তীব্র গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছবি: বাসস
তীব্র গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ময়মনিসংহ শিল্পাঞ্চলের শত শত কারখানা ও টেক্সটাইল মিল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা।
এতে রপ্তানি আদেশ হারানোর পাশাপাশি লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে পড়েছে। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন শত শত কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। এমন পরিস্থিতিতে অবিলম্বে শিল্পজোনে অগ্রাধিকারভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
নারায়ণগঞ্জ
গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে তৈরি হয়েছে তীব্র উৎপাদন সংকট। পর্যাপ্ত গ্যাস না থাকায় ডাইং কারখানাগুলোতে কাপড় উৎপাদন ব্যাহত হচ্ছে। আর ডাইং থেকে সময়মতো কাপড় না পাওয়ায় এর প্রভাব পড়ছে গার্মেন্টস কারখানাগুলোতেও। শিল্প মালিকদের দাবি, কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যাচ্ছে, আবার কোথাও কয়েক ঘণ্টা সরবরাহের পর বন্ধ হয়ে যাচ্ছে। এতে কোনো কোনো কারখানায় উৎপাদন ধীর হয়ে গেছে, আবার অনেক কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে ডাইং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত পুরো উৎপাদন ব্যবস্থায় সংকট আরও বাড়তে পারে। বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও এতে ব্যয় কয়েকগুণ বেড়ে যাচ্ছে। ফলে উৎপাদন কমার পাশাপাশি লোকসানের আশঙ্কাও বাড়ছে। গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য না থাকায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের শিল্প মালিকরা।
বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, নারায়ণগঞ্জে প্রায় এক হাজার গার্মেন্টস কারখানা রয়েছে। এর মধ্যে প্রায় ৫০০টি ফতুল্লা বিসিক এলাকায় এবং আরও প্রায় ৪৫০টি ডাইংসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। অধিকাংশ কারখানাই গ্যাসনির্ভর। গ্যাস না থাকায় ডাইং কারখানাগুলো বন্ধ থাকছে। এর প্রভাব পড়ছে গার্মেন্টসসহ পুরো শিল্প খাতে। গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় ৩০ থেকে ৪০ শতাংশ কারখানা ছুটিতে রাখা হয়েছে। অনেক কারখানায় কাজ বন্ধ রয়েছে, বলেন তিনি। গত দুই বছরে বিভিন্ন সংকটে নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ১২২টি কারখানা বন্ধ হয়েছে।
এদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারিকরণের উদ্যোগ বাতিল এবং বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
নরসিংদী
তৈরি পোশাক আর শিল্প কারখানার নগরী হিসেবে পরিচিত নরসিংদী। দেশের এই অন্যতম প্রধান বাণিজ্যিক ও শিল্পনগরীতেই দেখা দিয়েছে তীব্র গ্যাসের সংকট। প্রতিদিন জেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় অগ্রাধিকারভিত্তিতে গ্যাস সরবরাহ করায় কাঙ্ক্ষিত গ্যাসের প্রেশার পাচ্ছে না শিল্পকারখানাগুলো। এ পরিস্থিতিতে উৎপাদনে ধস নেমেছে সব শিল্পকারখানায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আগে সারকারখানাকে গ্যাস দেওয়া হচ্ছে।
স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ী নেতাদের সূত্রে জানা গেছে, জ্বালানির এই নজিরবিহীন শূন্যতার কারণে নরসিংদীর শিল্পজোনে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ শত কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। শত শত ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল এবং স্পিনিং মিলের উৎপাদন প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এতে সময়মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ ও কোটি কোটি ডলারের রপ্তানি আদেশ হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বড় উদ্যোক্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, কারখানায় কোনো উৎপাদন