ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিও ঘিরে তদন্তে বেরিয়ে আসছে নতুন নতুন নাম। সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লবের পর রাকিবুলের সঙ্গে যোগাযোগ থাকা পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য যাচাই করছেন গোয়েন্দারা। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোনের কল লিস্ট, মেসেজ ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে কার সঙ্গে কখন, কতবার ও কী বিষয়ে যোগাযোগ হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ভাইরাল অডিওতে যাদের প্রসঙ্গ এসেছে, অনুসন্ধান এখন শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। রাকিবুলের যোগাযোগের তালিকা ধরে একাধিক কর্মকর্তার নাম সামনে এসেছে। তাদের সঙ্গে তার যোগাযোগের ধরন, সময়কাল ও কথোপকথনের বিষয়বস্তু যাচাই করা হচ্ছে। বিশেষ করে অডিওতে ওসি পদায়ন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা ও অর্থ লেনদেন নিয়ে যেসব বক্তব্য এসেছে, সেগুলোর সঙ্গে ফোন যোগাযোগের তথ্য মেলানোর চেষ্টা চলছে।
মামলার রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, ভাইরাল অডিওতে তার কণ্ঠস্বর রয়েছে বলে প্রাথমিক যাচাইয়ে প্রতীয়মান হয়েছে। অডিওতে পুলিশে ওসি পদায়ন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা ও অর্থ লেনদেনের ইঙ্গিতসংবলিত বক্তব্য রয়েছে। এসব বক্তব্যের উৎস, প্রেক্ষাপট ও বাস্তবতা যাচাই এখন তদন্তের অন্যতম বিষয়।
গোয়েন্দা সূত্র বলছে, শুরুতে অডিওর অপর প্রান্তে থাকা ব্যক্তিকে শনাক্ত করাই ছিল অনুসন্ধানের অন্যতম লক্ষ্য। এখন সেই অনুসন্ধান গড়িয়েছে রাকিবুলের বিস্তৃত যোগাযোগের দিকে। তিনি কার সঙ্গে নিয়মিত কথা বলতেন, কার সঙ্গে দেখা করতেন এবং কার মাধ্যমে কোনো কর্মকর্তা বা ব্যক্তির কাছে বার্তা কিংবা তদবির পৌঁছাতÑ এসব তথ্যও মিলিয়ে দেখা হচ্ছে।
অডিওতে ওসি পদায়ন নিয়ে যেসব বক্তব্য এসেছে, সেগুলোর সঙ্গে রাকিবুলের ফোন যোগাযোগের তথ্যও যাচাই করা হচ্ছে। সেখানে আইজির ড্রাইভার ও বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে ওসি পদায়নের প্রসঙ্গ এসেছে। তবে অডিওর এসব বক্তব্যের সত্যতা এখনও তদন্তাধীন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রাকিবুলের যোগাযোগের তালিকায় থাকা সাবেক ও পলাতক কয়েকজন পুলিশ কর্মকর্তার তথ্য গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে হারুন অর রশীদ ও বিপ্লবের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কখন, কতবার ও কী বিষয়ে তাদের মধ্যে যোগাযোগ হয়েছেÑ সেটিই এখন অনুসন্ধানের অন্যতম কেন্দ্রবিন্দু।
তবে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, কল লিস্টে কোনো ব্যক্তির নম্বর পাওয়া বা তার সঙ্গে যোগাযোগের তথ্য থাকাকে সরাসরি অপরাধের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না। ওই যোগাযোগের সঙ্গে অডিওর বক্তব্য, ওসি পদায়নে তদবির, অর্থ লেনদেন কিংবা অন্য কোনো কার্যক্রমের যোগসূত্র ছিল কি না, সেটিই যাচাই করা হচ্ছে।
ভাইরাল অডিওর আলোচিত অংশগুলোর একটি হলো, ওসির পদে থেকে বিপুল অর্থ উপার্জনের প্রসঙ্গ। অডিওতে ‘একশ কোটি’ ও ‘দুইশ কোটি টাকা’ হওয়ার কথা বলা হয়েছে। একই কথোপকথনে পুলিশ কল্যাণ ট্রাস্ট, কমিউনিটি ব্যাংক, ওসি পদায়ন ও অর্থ লেনদেন নিয়েও বক্তব্য রয়েছে। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন, এসব বক্তব্যের সঙ্গে বাস্তব কোনো লেনদেন, যোগাযোগ বা পদায়ন সংক্রান্ত তৎপরতার যোগসূত্র রয়েছে কি না। এজন্য রাকিবুলের ব্যাংকিং তথ্য, ফোন যোগাযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময়কালও মিলিয়ে দেখা হচ্ছে বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন। কোনো আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে তার সঙ্গে অডিওর বক্তব্যের সম্পর্কও যাচাই করা হবে।
অডিওতে শেখ হাসিনার ‘ডিসেম্বরে আসার’ প্রসঙ্গের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা নিয়েও নানা বক্তব্য রয়েছে। এসব বক্তব্যের প্রেক্ষাপট এবং কথোপকথনের সঙ্গে কোনো সংগঠিত যোগাযোগ বা পরিকল্পনার সম্পর্ক ছিল কি না, তা-ও যাচাই করা হচ্ছে।
মামলার রিমান্ড আবেদনে পুলিশ অভিযোগ করেছে, রাকিবুলের বক্তব্যে সরকার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে বিদ্বেষ ও উস্কানির উপাদান ছিল এবং এতে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের আশঙ্কা তৈরি হয়েছিল।
জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার বর্তমান ওসি এবিএম আব্দুল্লাহ খালেদ সাকিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বলার মতো তেমন আপডেট নেই। এখন পর্যন্ত যতটুকু শুনেছেন, এটুকু তথ্যই আমার কাছেও আছে। এদিকে গোয়েন্দা সূত্রের ভাষ্য, রাকিবুলের ফোন ও অন্যান্য যোগাযোগের তথ্য যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত নতুন করে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে।