এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্না। ছবি: ফেসবুক থেকে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থ পাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠিটি বৃহস্পতিবার পাঠানো হয়।
এতে আসিফ মাহমুদ, তার স্ত্রী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির দেশে এবং বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য ও অর্থ পাচার সংক্রান্ত নথি সরবরাহ করতে বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির বাংলাদেশে থাকা বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাবের তথ্য প্রয়োজন। এর মধ্যে রয়েছেÑ ব্যাংক হিসাব, সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএসসহ বিভিন্ন আর্থিক পণ্যের তথ্য এবং এসব হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন ও রেকর্ড।
এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থ পাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এসব দেশে আসিফ মাহমুদ বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানির কোনো বিনিয়োগ, ব্যাংক হিসাব বা সম্পদ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট দেশের বিএফআইইউ-সদৃশ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে।
দুদক জানায়, নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই বিএফআইইউর কাছে তথ্য চাওয়া হয়েছে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আরও নতুন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এসব অভিযোগের মধ্যে রয়েছেÑ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগে অনিয়ম, বিভিন্ন জেলায় ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প এবং ঘুষ ও অর্থ পাচার।
দুদক জানিয়েছে, অভিযোগকারীর উত্থাপিত এসব দাবির সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। গত ১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন এবং অনুসন্ধানে আইনগতভাবে সহযোগিতা করবেন বলে জানান।