× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকটে ১৭ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

বাকের আহমেদ খান, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৭:২৮ পিএম

২০২৫ সালের ১ মার্চ থেকে  আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২০২৫ সালের ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্যাস সংকটে গত ১৭ মাস ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন।

২০২৫ সালের ১ মার্চ থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন বিপুল পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে মরিচা ধরে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। একই সঙ্গে বাড়ছে সার আমদানির ওপর নির্ভরতা।

কারখানা সংশ্লিষ্টদের হিসাবে, প্রতি মাসে প্রায় ৩৩ হাজার টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি টন সার গড়ে ২৫ হাজার টাকা হিসাবে গত ১৭ মাসে প্রায় সাড়ে ৫ লাখ টন, অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকা মূল্যের সার উৎপাদন করা সম্ভব হয়নি।

১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে আশুগঞ্জ সার কারখানা। কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ১ হাজার ৬০০ টন। ২০১০ সালের আগে নিয়মিত উৎপাদন করে বছরে গড়ে ৪ থেকে ৫ লাখ টন ইউরিয়া সার উৎপাদন করত প্রতিষ্ঠানটি।

তবে ২০১০ সালের পর গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। এরপর থেকেই বছরের বড় একটি সময় বন্ধ থাকছে আশুগঞ্জ সার কারখানা। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি।

কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার বলেন, “গ্যাস সংকটের কারণে টানা ১৬ বছর ধরে বিসিআইসির উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না কারখানাটি। ২০২৩-২৪ অর্থবছরে এক লাখ টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৪৮ হাজার টন। ২০২৪-২৫ অর্থবছরে এক লাখ টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন নেমে আসে মাত্র সাড়ে ১৩ হাজার টনে”।


তিনি বলেন, “২০২৫-২৬ অর্থবছরে দেড় লাখ টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও গত ১৭ মাসে একদিনের জন্যও উৎপাদনে যেতে পারেনি কারখানাটি”।

কারখানা সংশ্লিষ্টরা জানান, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। যার বাজারমূল্য প্রায় পৌনে ৩ কোটি টাকা। চাহিদা পূরণে বাড়তি অর্থ ব্যয় করে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে, অন্যদিকে কৃষি খাতে উৎপাদন ব্যয়ও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মূল্যবান যন্ত্রপাতিও। আশুগঞ্জ সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন যন্ত্রাংশে মরিচা ধরে নষ্ট হচ্ছে। এতে শ্রমিক-কর্মচারীদের মধ্যেও ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে”।

তিনি বলেন, “গত কয়েক বছর ধরে কারখানার নিজস্ব মূলধন থেকে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটানো হচ্ছে। এভাবে চলতে থাকলে এক বছরের মধ্যে কারখানার মূলধনও শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উৎপাদন সক্ষম এই কারখানা দ্রুত চালুর জন্য গ্যাস সরবরাহ এবং নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে”।

কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রহমান বলেন, “গ্যাস সংকটের পাশাপাশি কারখানাটিকে দীর্ঘমেয়াদি উৎপাদন সক্ষমতায় ফেরাতে নতুন একটি সার কারখানা স্থাপন করা প্রয়োজন”।

এক হাজার টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন সার কারখানা স্থাপনের দাবি জানান তিনি।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (সঞ্চালন) প্রকৌশলী বাপ্পি হায়দার বলেন, “আমরা কোনো নির্দেশনা পাইনি। ওপরের মহল থেকে নির্দেশনা পেলে গ্যাস সরবরাহ দেওয়া হবে।”

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা ও চাঁদপুরসহ কমান্ডভুক্ত আট জেলায় সরবরাহ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এসব অঞ্চলের কৃষকদের সারের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে কারখানাটিতে দ্রুত গ্যাস সরবরাহ করে উৎপাদন চালুর বিকল্প নেই। পাশাপাশি ভবিষ্যতের চাহিদা বিবেচনায় আশুগঞ্জে আরও একটি সার কারখানা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা