ফরহাদ মজহার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
ফরহাদ মজহার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বেতন বাড়ানো ন্যায়সঙ্গত কি না, শুধু সেটাই প্রশ্ন নয়; বরং বাড়তি ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা কে দেবে, কীভাবে দেবে, এবং রাষ্ট্রের সম্পদ বণ্টনের মধ্য দিয়ে কোন শ্রেণির স্বার্থ অগ্রাধিকার পাবেÑ সেটাই পর্যালোচনার বিষয়।
বাংলাদেশ সরকার বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে। সশস্ত্র বাহিনীর জন্যও নতুন যৌথ বাহিনী নির্দেশনাবলি অনুমোদিত হয়েছে; বিচার বিভাগের জন্য আলাদা বেতনকাঠামো আসবে পরে। নতুন কাঠামোয় সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। প্রথম থেকে একাদশ গ্রেডে মূল বেতন শতভাগ এবং দ্বাদশ থেকে বিশতম গ্রেডে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে সরকার একবারে পুরো বৃদ্ধি দিচ্ছে না। ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন তিন ধাপে এবং বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখের মতো অবসরভোগী ও অন্য সুবিধাভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ এর আওতায় আসবেন। পুরো কাঠামো কার্যকর হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা (প্রথম আলো, ২০২৬)।
প্রথমে সরকারি সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত জায়গা থেকে বোঝা দরকার। ২০১৫ সালের পর দীর্ঘ সময় পূর্ণাঙ্গ জাতীয় বেতনকাঠামো বদলায় নাই। অথচ এর মধ্যে খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, পরিবহন, শিক্ষা, বিদ্যুৎ, গ্যাসসহ জীবনযাত্রার প্রায় সব খরচ বেড়েছে। ২০২৬ সালের জুলাই মাসেও সরকারি হিসাবে মূল্যস্ফীতি ছিল ৮.৩২ শতাংশ; খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.২৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত তিন বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি আট শতাংশের ওপর ঘোরাফেরা করেছে। অতএব, এটা পরিষ্কার নিচের গ্রেডের সরকারি কর্মচারীদের প্রকৃত মজুরি বহু বছর ধরেই ক্ষয়ে গিয়েছে এবং ক্ষয়ে রয়েছে। অর্থাৎ বেতন দিয়ে বাস্তবে যত পণ্য ও সেবা কেনা যায় তারা তা কিনতে অক্ষম। Ñতাদের বেতন বাড়ানোর প্রয়োজন, এ নিয়ে খুব বেশি তর্কের সুযোগ নাই।
কিন্তু অর্থনীতির আসল প্রশ্ন এখানে না। কারণ সরকার নিজে কোনো সম্পদ সৃষ্টি করে না। রাষ্ট্রের হাতে যে টাকা আসে, তার প্রধান উৎস জনগণের উৎপাদন ও আয় থেকে আদায় করা কর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আয়, দেশে ও বিদেশে নেওয়া ঋণ এবং বিশেষ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সৃষ্টি করা নতুন টাকা। অতএব সরকার যখন বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা খরচের স্থায়ী দায় নেয়, তখন প্রশ্ন উঠতেই হবেÑ এই টাকা কে দেবে? আর আমাদের প্রশ্ন সবার আগে এটাই।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সেই হিসাবে নতুন বেতনকাঠামোর পূর্ণ বার্ষিক অতিরিক্ত ব্যয় গোটা বাজেটের প্রায় ১১.৩ শতাংশের সমান। চলতি বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে এনবিআরের কাছ থেকে প্রায় ৬ লাখ ৪ হাজার কোটি টাকা সংগ্রহের প্রত্যাশা করা হচ্ছে। বাজেট ঘাটতি প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। অর্থাৎ নতুন বেতনকাঠামোর পূর্ণ অতিরিক্ত ব্যয় এনবিআরের গোটা বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ১৭.৫ শতাংশ এবং ঘোষিত বাজেট ঘাটতির প্রায় ৪৩ শতাংশের সমান।
