মোটর সাইকেল। ছবি: সংগৃহীত
জরিমানা ছাড়াই মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে জরিমানা ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের কাগজপত্র হালনাগাদ করা যাবে
এর মধ্যে রয়েছে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট। একইভাবে ড্রাইভিং লাইসেন্সও হালনাগাদ করার সুযোগ থাকছে।
বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকেরা প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে নিতে পারবেন।
এ সুযোগকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।