বাংলাদেশ স্কাউটসের লোগো। ছবি: ফেসবুক থেকে
শিশু-কিশোরদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান বাংলাদেশ স্কাউটস নিজেই এখন দীর্ঘস্থায়ী সাংগঠনিক অচলাবস্থায়। প্রায় দুই বছর ধরে নিয়মিত জাতীয় কাউন্সিল না হওয়া, একের পর এক অন্তর্বর্তী কমিটির মেয়াদ বাড়ানো, গঠনতন্ত্র সংস্কার ও জাতীয় নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব অপূর্ণ রাখা এবং একই সময়ে বড় অঙ্কের অর্থ ব্যয়ে বিভিন্ন জাতীয় কর্মসূচি গ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।
জাতীয় কাউন্সিল আয়োজনের পরিবর্তে নতুন কর্মসূচি, রোভার মুট ও ২৩টি পদে অস্থায়ী নিয়োগের উদ্যোগ পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। গত আগস্টে বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ২২টি সহকারী পরিচালকসহ মোট ২৩টি অস্থায়ী পদের। এই নিয়োগ প্রক্রিয়ায় বিপুল অর্থের লেনদেনের আশঙ্কা রয়েছে। যার সঙ্গে উঠে এসেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এক শহিদের ভাইয়ের নাম।
বাংলাদেশ স্কাউটস তার ইতিহাসের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বৈধতা ও জবাবদিহিতার প্রশ্নের মুখে পড়েছে। স্কাউটসের রয়েছে ১৩টি অঞ্চল, ১৬০টি জেলা, ৪৯৭টি উপজেলা ও ৭১ হাজারের বেশি ইউনিট। এত বড় একটি জাতীয় সংগঠন নিয়মিত নির্বাচিত কাউন্সিলের পরিবর্তে দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী কাঠামোয় চলায় মাঠপর্যায়ের সদস্যদের মধ্যেও তৈরি হয়েছে প্রশ্ন। বলা হচ্ছে, সংস্কারের বদলে ব্যয়ের নানা পথ তৈরি করছে অ্যাডহক কমিটি।
ছয় মাসের কমিটি, তারপর দুই দফা মেয়াদ বৃদ্ধি
২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ স্কাউটসের তৎকালীন জাতীয় নেতৃত্বের সংকট তৈরি হলে ওই বছরের ৩০ অক্টোবর গঠন করা হয় অ্যাডহক কমিটি। সরকারি গেজেটেও ওই কমিটি গঠনের উদ্দেশ্য হিসেবে বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম গতিশীল করা ও প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব তৈরির কথা উল্লেখ করা হয়েছিল। অ্যাডহক কমিটির প্রধান দায়িত্বের মধ্যে ছিল গঠনতন্ত্র সংস্কার ও জাতীয় কাউন্সিল আয়োজনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব ফিরিয়ে আনা। কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন না করে কমিটি বিভিন্ন জাতীয় কর্মসূচি বাস্তবায়নে বেশি গুরুত্ব দেয়।
২০২৫ সালের অক্টোবরে আবারও বাড়ানো হয় তৎকালীন অ্যাডহক কমিটির মেয়াদ। সম্প্রতি এই অ্যাডহক কমিটির মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে বলে একটি সূত্র জানালেও স্কাউটসের পক্ষ থেকে তা রাখা হয় গোপন। প্রতিদিনের বাংলাদেশের হাতে আসা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ স্কাউটসের সকল পর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয় কাউন্সিলের বিশেষ সভাসহ নির্বাচনি কাউন্সিল সভা আয়োজনের জন্য ‘অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটি’ পুনর্গঠন করা হলো।’ অবাক করার বিষয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন কমিটি বলা হলেও তার মেয়াদ রাখা হয়েছে দুই বছর। দ্বিতীয় দফায় আরও দুই বছর থাকছে এ কমিটি অর্থাৎ একটি নির্বাচিত কমিটির স্বাভাবিক মেয়াদের চেয়েও বেশি সময় পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ স্কাউটসের চিফ স্কাউট (প্রধান স্কাউট) রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৮ তারিখ পর্যন্ত এ কমিটির মেয়াদ কার্যকর থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ ১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. এহছানুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সহ-সভাপতি-৪ করা হয়েছে।