আরও সহজ তুলনা করলে অঙ্কটার রাজনৈতিক গুরুত্ব পরিষ্কার হয়। ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষার জন্য প্রায় ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা এবং স্বাস্থ্যের জন্য প্রায় ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। সামাজিক সুরক্ষার প্রস্তাবিত বরাদ্দ প্রায় ১ লাখ ৪৪ হাজার কোটি টাকার কাছাকাছি। নতুন বেতনকাঠামোর অতিরিক্ত বার্ষিক ব্যয় তাই গোটা স্বাস্থ্য বরাদ্দের প্রায় দেড় গুণ, শিক্ষা বরাদ্দের প্রায় ৭৭ শতাংশ এবং সামাজিক সুরক্ষার বরাদ্দের প্রায় তিন-চতুর্থাংশের সমান। এমনকি ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও প্রায় এক-তৃতীয়াংশের বেশি। এটা তাহলে পরিষ্কার ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা কোনো ছোটখাটো প্রশাসনিক সমন্বয় নয়। এই ক্ষেত্রে সরকার জাতীয় সম্পদ বণ্টনের বিরাট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। এর ঝুঁকি বিশাল। সরকার সেটা সামাল দিতে পারবে কি না বলা কঠিন।
সরকার বলছে, মধ্যমেয়াদি বাজেট কাঠামোয় এই টাকার ব্যবস্থা আছে। কিন্তু ‘ব্যবস্থা আছে’ বললেই অর্থনৈতিক প্রশ্নের উত্তর হয় না। বাজেটের খাতায় টাকা রাখা আর বাস্তব অর্থনীতিতে সেই টাকা সংগ্রহ করা এক জিনিস নয়। বাংলাদেশের দীর্ঘদিনের দুর্বলতা হচ্ছে সরকার যে পরিমাণ রাজস্ব সংগ্রহের লক্ষ্য ধরে, প্রায়ই তার চেয়ে অনেক কম সংগ্রহ করতে পারে। এমনকি আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা Fitch ২০২৬-২৭ বাজেটের প্রধান ঝুঁকি হিশাবে রাজস্ব সংগ্রহের সক্ষমতাকেই চিহ্নিত করেছে। সরকারের লক্ষ্য রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ৮ শতাংশ থেকে ১০ শতাংশের ওপরে নেওয়া; কিন্তু বাংলাদেশের কর প্রশাসন, ছাড়, ফাঁকি এবং দুর্বল প্রয়োগব্যবস্থার কারণে এই লাফ আসলেই অত্যন্ত কঠিন (Fitch Ratings-এর মূল্যায়ন উদ্ধৃত করে এ বিষয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে।
এখানে নতুন বেতনকাঠামোর অর্থ জোগানোর মোটামুটি পাঁচটা রাস্তা আছে। ১. কর বাড়ানো; ২. সরকারি ঋণ বাড়ানো; ৩. অন্য খাতের ব্যয় কমানো; ৪. বিদেশি ঋণ বা সহায়তার ওপর নির্ভরতা বাড়ানো; ৫. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেন্দ্রীয় ব্যাংকের নতুন টাকা সৃষ্টি করে ঘাটতি মেটানো। বাস্তবে সরকার কী করবে আমরা জানি না। হয়তো সবকটারই একটা মিশ্রণ ব্যবহার করবে। কিন্তু ভুলে গেলে চলবে না, প্রতিটা পদ্ধতির আলাদা শ্রেণিগত পরিণাম আছে।
প্রথমে করের প্রশ্ন ধরা যাক। ‘কর বাড়াতে হবে’Ñএ কথা নিজে কোনো নীতি নয়। কারণ কর ছাড়া রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কার কর বাড়ানো হবে। এক কোটি টাকার সম্পত্তির মালিক এবং মাসে বিশ হাজার টাকা আয় করা শ্রমিকের কাছ থেকে একই ধরনের কর আদায় অর্থনৈতিক ইনসাফ নয়। হতে পারে না। বাংলাদেশের রাজস্বব্যবস্থার পুরানা সমস্যা হচ্ছে প্রত্যক্ষ ও প্রগতিশীল করের তুলনায় ভ্যাট, শুল্ক ও ভোগের ওপর নানা ধরনের পরোক্ষ করের গুরুত্ব বেশি। পরোক্ষ করের বৈশিষ্ট্য হচ্ছে ধনী-গরিব সবাই বাজারে পণ্য কিনলে তা দেন। কিন্তু পাঁচ লাখ টাকা আয় করা মানুষের জন্য এক হাজার টাকা ভ্যাট আর বিশ হাজার টাকা আয় করা মানুষের জন্য একই এক হাজার টাকা ভ্যাটের বোঝা সমান নয়। এটা চরম বে-ইনসাফি। নিচের আয়ের মানুষের জীবনে তার আঘাত ভয়ানক হতে পারে। এর জন্য বিএনপি সরকারকে চরম রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। বিএনপির পরামর্শদাতারা সেটা সরকারকে বুঝিয়েছে বলে মনে হয় না।
