সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: ভিডিও থেকে
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না; দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে শনিবার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, তবে পুলিশের আরও কিছু কাজ বাকি রয়েছে, যা যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “সমাজ থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ডিএমপি ও দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে”।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল ও অন্যান্য কার্যক্রম জোরদার করা হবে। চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে। এতে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে”।
উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার (১৭ আগস্ট) হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় বর্তমানে ওই চিকিৎসক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।