যে কমিটির কাজ ছিল সংস্কার ও নির্বাচনের আয়োজন করা সেই কমিটিই দীর্ঘস্থায়ী অন্তর্বর্তী কাঠামোয় পরিণত হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন স্কাউটস আন্দোলনের সঙ্গে জড়িতরা। তারা বলছেন, এর ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির ইমেজ সংকটে পড়েছে।
গঠনতন্ত্র নিয়েও প্রশ্ন
অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটসের ‘গঠন ও নিয়ম’ অনুসরণ করা হয়েছে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েও। অভিযোগ রয়েছে, গঠনতন্ত্রে নির্ধারিত কাঠামোর বাইরে ‘উপ-প্রধান জাতীয় কমিশনার’ পদে নিয়োগ ও সরাসরি একজনকে ‘উপদেষ্টা’ নিয়োগ দেওয়া হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে করা হয়েছে উপ-প্রধান জাতীয় কমিশনার। সম্প্রতি আবার অনুমোদন দেওয়া কমিটিতে তাকে সহ-সভাপতি-৪ করা হয়েছে।
কর্মসূচি আছে, কাউন্সিল নেই
বাংলাদেশ স্কাউটস বর্তমান জাতীয় রোভার মুট, জাতীয় কাব ক্যাম্পুরী, জাম্বুরী ও অন্যান্য জাতীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটির মূল কাজ থেকে তারা সরে গেছে অনেক দূরে। ক্ষেত্রবিশেষে এসব কাজ গঠনতন্ত্র অনুমোদন করে না। এদিকে চলতি সেপ্টেম্বরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ স্কাউটস আয়োজিত দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণকারী দলের নাম ও রেজিস্ট্রেশন ফি পাঠানো সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে।
অর্থাৎ সাংগঠনিক নির্বাচন যেখানে আটকে আছে, সেখানে কর্মসূচি বাস্তবায়ন থেমে নেই। এখানেই আপত্তি তুলেছেন সংগঠনের একাংশ। তাদের বক্তব্য, অন্তর্বর্তী কমিটির প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল নির্বাচিত জাতীয় কাউন্সিল ফিরিয়ে আনা। নতুন নতুন কর্মসূচি দিয়ে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে দীর্ঘায়িত করা নয়।
নিয়োগে তৎপরতা
এদিকে ২২টি সহকারী পরিচালকসহ মোট ২৩টি অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কাউটস। পদগুলো সরকারের নবম গ্রেডের এবং নিয়োগপ্রাপ্তরা নবম গ্রেডের বেতন পাবেন। প্রশ্ন উঠেছে এই নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও। যখন সংগঠনের জাতীয় কাউন্সিল ও নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, তখন দীর্ঘমেয়াদি প্রশাসনিক ও জনবল কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক। অন্তর্বর্তীকালীন কমিটি এই নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখে কি না তা নিয়েও রয়েছে প্রশ্ন।
রাজনৈতিক প্রভাবের অভিযোগ
স্কাউটিং একটি অরাজনৈতিক শিক্ষা আন্দোলন। কিন্তু সাম্প্রতিক সময়ে সংগঠনের নেতৃত্বে থাকা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সক্রিয় দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ২০২৫ সালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বিএনপিতে যোগদানের পর বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক সংবাদমাধ্যমকে বলেছিলেন, স্কাউট সংগঠন অরাজনৈতিক ও কোনো সদস্য রাজনৈতিক দলের পদ গ্রহণ করলে তাকে সংগঠন থেকে অব্যাহতি নেওয়া উচিত। কিন্তু তার জন্যই উপ-প্রধান কমিশনার পদ সৃষ্টি করা হয়েছে, যা স্কাউটসের ‘গঠন ও নিয়ম’-এ নেই।
নির্বাচনই এখন মূল পরীক্ষা
স্কাউটসের মূল সমস্যা কর্মসূচির ঘাটতি নয় বরং সমস্যা হলো কর্মসূচির চেয়ে প্রতিষ্ঠানকে বড় করে তোলার মতো জবাবদিহিমূলক নেতৃত্বের অভাব। স্কাউটস দেশের একটি বিশাল স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক আন্দোলন। তাই একটি কমিটির মেয়াদ কতবার বাড়ানো হলো বা কতটি অনুষ্ঠান আয়োজন করা হলো সেটিই সাফল্যের মাপকাঠি হতে পারে না। সাফল্যের মাপকাঠি হওয়া উচিত নিয়মিত কাউন্সিল, নির্বাচিত নেতৃত্ব, স্বচ্ছ অর্থব্যবস্থা, রাজনৈতিক নিরপেক্ষতা ও অভিযোগের স্বাধীন তদন্ত।