অতএব নতুন বেতনকাঠামোর টাকা যদি প্রধানত ভ্যাট, জ্বালানির দাম, বিদ্যুতের দাম, বিভিন্ন ফি, আমদানি শুল্ক অথবা সাধারণ ভোগের ওপর কর বাড়িয়ে সংগ্রহ করা হয়, তাহলে একটা অদ্ভুত পুনর্বণ্টন ঘটবে। কাঠামোর বাইরে থাকা শ্রমিক, কৃষক, ক্ষুদ্র দোকানদার, রিকশাচালক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং অনানুষ্ঠানিক খাতের মানুষ তাদের দৈনন্দিন কেনাকাটার মধ্য দিয়ে বেশি কর দেবেন; সেই টাকা দিয়ে রাষ্ট্রীয় চাকরিতে থাকা তুলনামূলক সুরক্ষিত জনগোষ্ঠীর বেতন ও পেনশন বাড়ানো হবে। তখন বেতন বৃদ্ধির ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের পদ্ধতিটাই জনগণের কাছে প্রতারণা হিশাবে হাজির হবে। সেটা কি দমন-পীড়ন দিয়ে মোকাবিলা করা যাবে? জুলাই গণঅভ্যুত্থানের পর তার সম্ভাবনা খুবই কম।
এই জায়গায় করব্যবস্থার শ্রেণিগত চরিত্র বোঝা দরকার। মার্ক্স দেখিয়েছিলেন, আধুনিক রাষ্ট্রের রাজস্ব ও ঋণব্যবস্থা পুঁজিতান্ত্রিক সম্পদ বণ্টনের বাইরে দাঁড়িয়ে থাকা কোনো নিরপেক্ষ ব্যবস্থা নয়; রাষ্ট্রের অর্থব্যবস্থাও সম্পদ ও ক্ষমতার সামাজিক সম্পর্কের অংশ (Marx, 1867/1976)। পরে জেমস ও’কনর দেখিয়েছেন, পুঁজিতান্ত্রিক রাষ্ট্রকে একই সঙ্গে দুই ধরনের চাপ সামলাতে হয়Ñ একদিকে পুঁজি সঞ্চয়ের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা, অন্যদিকে সামাজিক বৈধতা বজায় রাখতে জনগোষ্ঠীর বিভিন্ন অংশকে আয়, সেবা ও নিরাপত্তা দেওয়া। এই দুই দাবির সংঘর্ষ থেকেই রাষ্ট্রের ‘রাজস্ব সংকট’ বা আর্থিক সংকট তৈরি হয় (O’Connor, 1973)। বাংলাদেশের নতুন বেতনকাঠামোকে এই দিক থেকেও দেখা দরকার। সরকার প্রশাসনিক যন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রা রক্ষা করতে চাইছে, কিন্তু যে উৎপাদনব্যবস্থার ওপর দাঁড়িয়ে এই প্রশাসন চালাতে হবে, সেই উৎপাদনব্যবস্থা নিজেই যারপরনাই দুর্বল ও অক্ষম।
বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র তার পরিষ্কার নজির। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত হিসাবে বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র প্রায় ২১.২২ শতাংশ; ২০২৬-২৭ সালে সরকারও মাত্র ২১.৩৩ শতাংশ আশা করছে। অর্থাৎ বড় কোনো বিনিয়োগ উল্লম্ফন সরকারের নিজের পূর্বাভাসেও নাই। অন্যদিকে জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা, খেলাপি ঋণ এবং উচ্চ সুদের পরিবেশ উৎপাদন ও নতুন কর্মসংস্থানকে বাধাগ্রস্ত করছে। ডিসেম্বর ২০২৫ নাগাদ খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকার বেশি, মোট ঋণের প্রায় ৩০.৬ শতাংশে পৌঁছেছিল বলে সাম্প্রতিক বাজেট বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের প্রশাসনিক ব্যয় বাড়ছে এমন সময়ে, যখন রাষ্ট্রের সেই ব্যয় বহন করার বস্তুগত ভিত্তিÑ উৎপাদন, বিনিয়োগ ও নতুন আয়Ñ সমান গতিতে বাড়ছে না।
এখন মূল্যস্ফীতির প্রশ্ন আসে। অনেকেই বলবেন, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করলে বাজারে দাম দ্বিগুণ হয়ে যাবে। এটা অসম্ভব নয়, তবে যারা অর্থনীতি বোঝেন, তারা বলবেন এই যুক্তি অতিসরল। কেইনসীয় অর্থনীতি আমাদের শেখায়, অর্থনীতিতে যদি অব্যবহৃত উৎপাদনক্ষমতা ও বেকার শ্রম থাকে, সরকারি ব্যয় বাড়লে চাহিদা বাড়ে, সেই চাহিদা নতুন উৎপাদন ও কর্মসংস্থানও বাড়াতে পারে। ফলে সব বাড়তি ব্যয় মূল্যস্ফীতিতে পরিণত হয় না (Keynes, 1936)। কিন্তু বাংলাদেশের সমস্যাটা আসলে কোথায়? বাংলাদেশে সমস্যা হচ্ছে, বাড়তি চাহিদার সঙ্গে সরবরাহ বাড়ানোর ক্ষমতা দুর্বল। অর্থাৎ মানুষের হাতে টাকা এলে চাহিদা যদি বাড়েও, সেই চাহিদা পূরণ করবার জন্য উৎপাদন বা বিনিয়োগ খাত তৈরি নাই। আমরা রপ্তানিমুখী উন্নয়ন নীতির নামে এমন এক অর্থনীতি গড়ে তুলেছি, যার প্রধান কাজ দেশে ও বিদেশে সস্তা শ্রম বেচাবিক্রি করা, নিজেদের উৎপাদনব্যবস্থার বিকাশ বা বিনিয়োগের ক্ষেত্র শক্তিশালী করার নীতি আমরা গ্রহণ করিনি। ক্ষমতাসীন সরকারের পক্ষে হঠাৎ আগ থেকেই তৈরি অর্থনৈতিক ফাঁদ বা বিকল উন্নয়নের গহ্বর থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনাই নাই। সরকারি কর্মচারীর হাতে বাড়তি টাকা এলে তিনি বেশি মাছ, মাংস, ডিম, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পরিবহন, মোবাইল, আসবাব বা অন্য পণ্য কিনবেন। এই চাহিদার জবাবে বাংলাদেশের কৃষক ও শিল্প যদি বেশি পণ্য উৎপাদন করতে পারে, তাহলে বেতন বৃদ্ধি স্থানীয় উৎপাদনে ইতিবাচক গুণিতক প্রভাব ফেলতে পারে। দোকানির বিক্রি বাড়বে, কারখানার অর্ডার বাড়বে, কর্মসংস্থান বাড়তে পারে। কিন্তু বাস্তবতা দেখুন : যদি গ্যাস না থাকার কারণে কারখানা উৎপাদন বাড়াতে না পারে, বিদ্যুৎ অনিশ্চিত থাকে, ব্যাংক ঋণ না দেয়, কৃষির খরচ বাড়ে এবং একই সঙ্গে আমদানি ব্যয়বহুল হয়, তাহলে বাড়তি টাকা একই পরিমাণ পণ্যের পেছনে ছুটবে। তখন দাম বাড়বে।
এই জন্য বাংলাদেশের মূল্যস্ফীতিকে শুধু ‘অতিরিক্ত টাকা’ দিয়ে ব্যাখ্যা করলে ভুল হবে। নীতিনির্ধারকদেরও কাণ্ডজ্ঞান থাকতে হবে। এ দেশের মূল্যস্ফীতির বড় অংশই গাঠনিকÑ জ্বালানি, পরিবহন, আমদানি ব্যয়, বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ, দুর্বল প্রতিযোগিতা, উৎপাদনের বাধা এবং সরবরাহ ব্যবস্থার সমস্যার সঙ্গে যুক্ত। ২০২৬-২৭ বাজেট ৭.৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য ধরেছে, কিন্তু অর্থনীতিবিদরা কম-বেশি জানেন এবং অনেকে ইতোমধ্যে সতর্ক করেছেন যে বড় সরকারি ব্যয় বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতি কমানোর কঠোর মুদ্রানীতি পরস্পর সংঘর্ষে যেতে পারে। নতুন বেতনকাঠামোর জন্য চলতি অর্থবছরেই অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনাও সেই আশঙ্কার অংশ।
সরকার সম্ভবত এই কারণেই বেতন বৃদ্ধিটা একবারে দিচ্ছে না। মূল বেতন তিন ধাপে এবং ভাতা ২০২৮ সালে চালুর সিদ্ধান্ত আসলে অর্থনৈতিক ধাক্কাকে সময়ের মধ্যে ভাগ করার চেষ্টা। কিন্তু ধাপে ভাগ করলে সমস্যা বিলুপ্ত হয় না। শুধু ধীরে আসে। তবে ইনসাফ ও নিম্নবিত্তের সরকারি কর্মচারীদের প্রয়োজনে নিচের বা ২০তম গ্রেডের বেতন বাড়ানোর ধাপ আগে করা সঠিক পদক্ষেপ হতে পারে বলে আমরা মনে করি। এতে অর্থনৈতিক ধাক্কা কম হতে পারে। নিম্নবিত্তের সরকারি কর্মচারীদের প্রতি সরকারে সুবিবেচনার রাজনৈতিক সুফলও বিএনপি পেতে পারে।
আর যদি রাজস্ব ঘাটতি পূরণ করতে সরকার ব্যাংক থেকে বিপুল ঋণ নেয়, নতুন সমস্যা দেখা দেবে। সরকার যখন দেশীয় ব্যাংক থেকে বেশি টাকা ধার করে, তখন একই টাকা নিয়ে সরকার ও বেসরকারি উদ্যোক্তার মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে। অর্থনীতিতে একে বেসরকারি ঋণকে ঠেলে সরিয়ে দেওয়া বা ‘ক্রাউডিং আউট’ (crowding out) বলা হয়। ব্যাংক যদি নিরাপদে সরকারকে ঋণ দিয়ে ভালো সুদ পায়, তাহলে ঝুঁকি নিয়ে নতুন কারখানা বা ছোট উদ্যোক্তাকে ঋণ না-ও দিতে পারে বা ঋণ দেবার আগ্রহ কমে যাবার সম্ভাবনা তৈরি হয়। সংসদেও ইতোমধ্যে এই আশঙ্কা তোলা হয়েছেÑ রাজস্ব লক্ষ্যমাত্রা ব্যর্থ হলে সরকারের ব্যাংকঋণ বাড়বে এবং বেসরকারি খাতের ঋণ সংকুচিত হতে পারে।
এর মানে দাঁড়ায় এক ধরনের দুষ্টচক্র : উৎপাদন দুর্বল বলে রাজস্ব কম; রাজস্ব কম বলে সরকার ঋণ নেয়; সরকার বেশি ঋণ নিলে বেসরকারি উৎপাদক ঋণের সংকটে পড়ে; বিনিয়োগ কমলে উৎপাদন ও কর্মসংস্থান দুর্বল থাকে; ফলে আবার রাজস্ব বাড়ে না।
