ঢাকায় বাড়ি বাড়ি গণহারের এসব গ্যারেজ এখন মোটরসাইকেল চোরচক্রের জন্য হয়ে উঠছে সহজ টার্গেট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার প্রায় বেশিরভাগ বাড়িতেই এখন গড়ে উঠেছে গ্যারেজ। নিরাপত্তা নিশ্চিত না করেই ভাড়া দেওয়া হচ্ছে আবাসিক ভবনের নিচতলা কিংবা খোলা পার্কিং স্পেস। যেখানে মাসিক ৮০০ থেকে ১ হাজার টাকা ভাড়ায় রাখা হচ্ছে মোটরসাইকেল।
প্রায় সব বাড়ির মালিকরাই জড়িয়েছেন এই বাণিজ্যে। কিন্তু টাকা নেওয়ার বিপরীতে অধিকাংশ বাড়ির মালিকই দিচ্ছেন না রসিদ, চুক্তিপত্র, প্রবেশ-বহির্গমনের হিসাব কিংবা নিরাপত্তার নিশ্চয়তা। কোথাও কোথাও সিসিটিভি থাকলেও তাতে নেই সার্বক্ষণিক নজরদারি।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশও (ডিএমপি) এসব গ্যারেজের নিরাপত্তা নিয়ে উদাসীন। উল্টো নিরাপত্তার দায়িত্ব বাড়ির মালিকদের ওপর চাপিয়ে এখন পর্যন্ত এসব গ্যারেজ নিয়ে কোনোরকম পরিকল্পনাও করেনি সংস্থাটি।
এই সুযোগে পুরো ঢাকায় বাড়ি বাড়ি গণহারের এসব গ্যারেজ এখন মোটরসাইকেল চোরচক্রের জন্য হয়ে উঠছে সহজ টার্গেট।
অন্যদিকে কোনো মোটরসাইকেল চুরি হলে বিপদ আরও বাড়ে। গ্যারেজে বাইক রাখার টাকা দিয়েও মালিকের কাছ থেকে রসিদ না পাওয়ায় ভুক্তভোগীর হাতে থাকে না কোনো প্রমাণ। চুরির ঘটনার দায় নিতে চায় না মালিকপক্ষও। এর সঙ্গে যোগ হয়েছে থানায় মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ। অর্থাৎ টাকা দিয়ে যেখানে নিরাপত্তা কেনার কথা, সেখানেই চুরি হলে নিরাপত্তা নেই, দায় নেই; মামলা করতেও ভোগান্তি। সর্বশেষ এ বাস্তবতাকেই সামনে এনেছে রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় একটি বাড়ির গ্যারেজ থেকে একই রাতে হওয়া তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা।
এক গ্যারেজ থেকে তিন বাইক
পশ্চিম শেওড়াপাড়ার ৬৫২ নম্বর ‘গোলাপবানু টাওয়ার’-এর গ্যারেজ থেকে গত ১৬ আগস্ট রাত ১১টা থেকে ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টার মধ্যে তিনটি মোটরসাইকেল চুরি হয়। প্রতিদিনের মতো ভুক্তভোগীরা গ্যারেজে বাইকগুলো রেখে গিয়েছিলেন। সকালে এসে দেখেন গ্যারেজ ফাঁকা। চুরি হওয়া তিনটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৯৭ হাজার টাকা। এর মধ্যে সাংবাদিক শিমুল হোসাইনের সোয়া দুই লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেলও রয়েছে। এ ঘটনায় শিমুল হোসাইন বাদী হয়ে মিরপুর মডেল থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গ্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান মো. আব্দুল মান্নান ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন এবং চুরির পর থেকে তাকে আর কর্মস্থলে পাওয়া যাচ্ছে না। এজাহারে দারোয়ান আব্দুল মান্নানের পাশাপাশি বাড়ির মালিক নূর আলম, আকরাম ও আকবরের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতার সন্দেহের কথাও উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, দায় নেওয়ার পরিবর্তে মালিকপক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। অভিযোগ নিয়ে থানায় গেলেও পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। বাড়ির মালিককে মামলার আসামি করার কথা বলায় কিছুটা ক্ষিপ্তও হয়ে ওঠে। পরে দ্বিতীয় দফায় বিভিন্ন মহল থেকে ফোন করায় মামলা নেয় পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে চুরির সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত এবং মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।
