশনার বলে কোনো পদ রাখা হয়নি। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সহসভাপতি-৪ করা হয়েছে।
প্রতিদিনের বাংলাদেশ-এ প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্কাউটস নেটওয়ার্ক নামের একটি পেজে রোভার স্কাউট মর্তুজা শামস জিম লেখেন, ‘নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ার দীর্ঘ ৪১ দিন পার হয়ে গেছে, অথচ বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেই ‘মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট’ বানিয়ে বুক ফুলিয়ে বসে আছে আইসিটি বিভাগ! বাহ রে ডিজিটাল বাংলাদেশ স্কাউটস! দেশ বদলে যায়, সরকার বদলে যায়, রাষ্ট্রপতি বদলে যায়Ñ কিন্তু স্কাউটসের আইসিটি উইংয়ের প্রোফাইল বদলানোর ফুসরত হয় না। ওয়েবসাইট কি কারও বংশের সম্পত্তি নাকি মোক্ষম কোনো ঘুমন্ত রাজ্য?’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ স্কাউটস গঠনতন্ত্র অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদাধিকারবলে হলেন বাংলাদেশ স্কাউটসের ‘চিফ স্কাউট’, যিনি পুরো আন্দোলন ও যুবসমাজের মূল অনুপ্রেরণা। এটি কেবল কোনো নামেমাত্র পদ নয়, এটি একটি সর্বোচ্চ সাংবিধানিক ও অভিভাবকত্বমূলক আসন। যেখানে রাষ্ট্রপ্রধানের মতো অতি সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ পদের আপডেট আসতে সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘণ্টা লাগার কথা, সেখানে ৪১ দিন পেরিয়ে যাওয়া মানে সাধারণ অদক্ষতা নয়; এটি চরমমাত্রার পেশাদারত্বহীনতা ও দায়িত্বের প্রতি তুচ্ছতাচ্ছিল্য। অফিসিয়াল নিয়ম অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে বা দ্রুততম সময়ে পোর্টাল আপডেট হওয়ার কথা থাকলেও, আইসিটি বিভাগ যেন চোখ বন্ধ করে গভীর ঘুমে মগ্ন।’
তার দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্কাউটসের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। নেটওয়ার্কের অনেকেই তার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন। ওয়েবসাইটে নতুন চিফ স্কাউটের নাম দীর্ঘদিনেও যুক্ত না করাকে অপরাধ হিসেবে গণ্য করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি আবেদন জানিয়ে চিঠি লিখেছেন তিনি। কিন্তু স্কাউটসের প্রধান কার্যালয় এই চিঠি কেউ নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তিনি ফেসবুকে লাইভও করেন। পরে চিঠিটি স্কাউটসের সভাপতি, প্রধান জাতীয় কমিশনার ও নির্বাহী পরিচালককে মেইল করেন।
ওয়েবসাইটে সামান্য এই পরিবর্তন করা হলেও এখনও হালনাগাদ অনেক তথ্যই নেই। বাংলাদেশ স্কাউটসের বার্ষিক সাধারণ সভার নোটিসের স্থলে রয়েছে ‘২০১৯-২০২০’ সালের বার্ষিক প্রতিবেদন। যাতে মুজিব শতবর্ষের লোগোসহ প্রতিবেদনের প্রচ্ছদে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সঙ্গে স্কাউটসদের করমর্দনের ছবি যুক্ত রয়েছে। বহু বিতর্কিত নিয়োগ বিজ্ঞপ্তির নোটিসটিও স্থান পায়নি হালনাগাদ ওয়েবসাইটে।