প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৭:০৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৮:৪৬ পিএম
সৌদি আরবের রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের মরদেহ নিয়ে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
নিহত ৯ জনের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি দুজনের একজন নাটোর ও অন্যজন রাজশাহীর। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করাহবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী, আত্রাই উপজেলার নিহত সাতজন হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমউদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।
এ ছাড়া নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মো. শ্যামল উদ্দিন মাশির মরদেহ শনাক্ত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, সরকারের পক্ষ থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সেখানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
গত ৯ আগস্ট রিয়াদের শিফা এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে দগ্ধ হয়ে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দিন রাতে কাজ শেষে শ্রমিকেরা কারখানার ভেতরেই ঘুমাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর কেউ বের হতে পারেননি। ফলে কারখানার ভেতরেই দগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়।
আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে প্রথম দফায় ৯ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হলেও বাকি সাতজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষার ফলাফল না আসায় তাদের মরদেহ এখনো দেশে পাঠানো সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আত্রাই উপজেলার নিহত মিনহাজের মা পারুল বিবি আহজারি করে বলেন, “হামার ছাওয়ালের লাশ নাকি শনাক্ত হয়নি, এজন্য পরে আসবে। সরকারের কাছে আবদার, হামার ছেলের লাশ য্যান দ্রুত নিয়ে আসে। শেষবারের মতো ছেলেটাক এক নজর দেখতে মন স্থির রাখতে পারোছি না।”
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিনা খরচে মরদেহগুলো বাড়িতে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাতের মধ্যে মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছাতে পারে। বাকি মরদেহগুলো শনাক্ত ও দেশে ফেরাতে প্রশাসনিক যোগাযোগ অব্যাহত রয়েছে।