দুই বছর ধরে চলা অচলাবস্থা ভাঙতে হলে অন্তর্বর্তী নেতৃত্বকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত নেতৃত্বের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। কিন্তু সেটা না করে ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটি করা হয় পুনর্গঠন। এই প্রজ্ঞাপনে বর্ণিত আঞ্চলিক প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রেও গঠন ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আঞ্চলিক কমিশনারদের জাতীয় নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। গঠন ও নিয়মের ২৩৯৩ ধারা অনুযায়ী প্রতি অঞ্চল থেকে ২ জন প্রতিনিধি থাকার কথা, একজন অঞ্চল থেকে নির্বাচিত ও আঞ্চলিক কমিশনার।
কী বলছেন বিশেষজ্ঞরা
ওয়ার্ল্ড স্কাউটসের সাবেক সহ-সভাপতি হাবিবুল আলম বীরপ্রতীক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বিগত দুই বছর অ্যাডহক কমিটি ও অন্তর্বর্তীকালীন কমিটি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। অর্পিত দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেনি। গঠন ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে উপপ্রধান জাতীয় কমিশনার পদ সৃষ্টি করেছে। স্কাউট আন্দোলনকে বেগবান করার পরিবর্তে তারা পিছিয়ে দিয়েছে”।
লিডার ট্রেইনার ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবু মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, “স্কাউটস নিয়ে এখন যা হচ্ছে তা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। স্কাউটসের গঠন ও নিয়মে কমিটির মেয়াদ হলো তিন বছর। তিন বছর পর পর নির্বাচন হবে। নির্বাচন করা না গেলে সেটা ৬ মাসের জন্য এক্সটেনশন করা যেতে পারে। কিন্তু ৫ আগস্টের পর চার-চার বার অন্তর্বর্তীকালীন কমিটি গঠন এবং তাতে একের পর এক নতুন পদ সৃষ্টি করে কাউকে পদায়ন করার সুযোগ নেই”।
তিনি বলেন, “স্কাউটসের কাঠামোতে উপ-প্রধান জাতীয় কমিশনার বলে কোনো পদ নেই। ২৪ সালের পর স্কাউটসের জেলা, উপজেলা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে মুক্ত স্কাউটস দলের নামে বিভিন্ন ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে যারা স্কাউটসের প্রতিনিধিত্ব করত তারা বাদ পড়েছেন। গঠনতন্ত্র স্থগিত করে যা খুশি তাই করা যেতে পারে। কিন্তু গঠনতন্ত্র রেখে এভাবে যা খুশি তাই করার এখতিয়ার কারও নেই। এটা সুস্পষ্ট লঙ্ঘন”।
যা বললেন স্কাউটসের নির্বাহী পরিচালক
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক সামসুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, “দীর্ঘদিন ধরে নির্বাচিত কমিটি নেইÑ এটা যেমন সত্য, ঠিক তেমনি নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটি গঠনেও আইনের কোনো ব্যাত্যয় ঘটেনি”।
তবে এত দীর্ঘ সময় ধরে অ্যাডহক কমিটি কিংবা অন্তর্বর্তীকালীন কমিটি থাকা উচিত কি না সে প্রশ্নের কোনো জবাব দিতে চাননি তিনি।
তিনি বলেন, “এটি নীতির প্রশ্ন। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে এটা ঠিক যে, স্কাউটসের গঠন ও নিয়ম মেনে প্রধান স্কাউট নতুন অন্তর্বর্তীকালীন কমিটি অনুমোদন করেছেন। এটা তার এখতিয়ারের মধ্যেই পড়ে”।
ওয়েবসাইটে আপডেট তথ্য নেই
বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে সংগঠনটির তথ্য হালনাগাদ করা হয় না। বুধবার এ রিপোর্ট লেখার সময়ে ওয়েবসাইটে এখনও চিফ স্কাউটস হিসেবে শোভা পাচ্ছে পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম, ছবি ও জীবনবৃত্তান্ত। উপ-প্রধান কমিশনার হিসেবে এখনও শোভা পাচ্ছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের নাম ও ছবি। অথচ ১৭ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া অন্তর্বর্তীকালীন কমিটিতে তাকে সহ-সভাপতি-৪ করা হয়েছে। নতুন কমিটিতে উপ-প্রধান কমিশনার বলে কোনো পদ রাখা হয়নি।