পুলিশ কর্মকর্তা মাহবুব আলম (মাঝে)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর একটি আবাসিক ফ্ল্যাট থেকে এক নারীসহ আটক সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ।
তিনি জানান, সাময়িক বরখাস্তের আদেশ পাওয়ার পর বিধি অনুযায়ী মাহবুব আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাহবুব আলম পুলিশের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা। তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন।
এর আগে নওগাঁ জেলা পুলিশেও কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলার কথাও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
নগরের নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাটে শুক্রবার সকালে মাহবুব আলম এক নারীর সঙ্গে অবস্থান করছেন- এমন খবর পেয়ে তার ‘ষষ্ঠ’ স্ত্রী সেখানে যান।
এরপর দীর্ঘ সময় দরজা বন্ধ থাকলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান তিনি।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে মাহবুব আলম ও সানজিদা মৌ নামে এক নারীকে বের করে আনেন। পরে তাদের চন্দ্রিমা থানায় নেওয়া হয়।
ঘটনার বিষয়ে মাহবুব আলমের স্ত্রী দাবি করা আন্নি আক্তার অভিযোগ করেন, তিনি ওই ফ্ল্যাটে অন্য এক নারীর সঙ্গে মাহবুবকে আগেও দেখেছেন। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগও করেছিলেন।
তবে থানায় নেওয়ার সময় মাহবুব আলম দাবি করেন, সঙ্গে থাকা সানজিদা মৌ তার স্ত্রী।
একই সঙ্গে তিনি জানান, আন্নি আক্তারকে চার দিন আগে তালাক দিয়েছেন এবং এ-সংক্রান্ত কাগজ পুলিশের কাছে জমা দিয়েছেন।
আন্নি আক্তারের দাবি, তিনি তালাকের কোনো কাগজ পাননি। সানজিদা মৌয়ের সঙ্গে বিয়ের দাবির পক্ষেও কোনো কাবিননামা দেখাতে পারেননি মাহবুব।
তাৎক্ষণিকভাবে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ না থাকায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে আন্নি আক্তার মাহবুব আলমসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে এক ব্যক্তির কাছ থেকে খামে করে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।
এবার নাদের হাজির মোড়ের ফ্ল্যাটের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিভাগীয় তদন্তের মুখে পড়লেন তিনি।