জ্বালানি সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে সারা দেশে আবারও বেড়েছে লোডশেডিং। ছবি: এআই
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে শিগগিরই মুক্তি মিলছে না দেশবাসীর। সর্বশেষ শুক্রবার সকালেও আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে সারা দেশে। এর পেছনে নতুন কারণ হিসেবে যুক্ত হয়েছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক মাস ধরেই সীমিত বিদ্যুৎ উৎপাদন করছিল আদানির বিদ্যুৎকেন্দ্র। এর পেছনের বড় কারণ কয়লাস্বল্পতা। যদিও কয়লা সরবরাহ বাড়ার পর বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ছিল উৎপাদন। কিন্তু হঠাৎ করে রাত ১২টার দিকে কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। তাই উৎপাদন কমে যাওয়া দেশে লোডশেডিং বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় ৭ আগস্ট থেকে উৎপাদন কমিয়েছিল আদানির বিদ্যুৎকেন্দ্র।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র জানিয়েছে, আগস্টের শেষ দিকে উৎপাদন বাড়িয়ে দিনের বেলায় ৯০০ মেগাওয়াট করে আদানি। আর সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত সরবরাহ করছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায় উৎপাদন। কিন্তু একটি ইউনিট বন্ধের পর উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি তেল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। গরম বাড়লেই লোডশেডিং বাড়ছে। বৃহস্পতিবার সর্বোচ্চ লোডশেডিং ছিল বেলা ৩টায়Ñ ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট। শুক্রবার ছুটির দিন সকালেও আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে সারা দেশে।
২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে এখানে। চাহিদা বুঝে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করার রেকর্ড আছে আদানির এ কেন্দ্রের।
জানা গেছে, আদানির বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ বলেছে, বয়লারে সমস্যা হওয়ায় একটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। এটি শীতল হতে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। শীতল হওয়ার ত্রুটি মেরামতের কাজ শুরু করা যাবে। তাই এ ইউনিটটির উৎপাদনে আসতে সময় লাগতে পারে কয়েক দিন।
পিডিবি সূত্র জানিয়েছে, দুই মাসের বেশি সময় ধরে দেশে গ্যাসের সংকট তীব্র হয়েছে। গ্যাস থেকে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন কমেছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। কয়লাস্বল্পতা ও কারিগরি কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। কিছুদিন ধরে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ। পটুয়াখালীর আরেকটি বিদ্যুৎকেন্দ্রে কয়লার স্বল্পতা আছে। বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রও কয়লার সংকটে উৎপাদন কমিয়েছে। সব মিলিয়ে লোডশেডিং মোকাবিলা বেশ কঠিন হয়ে পড়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকট দেখা দেয় বিশ্বজুড়ে। কয়লা, গ্যাস ও জ্বালানি তেলের অভাবে দেশে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। দেশে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্র থাকলেও জ্বালানির অভাবে বেশ কিছু কেন্দ্র বন্ধ থাকছে নিয়মিত। আর সীমিত সক্ষমতায় উৎপাদনে আছে কিছু কেন্দ্র।