আর কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন টাকা সৃষ্টি করে বেতন দেওয়া হলে বিপদ আরও সরাসরি। উৎপাদন না বাড়িয়ে মুদ্রার পরিমাণ বাড়ালে টাকার ক্রয়ক্ষমতা কমতে পারে। সরকারি কর্মচারী তখন কাগজে বেশি টাকা পেলেও বাজারদর বেড়ে তার একটা অংশ ফের হারাবেন। কিন্তু যার বেতন বাড়লই না, তিনি আরও গরিব হবেন। মূল্যস্ফীতি এই কারণে অনেক সময় এক ধরনের অদৃশ্য কর। রাষ্ট্র আলাদা করে কারও কাছ থেকে কর আদায় করে না, কিন্তু টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার মাধ্যমে মানুষের পকেট থেকে সম্পদ সরে যায়। আর এই ‘মূল্যস্ফীতি কর’ সবচেয়ে বেশি আঘাত করে সেই মানুষকে, যার সঞ্চয় কম, দরকষাকষির ক্ষমতা কম এবং মজুরি দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে না। এখানেই সরকারি ও বেসরকারি শ্রমিকের প্রশ্ন বিশেষ রাজনৈতিক গুরুত্ব পায়।
বাংলাদেশের শ্রমশক্তির বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি চাকরিতে নাই। তারা কৃষিতে, তৈরি পোশাক শিল্পে, নির্মাণে, পরিবহনে, দোকানে, হোটেল-রেস্তোরাঁয়, ক্ষুদ্র কারখানায়, গৃহকর্মে কিংবা নানা অনানুষ্ঠানিক পেশায় কাজ করেন। তাদের অধিকাংশের চাকরির স্থায়িত্ব নাই, নিশ্চিত বার্ষিক বেতন বৃদ্ধি নাই, সরকারি পেনশন নাই, বাসাভাড়া ভাতা নাই, চিকিৎসা ভাতা নাই। বাজারদর বাড়লে তাদের মজুরি স্বয়ংক্রিয়ভাবে বাড়ে না।
সরকার এখন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সঠিকভাবেই স্বীকার করছে যে, মূল্যস্ফীতি মানুষের প্রকৃত আয় খেয়ে ফেলে এবং জীবনযাত্রার ব্যয় বাড়লে বেতন সমন্বয় দরকার। কিন্তু এই যুক্তি যদি একজন সরকারি কর্মচারীর জন্য সত্য হয়, একজন পোশাকশ্রমিকের জন্য কেন সত্য হবে না? একজন বেসরকারি স্কুলশিক্ষক, সংবাদকর্মী, দোকানকর্মী, নির্মাণশ্রমিক বা পরিবহন শ্রমিকের জন্য কেন সত্য হবে না? এই প্রশ্নের উত্তর ‘ওরা সরকারি কর্মচারী নয়’ হতে পারে না। কারণ বাজারদর সরকারি ও বেসরকারি মানুষ দেখে বাড়ে না।
ফলে নতুন বেতনকাঠামো বাংলাদেশের মজুরি-রাজনীতিতে একটা দ্বৈত সমাজ তৈরির ঝুঁকি বাড়ায়। একদিকে রাষ্ট্রীয় চাকরির মানুষ, যাদের আয়কে সরকার আইন ও বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করছে; অন্যদিকে বিপুল বেসরকারি ও অনানুষ্ঠানিক শ্রমশক্তি, যাদের আয় বাজার ও মালিকের দরকষাকষির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
দাবি করা হয় এর একটা পরোক্ষ ভালো প্রভাব নাকি হতে পারে। সরকারি চাকরির বেতন দ্রুত বাড়লে বেসরকারি খাতেও দক্ষ কর্মী ধরে রাখার জন্য বেতন বাড়ানোর চাপ আসবে। শ্রমবাজারে সরকারি চাকরি তুলনামূলক আকর্ষণীয় হয়ে উঠলে প্রকৌশলী, হিসাবরক্ষক, প্রযুক্তিবিদ, চিকিৎসক বা অন্য দক্ষ পেশাজীবী ধরে রাখতে বেসরকারি প্রতিষ্ঠানকে বেশি বেতন দিতে হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেসরকারি খাত সেই বেতন দেওয়ার অবস্থায় আছে কি না। বিনিয়োগ যখন স্থবির, জ্বালানি সংকট চলছে এবং ঋণের খরচ বেশি, তখন বড় প্রতিষ্ঠান কিছুটা বেতন বাড়াতে পারলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠান পারবে না। তারা হয় নতুন নিয়োগ কমাবে, নয়তো শ্রমিক ছাঁটাই করবে, নয়তো পণ্যের দাম বাড়িয়ে বাড়তি মজুরির বোঝা ভোক্তার ওপর চাপাবে। অর্থাৎ সরকারি বেতন বৃদ্ধি নিজে থেকেই সার্বিক মজুরি ন্যায় প্রতিষ্ঠা করবে না। এটা নীতিনির্ধারকদের কাছে পরিষ্কার থাকতে হবে।