নেই, বিক্রি বন্ধ। এই অবস্থায় কোনো ফ্যাক্টরি মালিকের পক্ষেই শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন পরিশোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি ব্যাংকের মুনাফা, ইউটিলিটি বিলসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক খরচ মেটানোর কোনো পথ খোলা নেই। এই সমস্যা যদি দ্রুত সমাধান করা না হয়, তবে তা অচিরেই জনরোষে পরিণত হবে। সময়মতো বেতন না পেয়ে লাখ লাখ শ্রমিকের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে পারে। তারা অবিলম্বে শিল্পজোনে অগ্রাধিকারভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রাশিদুল হাসান জানান, গ্যাস না পাওয়া ছোট-বড় তিন শতাধিক শিল্পকারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা।
ময়মনসিংহ
ময়মনসিংহের শিল্পাঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। বর্তমানে এসব কারখানার প্রায় প্রতিটিই গ্যাস সংকটে ভুগছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সটাইল ও স্পিনিং মিলগুলো। তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের ২০টির অধিক শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিকালে তাদের ছুটি দেওয়া হয়। গতকাল শুক্রবারও কয়েকটি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়।
ভালুকার গ্লোরি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের ইউটিলিটি বিভাগের ব্যবস্থাপক সোহেল আহাম্মেদ বলেন, দেড় থেকে দুই মাস ধরে গ্যাসের চাপ কম। এতে উৎপাদন ৩-৪ শতাংশ কমেছে। তিতাস গ্যাসের ময়মনসিংহের ভালুকা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) শামীম হোসেন বলেন, ভালুকা এলাকায় ১৪০ ও ৫০ পিএসআইয়ের দুটি পৃথক লাইনে গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে সেখানে ৩০-৫০ পিএসআই গ্যাস পাওয়া যাচ্ছে। সরবরাহ কম পাওয়ায় গ্যাসের চাপ কমে গেছে। এর ভেতরেই সরবরাহ ব্যবস্থা চালিয়ে নিতে হচ্ছে।
গাজীপুর
শিল্পাঞ্চলজুড়ে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে কারখানাগুলো ব্যয়বহুল ডিজেলচালিত জেনারেটর চালাচ্ছে, গ্যাসনির্ভর ইউনিট বন্ধ রাখছে এবং সাধারণত মেশিনে করার কাজ হাতে করছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রপ্তানিকারকরা মূল্যছাড়, আর্থিক ক্ষতি এবং ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিতে পড়ছেন। শিল্পসংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গাজীপুরে নিবন্ধিত প্রায় ২৫০০টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৪০০টির বেশি কারখানা পুরোপুরি গ্যাসের ওপর নির্ভরশীল। টেক্সটাইল, ডাইং, ফিনিশিং, ডেনিম, নিটিং ও ওভেন ইউনিট চালাতে ৭ থেকে ৮ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। তবে অনেক কারখানায় গ্যাসের চাপ ২ পিএসআইয়ের নিচে নেমে গেছে। গত বৃহস্পতিবার অনেক কারখানার মিটারে চাপ প্রায় শূন্যও দেখা গেছে। এ অবস্থায় যেকোনো মুহূর্তে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।
সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন বলেন, এর আগে কখনও এই শিল্পকে এত বড় সংকটের মুখে পড়তে হয়নি। তিনি জানান, আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর ও ভালুকায় গ্যাসের চাপ প্রায়ই ১ পিএসআই বা তার নিচে নেমে যায়। অথচ কারখানা চালাতে প্রয়োজন ৫-৬ পিএসআই চাপ। উৎপাদন বন্ধ থাকলেও মালিকদের শ্রমিকদের বেতন পরিশোধ করে যেতে হচ্ছে। এতে প্রতিদিন ৫০ লাখ টাকা লোকসান হচ্ছে।
গাজীপুরে তিতাস গ্যাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ৪৫ শতাংশ ঘাটতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিতাস গ্যাসের গাজীপুর বিক্রয় বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম বলেন, কোনো কারখানা মালিক আনুষ্ঠানিকভাবে কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা জানাননি।