ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বগুড়া, রাজশাহী ও জয়পুরহাটে হিমাগারে (কোল্ড স্টোরেজ) সংরক্ষিত আলুর পচন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বগুড়া, রাজশাহী ও জয়পুরহাটে হিমাগারে (কোল্ড স্টোরেজ) সংরক্ষিত আলুর পচন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। পাশাপাশি হিমাগারগুলোর তাপমাত্রা ঠিক রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন হলেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিরিক্ত ব্যয়ে জেনারেটর চালিয়ে আলু রক্ষায় ব্যয় বেড়েছে মালিকদের।
জ্বালানি বাবদ প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৮ থেকে ১০ হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। যা আলুচাষি ও ব্যবসায়ীদের পাশাপাশি হিমাগার মালিকদেরও চরম সংকটে ফেলেছে। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরে :
বগুড়া
বৃহত্তর বগুড়া কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বগুড়া ও জয়পুরহাটে ৫২টি হিমাগার রয়েছে। এর প্রায় ৮৫ শতাংশ বগুড়ায়। অধিকাংশ হিমাগার শহরের বাইরে হওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হলে সেগুলোতে লোডশেডিংয়ের প্রভাব পড়ে। হিমাগার মালিকরা বলছেন, সংরক্ষিত আলু দীর্ঘ সময় বিদ্যুৎ ছাড়া থাকলে তাপমাত্রা বেড়ে পচন ধরতে পারে। তাই বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। এতে তাদের দ্বিগুণ ব্যয় হচ্ছে।
বগুড়ার বিভিন্ন হিমাগার ও বাজার ঘুরে দেখা গেছে, কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপারিরা স্টিক ও কাটিলাল ১৫ টাকা, পাকরি ২৮ থেকে ২৯ টাকা এবং ডায়মন্ড ১৬ টাকা কেজি দরে কিনছেন। ৬০ কেজির এক বস্তায় ব্যাপারিদের লাভ থাকছে মাত্র ৫ থেকে ১০ টাকা। বস্তা খোলার পর পচা বা নিম্নমানের আলু বেশি পাওয়া গেলে সেই সামান্য লাভও থাকছে না। কখনও লোকসানও হচ্ছে। দাম পড়ে যাওয়ায় কৃষকদের প্রতি বস্তায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। ফলে অনেক কৃষক হিমাগার থেকে আলু তুলতেও আগ্রহ দেখাচ্ছেন না।
কৃষক ও ব্যবসায়ীদের মতে, শুধু উৎপাদন বেশি হওয়াই বর্তমান সংকটের কারণ নয়। উৎপাদনের সঙ্গে বাজার, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সমন্বিত পরিকল্পনার ঘাটতিও রয়েছে।
নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইমদাদ সেলিম বলেন, কয়েক দিন ধরে নেসকোর অধীনে কোনো লোডশেডিং নেই। গতকাল শনিবার ১০৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে পুরো ১১০ মেগাওয়াটই পাওয়া যাচ্ছে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, তাদের অধীনে থাকা সাতটি উপজেলায় লোডশেডিং কমেছে। শনিবার চাহিদা ছিল ৬২ থেকে ৬৫ মেগাওয়াট। সরবরাহও করা হয়েছে ৬৫ মেগাওয়াট। তবে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, শনিবার কিছুটা ঘাটতি ছিল। ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৯০ মেগাওয়াট। এতে অল্প সময় লোডশেডিং হয়েছে।
রাজশাহী
আলুর পচন রোধে হিমাগারগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়েছেন মালিকপক্ষ। তাদের দাবি, প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে। এর মধ্যে অনেক হিমাগারে ধারণক্ষমতার অতিরিক্ত আলু সংরক্ষণ করায় পচনের ঝুঁকি আরও বেড়েছে। এতে তাদের জ্বালানি খরচ বেশি হচ্ছে।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৩৯টি হিমাগার রয়েছে। এর মধ্যে ৩৭টি বর্তমানে সচল। এসব হিমাগারে মোট ৪ লাখ ৩৩ হাজার ২৫০ মেট্রিক টন আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে। তবে চলতি মৌসুমে উৎপাদন বেশি হওয়ায় অনেক হিমাগারে ধারণক্ষমতার চেয়ে বেশি আলু সংরক্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
কৃষকদের দাবি, রাজশাহীতে এবার লক্ষ্যমাত্রার চাইতে অতিরিক্ত আলুর আবাদ হয়েছে। খোলা বাজারে আলুর দাম কেজিপ্রতি ২০ টাকা। তবে আলুর উৎপাদন খরচ ও হিমাগার খরচ মিলিয়ে কৃষকের ব্যয় প্রায় ৩০ টাকা। দাম না পেয়ে সবাই হিমাগারে আলু সংরক্ষণ করছেন। অনেক হিমাগারে ধারণ ক্ষমতার চাইতে বেশি আলু রাখা হয়েছে।
রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, মৌসুমের শুরুতে হিমাগারগুলোকে অতিরিক্ত আলু নিতে হয়েছে। বিদ্যুৎ বিল বৃদ্ধির পাশাপাশি লোডশেডিংয়ের কারণে হিমাগার মালিকদের ব্যয় বেড়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত হিমাগার ঠান্ডা থাকে। এরপরও বিদ্যুৎ না এলে জেনারেটর চালাতে হয়। এক ঘণ্টা জেনারেটর চালাতে পেট্রোল বাবদ অতিরিক্ত ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হচ্ছে। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জেনারেটর চালাতে হচ্ছে। তাই হিমাগারগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় জানান, আগস্টের শুরুতে চাহিদার ৩০ শতাংশ পর্যন্ত লোডশেড ছিল। তবে গত ২৪ ঘণ্টায় কোনো লোডশেড নেই।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী জানান, আগস্টের শুরুর চাইতে পরস্থিতি কিছুটা উন্নতি হয়ছে। শুক্রবার ১২৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ৪ থেকে ৫ মেগাওয়াট লোডশেড ছিল। তবে শনিবার কোনো লোডশেডিং হয়নি।
জয়পুরহাট
লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জয়পুরহাটের বিভিন্ন হিমাগারে সংরক্ষিত বীজ ও খাবার আলু নিয়ে বিপাকে পড়েছেন মালিক ও ব্যবস্থাপকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় ২২টি হিমাগারে প্রায় ২ লাখ মেট্রিক টন বীজ ও খাবার আলু সংরক্ষিত রয়েছে। হিমাগার মালিক ও সংশ্লিষ্টদের দাবি, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল না হলে অতিরিক্ত জ্বালানি খরচের এই চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হবে।
কালাইয়ের পুনট কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক বিপ্লব কুমার ঘোষ বলেন, আমাদের হিমাগারে বীজ আলু রয়েছে। চারটি কোম্পানি তাদের বীজ আলু রেখেছে। লোডশেডিংয়ের সময় জেনারেটর চালু করতে হয়, এটি না করলে আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জেনারেটরের তেল কিনতে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে।
একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন আক্কেলপুরের গোপীনাথপুর হিমাগারের স্বত্বাধিকারী ফরহাদ আহম্মেদ। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে স্বাভাবিকভাবেই নানা সমস্যা তৈরি হচ্ছে। হিমাগারে বর্তমানে প্রায় ৬ হাজার মেট্রিক টন বীজ ও খাবার আলু রয়েছে। আলু যেন পচে নষ্ট না হয়, সেজন্য বাধ্য হয়েই জেনারেটর চালু রাখতে হচ্ছে। যা ব্যবসায় বাড়তি আর্থিক বোঝা তৈরি করছে।