এই জায়গায় রাষ্ট্রকে জাতীয় মজুরি-নীতির কথা ভাবতে হবে। সরকারি কর্মচারীর বেতন প্রতি দশ-এগারো বছর পর একলাফে দ্বিগুণ করার বদলে নিয়মিত মূল্যস্ফীতি ও উৎপাদনশীলতার সঙ্গে সমন্বয় করা দরকার। একই সঙ্গে বেসরকারি খাতেও একটি কার্যকর জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো, খাতভিত্তিক মজুরি কমিশন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরি পর্যালোচনার ব্যবস্থা দরকার। তা না হলে রাষ্ট্র নিজের কর্মচারীদের জন্য এক ধরনের সামাজিক নাগরিকত্ব তৈরি করবে, আর বাকি শ্রমজীবী জনগণকে বাজারের হাতে ছেড়ে দেবে।
পেনশনের ক্ষেত্রেও একই প্রশ্ন। নতুন কাঠামোয় নিচের পেনশনভোগীরা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছেন। মাসে ৯ হাজার টাকা বা তার কম পেনশন পাওয়া মানুষের পেনশন শতভাগ বাড়ানোর সিদ্ধান্ত সামাজিক ন্যায়ের বিচারে ইতিবাচক। কিন্তু প্রশ্ন আবারও একই: সারা জীবন ক্ষেতখামারে কাজ করা কৃষক, রিকশাচালক, গার্মেন্ট শ্রমিক বা গৃহকর্মী বৃদ্ধ হলে তার বার্ধক্যের নিরাপত্তা কোথায়? রাষ্ট্রীয় চাকরি করলেই বার্ধক্য রাষ্ট্রের দায়িত্ব, আর রাষ্ট্রের বাইরে কাজ করলে বার্ধক্য ব্যক্তিগত বিপদÑ এই ধারণা গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রের নীতি হতে পারে না।
অতএব ‘এক গ্রেড এক পেনশন’-এর পাশাপাশি আমাদের আরও বড় প্রশ্ন তুলতে হবেÑ সর্বজনীন বার্ধক্য নিরাপত্তা কবে?
শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ওপর সম্ভাব্য চাপও এখানেই গুরুত্বপূর্ণ। সরকার এ বছর শিক্ষা ও স্বাস্থ্য খাতে আগের তুলনায় বড় বরাদ্দ দিয়েছে, যা ইতিবাচক। কিন্তু নতুন বেতনকাঠামোর বার্ষিক বাড়তি ব্যয় স্বাস্থ্য বরাদ্দের চেয়েও অনেক বেশি। যদি রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হয়, অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত কোথায় কাঁচি চালাবে? বাংলাদেশের বাজেটের অভিজ্ঞতায় উন্নয়ন ব্যয় কাটাই সবচেয়ে সহজ। চলতি বছরের আগের দশ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন মাত্র প্রায় ৪০.৭ শতাংশ ছিল বলে অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন। অর্থাৎ কাগজে উন্নয়ন বরাদ্দ রাখা আর প্রকৃতপক্ষে হাসপাতাল, বিদ্যালয়, বিদ্যুৎ, সেচ বা অবকাঠামো তৈরি হওয়া এক কথা নয়।
বেতন-পেনশন একবার আইনগত ও প্রশাসনিক দায় হয়ে গেলে তা দেওয়া প্রায় বাধ্যতামূলক। কিন্তু নতুন হাসপাতাল নির্মাণ, ওষুধ কেনা, স্কুল সংস্কার, গবেষণা, কৃষি সহায়তা বা উন্নয়ন প্রকল্প পিছিয়ে দেওয়া অপেক্ষাকৃত সহজ। রাজস্ব ঘাটতি দেখা দিলে তাই স্থায়ী বেতন-পেনশনকে বাঁচাতে গিয়ে উন্নয়ন ও সামাজিক খাতের বাস্তব ব্যয় সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে।
এখানেই রাষ্ট্রীয় ব্যয়ের ভিন্ন প্রকৃতি বুঝতে হবে। একজন সরকারি কর্মচারীকে বেতন দেওয়া দরকার; সেটা রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় খরচ। কিন্তু একটা গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, সেচব্যবস্থা বানানো, শিশুদের পুষ্টি দেওয়া কিংবা কারিগরি শিক্ষা তৈরি করা একই ধরনের ব্যয় নয়। এই দ্বিতীয় ধরনের ব্যয় সমাজের ভবিষ্যৎ উৎপাদনক্ষমতা বাড়ায়। অর্থনীতির ভাষায় মানুষের সক্ষমতা, অবকাঠামো ও উৎপাদনশীল শক্তি তৈরি করে।
রাষ্ট্র যদি বর্তমান প্রশাসনিক ভোগের খরচ বাড়াতে গিয়ে ভবিষ্যতের উৎপাদনক্ষমতা তৈরির খরচ কমায়, তাহলে সে নিজের পায়ের নিচের মাটিই কাটে।
এই কারণে নতুন বেতনকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশ্ন হচ্ছেÑ এর সঙ্গে উৎপাদননীতি কোথায়?
