নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারির অপেক্ষারও অবসান হতে যাচ্ছে।
নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ বুধবার অথবা বৃহস্পতিবার জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি জানিয়েছেন, অর্থ বিভাগ থেকেই এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে। আদেশ প্রকাশের পর নতুন বেতনকাঠামোর বিস্তারিত বিষয় স্পষ্ট হবে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদন করা হয়। অনুমোদিত কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন জাতীয় বেতনকাঠামো পেতে যাচ্ছেন।
সর্বশেষ অষ্টম জাতীয় বেতনস্কেল ২০১৫ সালে কার্যকর হয়। সেই কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা।
গেজেট জারির পরই নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গ্রেডভিত্তিক বেতন নির্ধারণ এবং অন্যান্য আর্থিক সুবিধার বিষয়ে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
ফলে এখন সরকারি চাকরিজীবীদের নজর অর্থ বিভাগের আদেশের দিকে।