গ্যারেজের ব্যবসা আছে, নিরাপত্তার পরিকল্পনা নেই
রাজধানীর এসব গ্যারেজের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্যারেজে কার বাইক রাখা হচ্ছে, কে কখন ঢুকছে বা বের হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই কোনো রেকর্ড নেই। রসিদ না থাকায় চুরির পর ভুক্তভোগীর সঙ্গে বাড়ির মালিকের দায়দায়িত্ব নিয়েও তৈরি হচ্ছে জটিলতা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাড়ি বাড়ি গ্যারেজ নিয়ে ডিএমপি কাজ করে না। এ বিষয়ে কোনো নির্দেশনা বা পরিকল্পনাও নেই। চুরির ঘটনা ঘটলে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিতে পারি।’ তার ভাষ্য, এসব গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাড়ির মালিকদেরই। অর্থাৎ রাজধানীতে বাড়ি বাড়ি গ্যারেজ তৈরি হলেও সেগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, নিরাপত্তা কেমন, মোটরসাইকেল মালিকদের তথ্য রাখা হচ্ছে কি নাÑ এসব বিষয়ে পুলিশের কোনো সমন্বিত পরিকল্পনা নেই।
যাত্রাবাড়ীর কাজলা এলাকার এক বাড়ির মালিক নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চুরি ঠেকাতে মোটরসাইকেলগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখার চেষ্টা করি। কোনো লিখিত চুক্তি না থাকলেও অনেকেই এখানে মোটরসাইকেল রাখেন। তবে এজন্য আমরা কোনো রসিদও দেই না। পুলিশও এ বিষয়ে কখনও কোনো নির্দেশনা দিয়েছে এমনটা জানা নেই।
চুরি হলে মামলা পেতেও ভোগান্তি
শুধু অনিরাপদ গ্যারেজই নয়, চুরির পর মামলা করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে ভুক্তভোগীদের। গত রমজানে তুরাগ এলাকার ব্যবসায়ী রাকিবুল হাসানের মোটরসাইকেল চুরি হলে তিনি থানায় মামলা করতে গিয়ে তা না পেরে অভিযোগ দিয়ে আসেন। উত্তরা পশ্চিমে ব্যবসায়ী রেজাউল করিমের চুরি হওয়া মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার থাকায় সেটির অবস্থান কোনাবাড়ীতে শনাক্ত হয়েছিল। তবুও পুলিশ মামলা নিয়ে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে পদক্ষেপ নিতে গড়িমসি করে।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, শুধু মোটরসাইকেল নয়, যেকোনো চুরির ঘটনায় অবশ্যই নিয়মিত মামলা নিতে হবে এবং উদ্ধার করতে হবে। যদি কোনো পুলিশ সদস্য মামলা নিতে গড়িমসি করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা বলছেন, সব মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয় না। যে কারণে মাসে কিংবা বছরে ঠিক কতটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে তার সঠিক পরিসংখ্যানও করা সম্ভব হয় না। তবে সকল যানবাহন সংক্রান্ত মামলার পরিসংখ্যান করা হয়।
চোরচক্রের টার্গেট অনিরাপদ পার্কিং
ডিএমপির গোয়েন্দা বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ দলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাজধানীতে মোটরসাইকেল চুরির অন্তত ১০টি চক্র সক্রিয়। এসব চক্রে সাধারণত পাঁচ থেকে ১০ জন সদস্য থাকে। চুরি করা মোটরসাইকেল ঢাকার বাইরে নিয়ে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়। অনেক ক্ষেত্রে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করায় উদ্ধারও কঠিন হয়ে পড়ে।