ক্যালেকি দেখিয়েছিলেন, সরকারি ব্যয়কে শুধু ব্যয় হিশাবে বিচার করা যায় না; দেখতে হয় সেই ব্যয় উৎপাদন, কর্মসংস্থান এবং বিভিন্ন শ্রেণির আয়-বণ্টনে কী পরিবর্তন ঘটায় (Kalecki, 1943)। বাংলাদেশের নতুন বেতনকাঠামোর ক্ষেত্রেও সেটাই পরীক্ষা। ১ লাখ কোটি টাকা বাড়তি আয় যদি দেশীয় খাদ্য, পোশাক, গৃহনির্মাণ, ক্ষুদ্র শিল্প, পরিবহন ও সেবার চাহিদা বাড়িয়ে নতুন উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি করে, তাহলে তার একটা ইতিবাচক অর্থনৈতিক ফল হবে। কিন্তু সেই একই টাকা যদি জমির দাম, ফ্ল্যাট, আমদানি করা গাড়ি, বিদেশি পণ্য, বিদেশ ভ্রমণ বা অনুৎপাদনশীল সম্পত্তি কেনায় বেশি চলে যায়, তাহলে অর্থনীতির উৎপাদনক্ষমতার তুলনায় সম্পদের দাম ও আমদানি চাহিদা বাড়বে।
আর তাই রাষ্ট্রীয় বেতননীতি উৎপাদননীতি ছাড়া টেকসই হতে পারে না।
বাংলাদেশের আজকের সংকট মূলত টাকার সংকট নয়; উৎপাদনক্ষমতার সংকট। ব্যাংকে বিপুল খেলাপি ঋণ, জ্বালানি অনিশ্চয়তা, শিল্পে গ্যাস সংকট, কম বেসরকারি বিনিয়োগ, দুর্বল কর-জিডিপি অনুপাত এবং বিপুল অনানুষ্ঠানিক শ্রমবাজারÑ এসব মিলে রাষ্ট্রের রাজস্বভিত্তি দুর্বল। এই কাঠামো বদল না করে শুধু রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন বাড়ানো মানে দুর্বল গাছের ডালে আরও ভার ঝুলিয়ে দেওয়া।
তাহলে কী করা উচিত?
এক. সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন বৃদ্ধি বহাল রাখতে হবে, বিশেষ করে নিচের গ্রেডের মানুষের বাস্তব আয় রক্ষা করতে হবে। কিন্তু এর অর্থায়ন ভ্যাট ও সাধারণ মানুষের ভোগের ওপর অতিরিক্ত কর চাপিয়ে করা যাবে না।
দুই. বড় আয়, সম্পদ, নগর জমি ও মূল্যবান সম্পত্তি, পুঁজিগত লাভ এবং বিভিন্ন ধরনের সম্পদ সঞ্চয়ের ওপর কার্যকর প্রগতিশীল করের ব্যবস্থা করতে হবে। কর ফাঁকি, অবৈধ অর্থ পাচার এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে করছাড় নেওয়ার ব্যবস্থা ভাঙতে হবে। লক্ষণীয় যে ২০২৬-২৭ বাজেটে নানা সামাজিক খাত বাড়লেও সম্পদ করের নির্বাচনী প্রতিশ্রুতি স্পষ্টভাবে বাস্তবায়িত হয়নি বলে সমালোচনা উঠেছে।
তিন. নতুন বেতনকাঠামোর অর্থ জোগাতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, সামাজিক সুরক্ষা বা উৎপাদনশীল বিনিয়োগের বরাদ্দ কাটা যাবে না। বরং এগুলোর বাস্তব ব্যয় নিশ্চিত করতে হবে।
চার. সরকারি বেতনকে পর্যায়ক্রমিক মূল্যস্ফীতি সমন্বয়ের নিয়মে আনতে হবে। দশ বছর অপেক্ষা করে একবারে শতভাগ বৃদ্ধির পদ্ধতি অর্থনীতি ও প্রশাসনÑ দুই দিক থেকেই অযৌক্তিক।
পাঁচ. বেসরকারি শ্রমিকের জন্যও মজুরি সমন্বয়ের জাতীয় প্রতিষ্ঠান দরকার। মূল্যস্ফীতি যদি সরকারি কর্মচারীর বেতন বাড়ানোর যথেষ্ট যুক্তি হয়, তাহলে একই মূল্যস্ফীতি বেসরকারি শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়ানোরও যুক্তি।
ছয়. বেতন বাড়ানোর সঙ্গে জনসেবার মানের প্রশ্ন যুক্ত করতে হবে। বেশি বেতন দুর্নীতি কমাবে, প্রশাসন দক্ষ করবে এবং জনসেবা বাড়াবেÑ সরকার যদি এই যুক্তি দেয়, তাহলে জনগণেরও জিজ্ঞাসার অধিকার আছে: ভূমি অফিসে ঘুষ কমল কি? হাসপাতালে সেবা ভালো হলো কি? থানায় হয়রানি কমল কি? বিদ্যালয়ে শিক্ষার মান বাড়ল কি? সরকারি কাজে সময় কমল কি?
বেতন বৃদ্ধি কোনো পুরস্কার নয়; রাষ্ট্রীয় শ্রমের ন্যায্য মূল্য। কিন্তু সেই শ্রমের সামাজিক দায়ও আছে।
সবশেষে এই বিতর্ক আমাদের রাষ্ট্রের শ্রেণিগত চরিত্রের প্রশ্নে নিয়ে যায়। ‘সরকারি কর্মচারী বনাম জনগণ’Ñ এভাবে সমস্যাটা দেখা ভুল। একজন বিশতম গ্রেডের কর্মচারী এবং একজন উচ্চপদস্থ আমলা একই অর্থনৈতিক অবস্থানে নাই। সরকারি কর্মচারীদের বিরাট অংশ নিজেরাও শ্রমজীবী মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত। অতএব তাদের ন্যায্য বেতনকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।
আসল প্রশ্ন হলো, রাষ্ট্র কাদের জীবনযাত্রার সংকটকে নিজের সংকট বলে স্বীকার করে।
সরকার একজন সরকারি কর্মচারীকে বলছে, তোমার চাল-ডাল-বাসাভাড়া বেড়েছে, তাই তোমার আয় বাড়ানো রাষ্ট্রের দায়িত্ব। এই স্বীকৃতি সঠিক। কিন্তু একই রাষ্ট্র যদি একজন গার্মেন্ট শ্রমিক, রিকশাচালক, কৃষিশ্রমিক, বেসরকারি শিক্ষক অথবা ক্ষুদ্র দোকানকর্মীকে বলে, তোমার বাজারদর বেড়েছে, সেটা মালিক আর বাজারের ব্যাপার; তাহলে এখানেই রাষ্ট্রের শ্রেণিগত পক্ষপাত পরিষ্কার হয়ে ওঠে।
আর যদি সেই সরকারি বেতন বৃদ্ধির টাকা আবার ওই শ্রমিকের দেওয়া ভ্যাট, বাড়তি বিদ্যুৎ-গ্যাসের দাম, জ্বালানি কর এবং মূল্যস্ফীতির মাধ্যমে আদায় করা হয়, তাহলে দ্বিগুণ অন্যায় ঘটে। যার আয় বাড়ে নাই, সে অন্যের বেতন বৃদ্ধির খরচও বহন করে।
সুতরাং নতুন জাতীয় বেতনকাঠামোর বিরুদ্ধে দাঁড়ানো রাজনৈতিক কাজ নয়। বরং এই বেতনকাঠামোকে উপলক্ষ করে আরও বড় দাবি তুলতে হবেÑ কেন শুধু সরকারি কর্মচারীর মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বিত হবে? কেন সকল শ্রমজীবীর নয়? কেন শুধু সরকারি চাকরিজীবীর বার্ধক্য রাষ্ট্রের দায়িত্ব হবে? কেন সকল নাগরিকের নয়? কেন বেতন-পেনশনের স্থায়ী দায় রাষ্ট্র সহজে নেয়; অথচ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে প্রায়ই অবশিষ্ট অর্থের ওপর ছেড়ে দেয়?
এই প্রশ্নগুলোর উত্তর শেষ পর্যন্ত বাজেটের অঙ্কে পাওয়া যাবে না। পাওয়া যাবে ক্ষমতার সম্পর্কে।
কারণ বাজেট আসলে রাষ্ট্রের রাজনৈতিক দর্শনের সবচেয়ে নগ্ন দলিল। বক্তৃতায় সরকার যা-ই বলুক, বাজেট বলে দেয় কার কাছ থেকে রাষ্ট্র টাকা নিতে সাহস করে এবং কার জন্য সেই টাকা খরচ করতে বাধ্য বোধ করে।
বাংলাদেশের সামনে তাই পছন্দটা পরিষ্কার। একদিকে এমন রাষ্ট্র, যে দুর্বল উৎপাদনভিত্তির ওপর ক্রমশ ভারী প্রশাসনিক ব্যয় চাপাবে, ভ্যাট ও ঋণের মাধ্যমে তার খরচ তুলবে এবং মূল্যস্ফীতির বোঝা সাধারণ মানুষের দিকে ঠেলে দেবে। অন্যদিকে এমন রাষ্ট্র, যে উৎপাদনশীল জাতীয় অর্থনীতি গড়ে তুলবে, লুটেরা ও অনুৎপাদনশীল সম্পদ সঞ্চয়ের ওপর কর বসাবে, পুঁজি পাচার ও কর ফাঁকি ঠেকাবে, শ্রমের আয় বাড়াবে এবং শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি ও বার্ধক্য নিরাপত্তাকে সর্বজনীন সামাজিক অধিকার হিশাবে প্রতিষ্ঠা করবে।
দ্বিতীয় পথেই সরকারি কর্মচারীর ন্যায্য বেতন জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না; জনগণের সামগ্রিক জীবনমান উন্নয়নের অংশ হবে।
অতএব ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকার প্রশ্ন শেষ পর্যন্ত ‘সরকার এই টাকা কোথা থেকে পাবে’Ñ শুধু এই হিসাবের প্রশ্ন নয়। আরও মৌলিক প্রশ্ন হচ্ছেÑ এই অর্থ কে উৎপাদন করছে, রাষ্ট্র কার কাছ থেকে তা সংগ্রহ করছে, কার হাতে ফিরিয়ে দিচ্ছে এবং এই বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার রাজনৈতিক ক্ষমতা কার হাতে আছে।
বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির কেন্দ্রীয় প্রশ্ন সেখানেই: জনগণ শুধু রাষ্ট্রের খরচ বহন করবে নাকি জনগণই রাষ্ট্রীয় সম্পদ বণ্টনের নীতি ও অগ্রাধিকার নির্ধারণ করবে?